
ড. কামাল হোসেনের জন্ম ১৯৩৭ সালের ২০ এপ্রিল। ১৯৫৭ সালে তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ১৯৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল সনদ লাভ করেন। লিংকনস ইনে বার-অ্যাট-ল অর্জনের পর আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি করেন ১৯৬৪ সালে। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন জাতিসংঘের স্পেশাল র্যাপার্টিয়ারের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।
প্রথম আলো l বর্তমান প্রেক্ষাপটে আগের মতো ভোট কারচুপির আশঙ্কা আর আছে কি?
ড. কামাল হোসেন l আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি নিরপেক্ষ কমিশন এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
প্রথম আলো l সংলাপ কতটা বাস্তবসম্মত?
ড. কামাল হোসেন l সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধানই বলছে জনগণই ক্ষমতার মালিক। প্রাচীন গ্রিসের মতো ১৬ কোটি মানুষ জড়ো হয়ে মতামত দিতে পারবে না। তাই প্রতিনিধিত্বশীল গণতন্ত্রই সত্যিকারের গণতন্ত্র। তাই একটি দল যেভাবে বলবে সেভাবে গণতন্ত্র হবে না।
প্রথম আলো l প্রকৃত প্রতিনিধিত্বশীলতা চাইলে তত্ত্বাবধায়ক সরকার বা ইসির অধীনে দলের মনোনয়নসংক্রান্ত নির্বাচনও হওয়া উচিত নয় কি?
ড. কামাল হোসেন l এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ’৮৬-তে মিডিয়া ক্যু, ভোট ডাকাতির পর আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইলাম। ’৮৮-এর নির্বাচন সবাই বর্জন করল। ’৯০ তে দাবি উঠল, আমরা সংসদীয় গণতন্ত্র চাই। আমি তখন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। তখনো প্রধান বিচারপতি পদে সবার আস্থাভাজন ব্যক্তি থাকতেন। বলা হয়েছিল, সেদিন সন্ধ্যা সাতটার মধ্যে যদি একটি গ্রহণযোগ্য নাম না পাওয়া যায়, তাহলে হয়তো দেশে মার্শাল ল আসবে। আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলাম। তিনি তা শুনে চরম বিস্ময় প্রকাশ করলেও আমরা সফল হয়েছিলাম।
প্রথম আলো l কিন্তু বিচার বিভাগের ক্ষতির বিনিময়ে আমরা তিনটি নির্বাচন পেয়েছি।
ড. কামাল হোসেন l ’৯১-তে আমরা আসলে খুব সরল মনে ভেবেছি, সংসদীয় গণতন্ত্র চললে একটা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে। নির্দলীয় সরকারের দাবি উঠবে তা ভাবিনি।
প্রথম আলো l কিন্তু মাগুরার একটি উপনির্বাচনের কারচুপি দেখেই কি নির্দলীয় সরকারের আন্দোলন ঠিক ছিল?
ড. কামাল হোসেন l মাগুরার উপনির্বাচন নয়, প্রকৃতপক্ষে ’৯৬-এর ফেব্রুয়ারির নির্বাচনের কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এসেছে। ৫ থেকে ১০ শতাংশের বেশি ভোটার ওই নির্বাচনে অংশ নেননি। এটাই প্রমাণ করল জনগণের ভূমিকা। তখন আমরা রাষ্ট্রপতিকে বললাম, আপনি একটা বিকল্প ব্যবস্থা নিন। যারা জয়ী হয়েছে, তারা তো ক্ষমতায় থাকতে পারে না। তখন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাও বলেছেন, রাষ্ট্রপতি, একটি বিকল্প ব্যবস্থা নিন। বিকল্প মানে অনির্বাচিত সরকার। সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নিতে একটি খসড়া চূড়ান্ত করেছিলাম। সেটা আদালতে দাখিল করার মুহূর্তে দুই দল আলোচনা শুরু করল।
প্রথম আলো l আমরা এখন সমঝোতা চাই। ‘৯৬ তে সেটা কী প্রক্রিয়ায় ঘটেছিল?
ড. কামাল হোসেন l কয়েকটি জায়গায় আলোচনা হয়েছিল। এর মধ্যে অধ্যাপক রেহমান সোবহানের বাসা ছিল অন্যতম। সেখানে বেশ কয়েকটি বৈঠক হয়, যাতে আমি অংশ নিয়েছিলাম। দুই দলের নেতারা ওই বাসায় এসেছেন। সেখানে একটা খসড়া তৈরি হয়েছিল। আওয়ামী লীগের একটি প্রশ্ন ছিল, যে সংসদ হয়েছে, তাকে তো আমরা মানি না। তারা কী করে একটি সংশোধনী আনবে? তখন অধ্যাপক আনিসুজ্জামান বললেন, এমন টেকনিক্যাল প্রশ্ন তোলা সমীচীন হবে না। যদি তারা ত্রয়োদশ সংশোধনী পাস করে সংসদ ভেঙে দেয়, তাহলে তা মেনে নেওয়া উচিত। সেটাই ঘটল।
প্রথম আলো l এখন নির্দিষ্ট করে বলুন, কার মাথা থেকে সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার ধারণাটি এল?
ড. কামাল হোসেন l এটা ইন্টারেস্টিং। তখন ’৯১-এর অভিজ্ঞতাটা ভেসে উঠল। প্রথমে ফর্মুলা এল রাষ্ট্রপতির হাতেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের এখতিয়ার ছেড়ে দেওয়া, নাকি সংবিধানে কিছু ইঙ্গিত দিয়ে দেওয়া হবে। তখন কথা এল, আমরা এখনই একমত হলে রাষ্ট্রপতিকে আর সময় নষ্ট করতে হবে না। বললাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি তো সবার আস্থা থাকে। আর সব সময় একজন সাবেক প্রধান বিচারপতি থাকবেন। তাই একটা নির্দেশনা থাকুক, রাষ্ট্রপতি গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধান করবেন।
প্রথম আলো l এর মানে ত্রয়োদশ সংশোধনী ছিল দুই বড় দলের সমঝোতার ফল?
ড. কামাল হোসেন l নিশ্চয়ই।
প্রথম আলো l তবে মনে হয়, পদ্ধতি নয়, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে মাথায় রেখেই দুই দল সেদিন ওই ফর্মুলায় একমত হতে পেরেছিল।
ড. কামাল হোসেন l এ কথা সন্দেহাতীতভাবে সত্য। উভয় দলই তাঁকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে মেনে নিয়েছিল এবং তিনি প্রশংসনীয়ভাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নিয়োগ নিয়ে নয়, তাঁর কিছু পদক্ষেপ বিতর্কের জন্ম দিল। ২০০৬ সালেও ব্যবস্থার বিরুদ্ধাচরণ কেউ করেনি। সেখানেই সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন উঠল।
প্রথম আলো l বয়স বাড়ানো নিয়ে প্রশ্ন উঠল। কিন্তু বড় আপত্তি ছিল, তিনি কর্নেল ফারুকের আত্মীয়।
ড. কামাল হোসেন l না, সেটা নয়। তিনি একসময় বিএনপির নেতা ছিলেন।
প্রথম আলো l তাহলে বিএনপি তো এই যুক্তি দেয় যে একদা নেতা থাকার কারণে যদি কেউ অগ্রহণযোগ্য হন, তাহলে দলীয় সভানেত্রীর সরকারপ্রধান থাকাটা বিএনপির কাছে কেন গ্রহণযোগ্য হবে? তা ছাড়া দলীয় ও সরকারপ্রধান এক ব্যক্তি হওয়াটাও অবাধ নির্বাচনে বাড়তি জটিলতা সৃষ্টি করেছে।
ড. কামাল হোসেন l বঙ্গবন্ধু নিজে মেনেছেন এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রেও ছিল যে প্রধানমন্ত্রী ও দলের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না।
প্রথম আলো l কখন এটা বাতিল হলো? এই বিধানের তো এখনই পুনরুজ্জীবন চাই। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি।
ড. কামাল হোসেন l সম্ভবত ’৯১-এর দিকে। তবে আজকের কথা হলো, যে যুক্তিগুলো ২০০৬ সালে সরকারি দলের নেত্রী দিয়েছেন, আজকেও সরকারি দলের নেত্রী হুবহু সেই যুক্তি দিচ্ছেন। তখনো সংবিধান দেখানো হয়েছিল। ’৯০ তে এরশাদ দেখালেন। তিনি পার পেলেন না। ১৯৯৬ সালেও সংবিধানের নামে প্রহসনের নির্বাচন করা হয়েছিল। ২০০৬ সালের ২২ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে বিএনপি সংবিধানের দোহাই দিয়েছিল।
প্রথম আলো l তাহলে কি আপনি বলবেন, সরকারি দল যথারীতি সংবিধানের নামে জাতিকে হাইকোর্ট দেখাচ্ছে?
ড. কামাল হোসেন l হাসতে হাসতে আমার কিন্তু সেটাই বলতে ইচ্ছে হবে। ১৯৯০ থেকে নির্বাচন নিয়ে সরকারি মহল এই চতুর্থবার আমাদের সংবিধান দেখাচ্ছে। ২০০৬ সালে যদি আমরা সংবিধান মানতাম, তাহলে বর্তমান সরকারকে পেতাম না। ২০০৮ সালের নির্বাচন পেতাম না। ২২ জানুয়ারির আগে যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেখানে সোয়া কোটি ভোটার ভুয়া ছিল। তাই সংবিধান দেখিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যায় না।
প্রথম আলো l কিন্তু ইতিহাসের কোনো না কোনো পর্বে তো দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনে যেতে হবে। সেই শুরুটা তাহলে কবে হবে?
ড. কামাল হোসেন l এর জবাব পেতে হলে এক নম্বরে এই প্রশ্নের উত্তর পেতে হবে যে ২০০৬ সালের পর আমাদের জাতীয় রাজনীতি ও শাসনগত ব্যবস্থায় গুণগত ও মৌলিক কী কী পরিবর্তন সাধিত হয়েছে। দ্বিতীয়ত, বিশ্বের অন্যান্য দেশে সাত বছর আগেও একই ব্যবস্থায় নির্বাচন হতো। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের রায়ে অনন্তকাল নয়, আরও অন্তত দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে।
প্রথম আলো l দেশ কি একটি সংঘাতময় অবস্থার মুখোমুখি হতে চলেছে?
ড. কামাল হোসেন l সেই আশঙ্কায় আমরা উদ্বিগ্ন। চাই একটা শান্তিপূর্ণ নির্বাচন।
প্রথম আলো l আপিল বিভাগের রায় চার-তিন ভোটে বিভক্ত হলেও তত্ত্বাবধায়ক সরকারকে বেআইনি ঘোষণাকারী চার বিচারকসহ সাতজনই একমত যে দশম ও একাদশ সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে।
ড. কামাল হোসেন l এটাই রায়ের সঠিক ব্যাখ্যা।
প্রথম আলো l ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আছে, নির্বাচন মানেই অবাধ নির্বাচন। সে জন্য ইসিকে ওই রায় বিবেচনায় নিতেই হবে। তাদের কি উচিত নয়, ওই রায়টি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতির কাছে পাঠানো?
ড. কামাল হোসেন l তারা যদি নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে চায়, তাহলে তাদের এ ব্যাপারে একটি নিরপেক্ষ অবস্থান নিতে হবে। তারা সরকারের আদিষ্ট হয়ে কোনো অবস্থান নেবে না। তারা এটা করলে আমি স্বাগত জানাব।
প্রথম আলো l সংসদ রেখে সংসদ নির্বাচনের বিধান বাহাত্তর থেকে নকল করা হয়েছে। এখন আপনি এর সমালোচনা করছেন কেন?
ড. কামাল হোসেন l বাহাত্তরের পর আর কী কী ঘটেছে। বাহাত্তরের পর পঁচাত্তর ঘটল। এরপর দীর্ঘ সামরিক শাসন। এর নেতিবাচক প্রভাব তো আমরা ইতিহাস থেকে মুছে দিতে পারি না। ভারতবর্ষের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ইসি যা বলে, প্রধানমন্ত্রী তা মাথা পেতে নেন। মিসেস গান্ধী একবার বললেন নির্বাচন পিছিয়ে দিতে। কমিশন তাঁর সঙ্গে দ্বিমত করল। এর বিরুদ্ধে রিট হলো। প্রধানমন্ত্রীর যুক্তি সুপ্রিম কোর্ট নাকচ করলেন। মিসেস গান্ধী তা মেনে নিলেন। আমরাও বাহাত্তরে ভারতের মতো ইসির কথা ভেবেছিলাম। কিন্তু পঁচাত্তরের পর আমরা ’৭৯, বিশেষ করে ’৮৬ তে ভিন্ন চিত্র দেখলাম।
প্রথম আলো l বিদেশিদের তৎপরতা, জাতিসংঘের উদ্যোগ কি আরও জোরালো হতে পারে?
ড. কামাল হোসেন l আমি এখনো ইতিবাচকভাবে চিন্তা করতে চাই। এটা দুই দলের বিষয় নয়, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপ হওয়া উচিত। আমাদের অভিজ্ঞ রাষ্ট্রপতি অনতিবিলম্বে সংলাপের উদ্যোগ নিতে পারেন।
প্রথম আলো l উভয় পক্ষ থেকে পাঁচজন করে নিয়ে তাঁদের উপনির্বাচনে জিতিয়ে এনে নির্বাচনকালীন সরকার হলে তা-ও কিন্তু সংবিধানসম্মত হবে।
ড. কামাল হোসেন l নিশ্চয়ই। এ ধরনের আরও ফর্মুলা সংলাপ থেকে বেরিয়ে আসতে পারে। অবশ্যই বিদ্যমান সংবিধানের মধ্যেও আমরা সংকটের সমাধানসূত্র খুঁজে পেতে পারি। আবার দরকার হলে ষোড়শ সংবিধান সংশোধন করাও কোনো কষ্টসাধ্য বিষয় নয়।
প্রথম আলো l প্রধানমন্ত্রী যুক্তি দেন, নাগরিক সমাজই বাধা। তারা ভোটে জিততে পারে না বলে এ ধরনের সরকার করে ক্ষমতার স্বাদ পেতে চায়।
ড. কামাল হোসেন l কোনো দেশেরই ৭০ বা ৮০ শতাংশ নাগরিক রাজনীতিবিদ হন না। আমরা নাগরিক থেকে প্রজা তো হতে চাই না।
প্রথম আলো l নির্বাচন কমিশনকে কেন শক্তিশালী মনে করছেন না?
ড. কামাল হোসেন l সবার মতামত নিয়ে এই কমিশন পুনর্গঠনের দাবি করা হলেও কাদের মত নিয়ে করা হয়েছিল, তা আমরা জানি না। কিন্তু তাদের কাজ এ পর্যন্ত যা দেখেছি, তাতে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রথম আলো l বিদেশি বন্ধুদের হস্তক্ষেপে সংকটের সমাধান...
ড. কামাল হোসেন l বিদেশি বন্ধুরা কেউ চাইবে না এখানে অশান্তি হোক। চীন, আমেরিকা, ইউরোপ কিংবা আমাদের প্রতিবেশী সবাই সুষ্ঠু নির্বাচন চাইছে।
প্রথম আলো l ভারতের অবস্থানকে অনেকেই আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে মিলিয়ে ফেলেন।
ড. কামাল হোসেন l দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিকে থাকবে, সব রাষ্ট্রই চাইবে তাদের সঙ্গে থাকতে। শান্তি ও স্থিতিশীলতা সব শক্তির কাম্য হওয়া উচিত। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র কোনোভাবেই এখানে অশান্তি বা অস্থিতিশীলতা হোক, তা তাদের কাম্য হতে পারে না। সংঘর্ষের আশঙ্কায় বান কি মুনের রাডারে ধরা পড়েছে। সিরিয়ার ঘটনার কারণে গোটা অঞ্চলের শান্তি হুমকির মুখে চলে যাচ্ছে। তাই তিনি পরামর্শ পেয়েছেন প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাচ্ছেন। আমরা একটা গণ-কনভেনশন করছি; সমঝোতা হলে আমরা অভিনন্দন জানাব।
প্রথম আলো l ধন্যবাদ।
ড. কামাল l প্রথম আলোকেও ধন্যবাদ।