সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা একদিকে যেমন দেশের গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তেমনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্যও হতাশাজনক। রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার হিসেবেই স্বীকৃত। যুক্তিসংগত কারণ ছাড়া এই অধিকার খর্ব করার সুযোগ নেই। অন্যদিকে, বিরোধী দলের সঙ্গে একটি সমঝোতায় আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে প্রস্তাব দেওয়ার এক দিন পরই এ ধরনের নিষেধাজ্ঞা সরকারের আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনী তথা সরকারের। কোনো ধরনের সংঘাতের পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ করার দরকার পড়তে পারে। কিন্তু সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ, এমনকি মিলনায়তনের মধ্যে সভা করার ওপর নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য হতে পারে না। পুলিশের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বিরোধী দলের নেতা-কর্মীরা সভা-সমাবেশের নামে রাস্তা দখল করতে পারেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা মনে করি, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, আগাম সভা-সমাবেশ নিষিদ্ধ করা নয়।
২৫ অক্টোবর বিএনপির সমাবেশ ও একই সঙ্গে সেদিন আওয়ামী লীগেরও সমাবেশ এবং রাজপথে থাকার ঘোষণা আইনশৃঙ্খলার দিক থেকে অবশ্যই একটি গুরুতর বিবেচনা। কিন্তু এ জন্য ২০ তারিখ থেকেই সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা কতটুকু যুক্তিযুক্ত? আর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে সর্বদলীয় সরকার গঠন এবং এ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তখন এ ধরনের নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে তা কোনোভাবেই ইতিবাচক নয়। প্রধানমন্ত্রীর প্রস্তাবের ব্যাপারে বিরোধী দলের প্রতিক্রিয়া জানার আগেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা সংগত কারণেই হতাশা ছড়িয়েছে।
গতকাল রোববার সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশন অনুষ্ঠান ও এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে সেই সভা অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছে। এ ধরনের সভা অনুষ্ঠানে বাধা দেওয়া হলে রাজনৈতিক সমঝোতা ও সংলাপের যে আগ্রহের কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তা নিয়ে জনমনে সংশয় আরও বাড়ত।
আমরা মনে করি, গণতান্ত্রিক অধিকার খর্ব না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং সব ধরনের বিশৃঙ্খলাকেই কঠোর হাতে দমন করতে হবে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের বক্তব্য হচ্ছে, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সংঘাত-সহিংসতার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।