সম্পর্কটা আত্মার, আদর্শে কী আসে-যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের কণ্ঠরোধে ​ফিরছে বাতিল আইন!

সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে প্রকাশনা আইনের একটি বিতর্কিত ধারা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন ইতিমধ্যে এ বিষয়ে অনেক দূর এগিয়েছে। সংবাদপত্রের প্রকাশনা বাতিল-সংক্রান্ত এ ধারাটি সংবাদপত্রশিল্পে সমালোচিত ছিল। এই ধারাবলে ১৯৭৪ থেকে ’৯০ সাল পর্যন্ত পত্রিকার প্রকাশনা বাতিল করা হতো। এর সমালোচনা করে পাঠক  আলী হায়দার  লিখেছেন: ১৯৭৩-এর একটি ধারা পুনরুজ্জীবিত করে জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। গণতন্ত্রের কফিনে আরও একটি পেরেক।

আরমান খান:  রাষ্ট্রের শাসকগোষ্ঠী বরাবরই বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে জড়িত। নারায়ণগঞ্জের কথাই ধরুন, সাত খুনের ঘটনা নিয়ে নূর হোসেন, শামীম ওসমান, র‌্যাব-সবার কথাই এল। সরকারের নিন্দিত এ আইন পাস হলে সংবাদপত্রে এসব খবর ছাপবে না, শাসকগোষ্ঠী বরাবরই বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজ করতে থাকবে। ছাপাখানার লাইসেন্স নিয়ে নিজেদের রাষ্ট্রবিরোধী কাজের লাইসেন্স নিল আর কি!

মো. আব্দুর রহমান: আওয়ামী লীগ ও সংবাদপত্রের স্বাধীনতা একসঙ্গে হতে পারে না।

নুর মো. সিদ্দিক:  সংবাদপত্রের কি কোনো জবাবদিহির প্রয়োজন নেই? সংবাদপত্র স্বাধীনতার নামে ভন্ডামি করবে, সেটা তো হতে পারে না! অবশ্যই আইন হওয়া দরকার; তবে এর প্রয়োগ নিয়ে কথা হতে পারে।

সোহাগ:  যুগে যুগে পৃথিবীর বুকে অনেক শাসক এসেছেন জনমানুষের কণ্ঠ রোধ করতে, সাময়িকভাবে মানুষ নিপীড়িত হলেও শাসকগোষ্ঠীর পতন হয়েছে। তারা যত আক্রমণাত্মক হয়েছে, তাদের পতনও ত্বরান্বিত হয়েছে।

টেস্ট-ওয়ানডে ছাড়ার হুমকি সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে না দিলে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে, টেস্ট খেলবেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নাকি টেলিফোনে এমন হুমকিই দিয়েছেন সাকিব আল হাসান! এ নিয়ে পাঠকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। এ ব্যাপারে পাঠক  সিরাজুম মুনির  লিখেছেন: এটা যদি সাকিব সত্যি বলে থাকেন, তাহলে বাংলাদেশের হয়ে আসলেই তাঁর খেলার দরকার নেই! তবে আমার বিশ্বাস, সাকিব এটা বলেননি!

মাসুদ আল মাহমুদ:  ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার জন্য আফতাব, অলক, ধীমান, হাবিবুল বাশার, মঞ্জুরুল, মাবুদ, মাহবুবুল, রফিক, শরিফ, মোশাররফ, শাহরিয়ার নাফীস ও তাপস বৈশ্যরা বোর্ডের কথা অমান্য করে চলে গিয়েছিলেন। পরে সাকিব, তামিম, মুশফিকরা দলের হাল ভালোভাবেই ধরেছেন। এখন যদি সাকিব চলে যায়, তো যাক, নতুন সাকিব তৈরি হবে।

আবু ইউসুফ: আসলে ব্যক্তিগত স্বার্থের কাছে দল, দেশ সবই তুচ্ছ!

আসিফ শিকদার:  কেন সাকিবকে সিপিএলে খেলতে দেওয়া যাবে না? সে তো বলেছেই যে সিপিএল খেলেই জাতীয় দলে যোগ দেবে। একবার ভাবুন, ও যদি সিপিএল খেলে, তবে অন্য দেশের প্লেয়ারের সঙ্গে খেলে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। বেশ কিছুদিন আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজে খেলার ফলে ওখানকার পিচের সঙ্গে, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং দেশের বাকি খেলোয়াড়দেরও গাইড করতে পারবে। তাই দেশের নামে অনুভূতির সুড়সুড়ি না দিয়ে বাস্তবটা বোঝা উচিত।

সবুজ:  প্রত্যেক নাগরিকেরই তার ব্যক্তিস্বাধীনতাকে একটু হলেও মূল্যায়ন করা উচিত!! দেশের দোহাই দিয়ে সবকিছু করা যাবে, পাশাপাশি তার ব্যক্তিস্বাধীনতার বিষয়টাও বিসিবিকে ভাবা উচিত।

মো. মাহবুবুর রহমান:  কোনো ক্রিকেটারই খেলার বাইরে থাক, চায় না। খেলতে চায়। সাকিব সিপিএল খেলতে চায়, এতে দোষের কী আছে? সে তো দেশের সিরিজ চলার সময় সিপিএল খেলতে চায়নি। আসলে সমস্যা হচ্ছে সাকিবের সাফাল্য অনেকেরই ভালো লাগছে না। তাই তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের সঙ্গে আদর্শগত কোনো মিল নেই: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জামায়াতের সঙ্গে তাঁর দলের আদর্শগত কোনো মিল নেই। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এ নিয়ে পাঠক  মমিন  লিখেছেন:  আদর্শগত কোনো মিল নেই, যা আছে তা কৌশলগত...! শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। হুম...

রুমি:  আমরা মধ্যপন্থী। আমরা উগ্র ডানপন্থী নই, উগ্র বামপন্থীও নই। হ্যাঁ, তবে আমাদের উগ্র মধ্যপন্থী বলতে পারেন। সেটা আমরা ইতিপূর্বে ককটেল, আগুন, বোমা দিয়ে অসহায় পথচারী, স্কুলগামী শিশুদের ওপর প্রয়োগ করে, বার্ন ইউনিট ভর্তি করে, শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি।

মিজান:  নেত্রী, জামায়াতের সঙ্গে আপনাদের সম্পর্ক মানুষ ভালো করে জানে? আপনার দল অ্যান্ড এরশাদ সাহেব জামায়াতিদের গাড়িতে দেশের জাতীয় পতাকা দিয়েছিলেন।

আলিমুল ইসলাম:  যদি মিল না থাকবে তাহলে ম্যাডাম কেন সিরাজগঞ্জ জনসভায় প্রকাশ্যেই নিজামীসহ সব যুদ্ধাপরাধীর মুক্তি চাইলেন এবং বিএনপির সব জনসভায় শিবির সামনে থাকে। তার মানে কী?

রাশেদুল-ই-সামস:  ম্যাডাম, আদর্শগত মিল নেই কথাটি কি ঠিক? আপনি বলতেই পারেন। সম্পর্কটা যেখানে আত্মার, সেখানে আদর্শে কী আসে-যায়।

 (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন  prothom-alo.com)