সমঝোতায় আশাবাদী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরবর্তী সময়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরপর দুটি প্রস্তাব তুলে ধরার পর অনেকেই এর মধ্য দিয়ে সংলাপের পথ তৈরি হয়েছে বলে মনে করছেন। বিষয়টি এ রকম যে, দুটি প্রস্তাব তো এসেছে, ফলে আলোচনার পরিস্থিতিও তৈরি হয়েছে। দেশের অনেকেই তা মনে করছেন, বিভিন্ন কলাম লেখকের লেখায়ও দেখা গেছে এ নিয়ে আশাবাদ। বাংলাদেশের উন্নয়ন-সহযোগী তিন বন্ধুদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার প্রতিক্রিয়াও সে রকমই। এই দেশ তিনটির প্রতিক্রিয়ার মূল কথা হচ্ছে, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দুটি প্রস্তাবের পর সংলাপের দুয়ার খুলেছে। তাদের আশাবাদ হচ্ছে, এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে। কিন্তু পরিস্থিতি কি আসলেই তাই?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সর্বদলীয় সরকারের যে প্রস্তাব করেছেন, বিএনপি তা মেনে নেয়নি। আর এর পাল্টা হিসেবে খালেদা জিয়ার বিকল্প প্রস্তাবের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করা। সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেওয়ার সময় খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি সম্পর্কে কোনো আলোচনার অবকাশ না রেখে একতরফাভাবে শুধু নিজের সুবিধা অনুযায়ী একটি প্রস্তাব তুলেছেন।’
অন্যদিকে খালেদা জিয়া যে পাল্টা প্রস্তাব দিয়েছেন, তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দিনাজপুরে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি খালেদা জিয়ার প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নির্বাচিত প্রতিনিধি চান না। উনি ফিরে গেছেন অনেক পেছনে।’ শেখ হাসিনা সেখানে আবারও স্পষ্ট করে বলেছেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই পক্ষই যখন দুই পক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তখন আমরা কীভাবে সংলাপ ও আলোচনার প্রত্যাশা এবং এর মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের প্রত্যাশা করছি?
সংলাপ বা সমঝোতার জন্য দুই পক্ষকেই তাদের অবস্থান থেকে সরতে হয়। শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন বা এর পাল্টা হিসেবে খালেদা জিয়া নির্দলীয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তাতে তো আগের অবস্থান থেকে তাঁরা কেউই ‘একচুলও’ নড়েননি। শেখ হাসিনা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বর্তমান সংবিধান মেনে চলা বা অনির্বাচিত কারও কাছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়—এই অবস্থানেই অনড় রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তাতে তাঁর সেই পুরোনো তত্ত্বাবধায়ক সরকারের দাবিরই প্রতিফলন ঘটেছে। দুটি দল ও তাদের শীর্ষ নেতৃত্ব যেহেতু পুরোপুরি আগের অবস্থানেই রয়েছেন, ফলে সংলাপ বা আলোচনার কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এ নিয়ে খুব আশাবাদী হওয়ার সুযোগ আছে বলে মনে হয় না।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার পাল্টাপাল্টি প্রস্তাবে নতুন কিছু নেই ঠিকই, তবে একধরনের অগ্রগতি রয়েছে। শেখ হাসিনা এর আগে নির্বাচনকালীন মন্ত্রিসভায় বিএনপির অংশগ্রহণের সুযোগের কথা বললেও গত শুক্রবারের ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে এই সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং কারা এই অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারেন, সে জন্য বিরোধী দলের নেতার কাছে দলের সাংসদদের নাম চেয়েছেন। ২৫ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা দেন।
অন্যদিকে বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও কীভাবে ও কোন ফর্মে সেই সরকার চাইছে, কারা এই তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হবেন, তা পরিষ্কার ছিল না। নানা সময়ে দেশের বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করার দাবিও করা হয়েছিল। খালেদা জিয়া তাঁর প্রস্তাবের মধ্য দিয়ে কীভাবে সেই তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, তার একটি ফর্মুলা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দুটি প্রস্তাবের পর যাঁরা খুব আশাবাদী হয়ে উঠেছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, এই অগ্রগতি ছাড়া কেউই তাঁদের অবস্থান একটুও পরিবর্তন করেননি।
গতকালের প্রথম আলোর শীর্ষ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ‘রাজনীতির “খেলায়” দুই পক্ষই জিততে চায়’। শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের বিষয়ে প্রতিবেদনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, ‘এসব প্রস্তাব-পাল্টা প্রস্তাবের মাধ্যমে দুই দলই দেখাতে চায়, তারা সংকট সমাধানে আগ্রহী। সংকটের জন্য তারা কেউই দায় নিতে চায় না। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থেকে ভোটের আগেই মনস্তাত্ত্বিক জয় চায়। ভোটারদের দেখাতে চায়, তাদের দাবি অন্য পক্ষ মেনে নিতে বাধ্য হয়েছে।’ এই বিশ্লেষণের সঙ্গে দুই দলের উদ্দেশ্যের ব্যাপারে যে বিশেষণটি যোগ করতে চাই, তা হচ্ছে দল দুটি আসলে নিজেদের ‘ভালোমানুষি’ প্রমাণের চেষ্টা ও প্রতিযোগিতায় নেমেছে।
খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা—এমন খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ইচ্ছার কথা গত সোমবার মন্ত্রিসভার অনির্ধারিত বৈঠকে জানিয়েছেন বলে বৈঠকে উপস্থিত সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে। ফোনে বা এমনকি বিরোধীদলীয় নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর কথাও আলোচিত হয়েছে বৈঠকে। সে ধরনের কিছু এখনো হয়ে ওঠেনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। আবার চিঠি পেয়ে তা স্বীকার করে মির্জা ফখরুলকে ফোনও করেছেন সৈয়দ আশরাফ। সবশেষ খবর হচ্ছে, সংসদে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সেখানে খালেদা জিয়ার প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরেছে দলটি। এরপর যথারীতি ওয়াক আউটও করেছে বিএনপির সাংসদেরা। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধী দলকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আপনারা কী চান, সংসদে এসে বলুন। আলোচনা করুন। আলোচনার দরজা সব সময় উন্মুক্ত।’ বিরোধী দল সেই সুযোগটি নিয়েছে, নিজেদের সদিচ্ছা ও আন্তরিকতার প্রমাণ হিসেবেই এখন একে জনগণের সামনে তুলে ধরতে চাইবে দলটি। এসবই দল দুটির ‘ভালোমানুষির’ চেষ্টা।
তবে পরিস্থিতির বিবেচনায় মনে হচ্ছে, এসব প্রস্তাব ও পাল্টা প্রস্তাব এবং দুই পক্ষের মধ্যে আলোচনা বা সংলাপ শুরু হলো বলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো আসলে মুখোশ। কারণ, দুই পক্ষের কেউই তাদের আগের অবস্থান থেকে সরে আসবে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফলে এই যে আশাবাদের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, সেই মুখোশের আড়ালে থাকা দল দুটির মুখটি সম্ভবত এ রকম: আওয়ামী লীগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা তাঁর অবস্থানে অনড় থাকবেন এবং দলটি যেভাবে সংবিধান সংশোধন করেছে, সেভাবেই নির্বাচন করবে। অন্যদিকে বিএনপির অবস্থান হচ্ছে, অন্য যা-ই হোক না কেন, এ ধরনের সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া ও নির্বাচন ঠেকানোর জন্য শেষ পর্যন্ত সংঘাত ও সহিংসতার পথ বেছে নেওয়া।
অনিশ্চয়তা ও উদ্বেগ নিয়ে সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করাই সম্ভবত আমাদের বর্তমান নিয়তি।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]