সমিতির নির্বাচনে দলীয় রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ আগস্ট ক্যাডার সার্ভিসের সবচেয়ে বড় সংগঠন ১০ হাজার ৩০০ সদস্যবিশিষ্ট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন। নির্বাচনে তিনটি প্যানেল হয়েছে। ‘ক’ প্যানেলকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শফিক-শাহেদ পরিষদ। প্যানেলের মহাসচিব পদপ্রার্থী শাহেদ খবির চৌধুরী ছাত্রলীগের সাবেক নেতা। ‘খ’ প্যানেল হচ্ছে মাসুমে রব্বানী-সেলিম উল্লাহ খোন্দকার পরিষদ। শিক্ষাসচিব এই অংশের জন্য কাজ করছেন বলে প্রচারণা চালানো হচ্ছে। তবে কোনো দলের কোনো সংগঠক এখানে নেতৃত্ব দিচ্ছেন, এমনটা শোনা যায়নি। সমিতির এই অংশ নিজেদের মূলধারা বলে দাবি করছে। ‘গ’ প্যানেল হচ্ছে নাসরিন-সোহেল পরিষদ। এই পরিষদ জাতীয়তাবাদী ঘরানার পরিচয়ে নির্বাচন করছে। এই অংশে চারদলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস এবং চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের শ্যালিকা নেতৃত্ব দিচ্ছেন।
সরকারি চাকরি যাঁরা করেন, তাঁরা প্রত্যেকেই সরকারি আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত। সেই আচরণবিধি লঙ্ঘন করলে তাঁদের শাস্তি হওয়ার কথা। কিন্তু আইনের কিংবা বিধানের সূক্ষ্ম ফাঁক বের করে তাঁরা অনেকেই সেই বিধান লঙ্ঘন করেন কিংবা করার চেষ্টা করেন। দেশের অনেক চাকরিতে দলীয় মতের পক্ষে অনেক পেশাজীবী সংগঠন রয়েছে। তার মধ্যে প্রত্যক্ষ নাম ব্যবহার না করলেও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের দুটি সংগঠন রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত। সরকার-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিরোধী দল-সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে সব সময়েই সরকারি দল এবং বিরোধী দল হিসেবে এদের নির্বাচনী কার্যক্রম লক্ষ করা যায়। কোনো সরকারই যেহেতু চিকিৎসকদের রাজনৈতিকীকরণে প্রতিকারের কোনো ব্যবস্থা করেনি, তাই অন্যান্য ক্যাডারেও তা সংক্রমিত হচ্ছে। সেই পথে বিসিএস শিক্ষা ক্যাডারের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতিও হাঁটতে শুরু করল। বিষয়টি সম্পর্কে শুরুতেই কোনো ব্যবস্থা নেওয়া না গেলে শিক্ষা বিভাগেও রাজনীতির বিষবাষ্প ছড়াতে থাকবে। সরকারি চাকরি করে যে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষাভাবে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা সরকারি চাকরির বিধানাবলিতে স্পষ্ট করে বলা আছে। যেমন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ৩০ ধারা অনুযায়ী ‘কোনো সরকারী কর্মচারী তাঁহার চাকরি সংক্রান্ত কোন দাবির সমর্থনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সরকার বা কোন সরকারী কর্মচারীর উপর কোন রাজনৈতিক বা অন্য কোন বহিঃপ্রভাব খাটাইতে পারিবেন না’ বলে উল্লেখ থাকলেও সরকারি চাকরিতে অনেকেই এই প্রভাব খাটিয়ে থাকেন। পেশাজীবী সংগঠনগুলো এ ক্ষেত্রে এগিয়ে আছে। প্রত্যক্ষ প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণ করা গেলেও যেহেতু পরোক্ষ প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণ করা দুরূহ, তাই আইনের মারপ্যাঁচে প্রভাব খাটানো চলছে কোনো রূপ প্রতিকার ছাড়াই। একই বিধিমালার ২৯ নম্বর ধারার চাকরিজীবী সমিতি সম্পর্কে বিশদ নির্দেশনা রয়েছে। ২৯-এর (সি) উপধারায় চাকরিজীবী সমিতি সম্পর্কে বলা হয়েছে, ‘এই সমিতি কোনভাবেই কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত হইতে পারিবে না বা কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিতে পারিবে না।’ আচরণ বিধিমালার উল্লিখিত দুটি ধারা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যে নির্বাচন করতে যাচ্ছে, তা লঙ্ঘিত হচ্ছে কি না, তা শক্তভাবে আমলে নেওয়া প্রয়োজন। এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষাসচিব, শিক্ষামন্ত্রীর এপিএস সবার নাম এসেছে। শিক্ষাসচিব কিংবা শিক্ষামন্ত্রীর এপিএস আলাদাভাবে নির্বাচন করাচ্ছেন—এ কথাটি বিশ্বাসযোগ্য নয়। তা ছাড়া পেশাজীবী এই সংগঠন রাজনৈতিকভাবে সরকারের ওপর খুব বেশি প্রভাব ফেলতেও পারবে না। এ রকম একটি সংগঠনের নির্বাচন নিয়ে সরকারের খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে হয় না; বরং যাঁরা নিজেদের কোনো দলের ব্যানারে নির্বাচনের চেষ্টা করছেন, তাঁরা কোনো সুবিধা পাওয়ার আশায় দলীয় পরিচয়ের আশ্রয় নিচ্ছেন কি না, সেটা ভেবে দেখা প্রয়োজন। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট সরকারের পতনের নিশ্চয়তা ধরে নিয়ে একটি অংশ যদি নিজেদের জাতীয়তাবাদী বলে পরিচিত করে নির্বাচনে বিজয়ী হতে চায়, সেটাও তাদের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতি হবে। একই প্যানেল আগেও নির্বাচন করেছে কিন্তু তখন তারা রাজনৈতিক রং ব্যবহার করেনি। নিজেদের ক্যাডারের স্বার্থেই দলীয় পরিচয়ে নির্বাচন বন্ধ করা প্রয়োজন।
দলীয় পরিচয়ে শিক্ষক সমিতির নির্বাচন হলে অপূরণীয় ক্ষতি হবে। যে প্যানেল দলীয় পরিচয়ে নির্বাচিত হবে, তারা যদি সরকারদলীয় হয়, তাহলে তারা সরকারি এজেন্ডা বাস্তবায়নে তৎপর হবে। যদি বিরোধীদলীয় প্যানেল নির্বাচিত হয়, তাহলে সরকার তাদের সঙ্গে সদ্ভাব রাখবে না। এতে করে গোটা বিসিএস শিক্ষা ক্যাডার ক্ষতিগ্রস্ত হবে। বিসিএস শিক্ষা ক্যাডারের অনেক বিশৃঙ্খলা দূর হয়েছে। আরও অনেক বিশৃঙ্খলা দূর করার বাকি আছে। নিজেদের মধ্যে দ্বিধাবিভক্তি থাকলে অনেক সময়েই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটার আশঙ্কা থাকে, যাতে করে এই ক্যাডারের প্রতি আস্থা নষ্ট হতে পারে। নিজেদের দলাদলির সুযোগ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ঢুকে পড়তে পারেন শিক্ষা প্রশাসনে। শিক্ষকেরা খণ্ডিত হয়ে যত ক্ষমতা প্রয়োগ করুন না কেন, সেটা অখণ্ড দাবির চেয়ে বড় হবে না।
দলীয় প্যানেল নির্বাচিত হলে শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনীতিবিদদের সক্রিয় অংশগ্রহণ। ব্যক্তিগত রেষারেষি ও রাজনৈতিক রং দিয়ে বদলির খেলা শুরু হবে। কলেজগুলোতে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতাদর্শগত মিলজনিত কারণে তাঁরাও ব্যবহূত হতে থাকবেন। গোটা শিক্ষকসমাজ দ্বিখণ্ডিত হয়ে পড়বে। বিষয়টি কোনো দিক থেকেই শুভ নয়। বিসিএস শিক্ষা ক্যাডার-শিক্ষার্থী সবাই ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্ববিদ্যালয়গুলো আজ রাজনীতির বিষবাষ্পে জর্জরিত। সরকারি কলেজগুলো সেখানে অনেক ভালো ছিল। সেখানেও সেই বিষবাষ্প যেন না ছড়ায়। মেধার বদলে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিসুবিধাভোগী রাজনীতির কালো ছায়া যাতে না পড়ে, সে জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, সরকার—সবারই সচেষ্ট থাকা জরুরি।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]