নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা করা তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ ডিসেম্বর। বিএনপি নির্বাচনে এলে নতুন করে তফসিল হতে পারে বলে আগাম ঘোষণা দিয়ে রেখেছে ইসি। কিন্তু বিএনপির নেতৃত্বে বিরোধী দল নির্বাচনে আসবে, এমন ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না।
নির্বাচনে নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যে সংলাপ বা সমঝোতার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সে ক্ষেত্রেও অগ্রগতি লক্ষণীয় নয়। এই পরিস্থিতিতে যে প্রশ্নটি দেখা দিয়েছে তা হচ্ছে, ২ ডিসেম্বরের আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার সুযোগ আছে কি? আর যদি সমঝোতা না হয়, সে ক্ষেত্রে দেশবাসীর জন্য কী অপেক্ষা করছে সামনের দিনগুলোতে!
এটা দুর্ভাগ্যজনক যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনও কাছে চলে এসেছে, অথচ নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা যায়নি। ইসির তফসিল ঘোষণার পর অন্তত এটা প্রত্যাশিত ছিল যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চলে আসার আগেই দুই পক্ষের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। এখন এটা স্পষ্ট হয়েছে যে নির্বাচনের ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সমঝোতা হলে তফসিল পেছানোর প্রয়োজন পড়বে। কিন্তু দুই পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ নেই।
গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে যেমন নির্বাচন প্রয়োজন, তেমনি সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়াও জরুরি। বিরোধী দল নির্বাচনে না এলে এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। আমরা বারবার বলে আসছি যে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতায় আসার পথ হচ্ছে সংলাপ বা আলোচনা। আর এ ক্ষেত্রে দুই পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে নিশ্চয়ই সবচেয়ে ভালো হতো। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু প্রয়োজনে নতুন করে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছে, ফলে বর্তমান তফসিল আলোচনার ক্ষেত্রে কোনো বাধা নয়। ইসির তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে বিরোধী দলের যে টানা অবরোধ কর্মসূচি চলছে, সে সহিংসতায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭ জনের। আহত হয়েছেন অগুনতি লোক। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষের জীবন-জীবিকা, বিনাশ হচ্ছে সম্পদের, সর্বনাশ ঘটছে অর্থনীতির। দুই পক্ষের সমঝোতা না হলে সামনের দিনগুলোতে যে আমাদের আরও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
নির্বাচন কমিশন যেহেতু নতুন করে তফসিল ঘোষণা করতে প্রস্তুত রয়েছে, ফলে দুই পক্ষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সমঝোতায় আসুক, সেই আহ্বান আমরা আবারও উভয় পক্ষের প্রতি রাখছি। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, এ জন্য নির্বাচন কমিশনের হাতে সময় খুবই কম। দেশকে সংকটের মুখে ঠেলে না দিতে চাইলে এই কাজ এখনই করতে হবে।