
বাংলাদেশে সম্প্রচার নীতিমালার খসড়া সম্পর্কে সর্বসাধারণের মতামত গ্রহণের যে উদ্যোগ সরকার নিয়েছে, সে জন্য সরকারের সাধুবাদ প্রাপ্য। তবে সংসদের মেয়াদ শেষ হওয়ার কালে তাড়াহুড়া করে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করলে তার পরিণতিতে নতুন নতুন বিপত্তি তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ছোটখাটো ত্রুটি, দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট বিধিবিধানের কারণে ভবিষ্যতে এর অপপ্রয়োগ সৃজনশীল এ শিল্পের ভালোর চেয়ে ক্ষতি করবে বেশি।
প্রস্তাবিত খসড়ায় অনেক ভালো উপাদান থাকলেও কিছু অসম্পূর্ণতা এবং বিভ্রান্তির কারণে এ নীতি তার ঘোষিত উদ্দেশ্য অবাধ, উন্মুক্ত, বহুমুখী, দায়বদ্ধ এবং সক্ষম সম্প্রচারমাধ্যম গড়ে তোলার লক্ষ্য অর্জনে বেশি দূর এগোতে পারবে বলে আশাবাদী হওয়ার কারণ নেই।
প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় রাজনৈতিক বিবেচনায় টিভি চ্যানেলের লাইসেন্স দিয়ে যেভাবে দলীয় সমর্থকদের পুরস্কৃত করেছে, তাতে এসব প্রতিষ্ঠানে বাণিজ্যিক সাফল্যের বিষয়টি যতটা প্রাধান্য পেয়েছে, সম্পাদকীয় নীতিমালার বিষয়টি ততটাই উপেক্ষিত থেকেছে। টেলিকম খাতের কোম্পানি বাডকম এর-২০০৮ সালের এক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে দর্শকেরা টেলিভিশনে সবচেয়ে বেশি দেখেন সংবাদ (৬৬ শতাংশ), যা এমনকি নাটকের (৬০ শতাংশ) চেয়েও বেশি। সুতরাং, করপোরেট ব্র্যান্ডগুলো যে সংবাদের সঙ্গে বিজ্ঞাপনের মিশ্রণ ঘটানোর চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। অথচ প্রস্তাবিত নীতিতে এটি বন্ধ, নিদেনপক্ষে নিরুত্সাহিত করারও কোনো কথা নেই। সংবাদ বা সংবাদ শিরোনামে বিজ্ঞাপনদূষণ বন্ধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হলে চ্যানেলগুলো যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা ভাবার কোনো কারণ নেই। কেননা, তখন শুধু বিজ্ঞাপনের স্থান পরিবর্তন হয়ে সেটা সংবাদের আগে, পরে অথবা বিরতিতে কিংবা জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা অনুষ্ঠানে চালান হবে। বাংলাদেশ টেলিভিশনের কোনো সংবাদে করপোরেট ব্র্যান্ডিং নেই বলে বিজ্ঞাপনের আয় যে তাদের কম, তা তো নয়। সংবাদভিত্তিক বা সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠানগুলোর ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই ধরনের নীতি থাকা উচিত। সংবাদ ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে সম্পাদকীয় উপাদানের সঙ্গে করপোরেট ব্র্যান্ডিংয়ের মিশ্রণ নিরুত্সাহিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা উচিত।
রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ার ফলে সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কারণে হয়রানি, চ্যানেল বন্ধ করা অথবা টিকে থাকার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে অংশীদারির নতুন বোঝাপড়া—এগুলোর সবই আমরা প্রত্যক্ষ করেছি। ভবিষ্যতেও এমনটি হতে থাকবে। তাই সম্প্রচারমাধ্যমকে একটা নিয়মনীতির আওতায় আনার সময় প্রতিষ্ঠানগুলোর সম্পাদকীয় ও পেশাগত যোগ্যতা-দক্ষতার দিকটিকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত।
প্রস্তাবিত সম্প্রচারনীতিতে ‘সমাজের সব ক্ষেত্রে বৈষম্য নিরসন করে সমতার নীতি প্রতিষ্ঠায় বেসরকারি গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হলেও বাস্তবে টেলিভিশনকে রাজধানীকেন্দ্রিক করে রাখায় দেশের অন্য অঞ্চলগুলোকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। ফলে ঢাকার রাজনীতিক, নীতিনির্ধারক, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক ও পেশাজীবীদের হাতেই দেশের ভূত-ভবিষ্যত্ নিয়ন্ত্রিত হওয়ার ধারা অব্যাহত থাকবে। বিটিভির আঞ্চলিক কেন্দ্রগুলো যে দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে, সেই কাজে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা যেত। ঢাকায় ইতিমধ্যে চ্যানেলগুলোর সংখ্যাধিক্যের কারণে বাণিজ্যিক প্রতিকূলতার শিকার হুমকির মুখে থাকা প্রতিষ্ঠানগুলোকে দেশের নানা প্রান্তে স্থানান্তরে উত্সাহিত করার একটা সুযোগ এখন তৈরি হয়েছিল।
রাজনৈতিক যোগাযোগ না থাকা অথবা লেজুড়বৃত্তিতে সম্মত না হওয়ায় চ্যানেলের লাইসেন্স পাননি অথবা এ শিল্পে অভিজ্ঞতা অর্জনের পর এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ খুঁজছেন—এ রকম বহু পেশাদারের জন্য এ শিল্পে জায়গা করে দেওয়ার বিষয়টিও এখানে বিবেচনার দাবি রাখে। চ্যানেলগুলোর জন্য একটা নির্দিষ্ট অনুপাতের অনুষ্ঠান স্বাধীনভাবে কাজ করা প্রযোজক-নির্মাতাদের থেকে কেনার বাধ্যবাধকতা থাকা উচিত, যাতে টেলিভিশনেরও একটা পশ্চাত্মুখী শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) স্বচ্ছন্দে বিকশিত হতে পারে। বর্তমানে নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠানের একটা বড় অংশ এসব স্বাধীন প্রযোজনা উত্স থেকে এসে থাকে, কিন্তু কোনো নিয়মনীতি না থাকায় এবং তাদের অভাব-অভিযোগ জানানোর কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান না থাকায় তাদের হয়রানির শেষ নেই। এ ছাড়া সংবাদভিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এ স্বাধীন প্রযোজকদের জন্য সুযোগ সম্প্রসারিত হওয়া উচিত।
চ্যানেলগুলোর বিরুদ্ধে দর্শকদের এখন সবচেয়ে বড় অভিযোগ যে তারা একঘেয়েমির শিকার। কোনো চ্যানেলের কোনো আলাদা বৈশিষ্ট্য নেই, সব জায়গায় একই স্টাইলের খবর, একই ধরনের টক শো, একই ধরনের নাটক অথবা একই ধরনের ট্যালেন্ট শো। তারা বৈচিত্র্য এবং সৃজনশীলতার অভাব প্রকটভাবে অনুভব করেন। এ ক্ষেত্রে অন্তত ১০ শতাংশ পরিমাণে হলেও সৃজনশীল স্বকীয় চরিত্রের অনুষ্ঠান (অরিজিনাল কনটেন্ট) নির্মাণে বিনিয়োগের বাধ্যবাধকতার কথা এ ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। বেসরকারি খাতে প্রায় দেড় দশকে এ শিল্পে স্বকীয় সৃজনশীলতার ছাপযুক্ত বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান খুব একটা হয়েছে বলে বোধ হয় দাবি করা যাবে না।
কয়েকটি ক্ষেত্রে ইতিমধ্যেই এমন কয়েকজন ব্যক্তির হাতে একাধিক টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইন প্ল্যাটফর্মের মালিকানা কেন্দ্রীভূত হয়েছে যাঁদের রাজনৈতিক বা বাণিজ্যিক, কারও কারও ক্ষেত্রে উভয় অভিলাষই আকাশছোঁয়া। তাঁরা যাতে রাজনীতি এবং ব্যবসার ক্ষেত্রে তাঁদের এ প্রতাপ-প্রতিপত্তির অপব্যবহার করতে না পারেন, সে জন্য যথেষ্ট রক্ষাকবচের ব্যবস্থা প্রস্তাবিত নীতিতে নেই। একাধিক চ্যানেলে একক কর্তৃত্ব সুষ্ঠু প্রতিযোগিতার অনুকূল নয়।
চ্যানেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি বিষয়ে খুবই যৌক্তিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শনকে সম্প্রচারের অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা। তাদের আশঙ্কা, এ অজুহাতে হরতাল, অবরোধ, রাজনৈতিক সহিংসতার খবর প্রচার বন্ধ করার লক্ষ্যে এ বিধিটিকে প্রয়োগের চেষ্টা করতে পারে সরকার। মুঠোফোন প্রযুক্তি এবং ইন্টারনেটের বিস্তৃতির কারণে সংগঠিত কোনো গোষ্ঠী রাজনৈতিক বা অন্য কোনো কারণে কীভাবে নিমেষেই সহিংসতা ছড়িয়ে দিতে পারে, সেই অভিজ্ঞতা তো আমাদের সবারই হয়েছে। রামুতে সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা যুদ্ধাপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ধর্মীয় উগ্রপন্থীদের সহিংসতার ক্ষেত্রে টেলিভিশন বা রেডিওর সম্প্রচারকে দায়ী করার কোনো অবকাশ আছে বলে তো মনে হয় না।
প্রকৃতপক্ষে এ খসড়ার পঞ্চম অধ্যায়ের অধিকাংশ বিষয়ই মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে পারে। জাতীয় চরিত্র নিয়ে ব্যঙ্গ করা না গেলে আত্মসমালোচনাকে যে গণ্ডির মধ্যে আটকে রাখা হবে, তা আত্মঘাতী। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ধরনের গোপন তথ্য ফাঁস নিষিদ্ধের অজুহাত দিয়ে জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধা দেওয়ার নজির বাংলাদেশে তো কম নেই। সামরিক ক্রয়ের মতো বিষয়ে সংসদীয় তদারকি যেখানে প্রায় অনুপস্থিত, সেখানে অনুসন্ধানী সাংবাদিকতা নিষিদ্ধ হলে তো দুর্নীতি উত্সাহিত হবে। সম্প্রতি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের নজরদারি এবং টেলিফোন, মুঠোফোন ও ইন্টারনেটে আড়িপাতার যেসব তথ্য ফাঁস হয়েছে, সে কারণে যুক্তরাষ্ট্রে কোনো পত্রিকাও নিষিদ্ধ হয়নি, কোনো টিভি চ্যানেলও বন্ধ হয়নি। অথচ ওই সব গোপন তথ্য ফাঁস হওয়াতেই আমরা জানতে পেরেছি যে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর নিরাপদ নয়। বহু দেশের রাষ্ট্রনেতারাও বুঝতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের কাছে তাদের বন্ধুত্ব কতটা ঠুনকো। ব্রাজিলের প্রেসিডেন্ট তাই ওবামার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন এসব কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়েছে। সুতরাং, বন্ধুপ্রতিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের ওপর শর্তারোপ অনাকাঙ্ক্ষিত।
খসড়ার তৃতীয় অধ্যায়ের ৩.৭.২ বিধিতে বলা হয়েছে, ‘বেসরকারি সম্প্রচারের উদ্দেশ্যে পরিবেশিত অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে দ্য সেন্সরশিপ অ্যাক্ট ১৯৬৩ বা তার অধীন প্রণীত বিধি বা নীতিমালার পরিপন্থী কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না।’ মূলত চলচ্চিত্রের জন্য প্রণীত আইন ‘৬৩-এর সেন্সরশিপ অ্যাক্টকে টেলিভিশন অনুষ্ঠানমালার ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষমতা সরকার যদি তার হাতে রাখতে চায়, তাহলে আর আলাদা করে সম্প্রচার নীতিমালা তৈরির প্রয়োজন কি ছিল? ওই সেন্সর আইনে জেলা প্রশাসকের মতো কর্মকর্তার হাতেই যেকোনো ফিল্মের প্রদর্শন নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া আছে। বিভিন্ন টেলিফিল্ম অথবা তথ্যচিত্র প্রচারের ক্ষেত্রে জেলা প্রশাসকেরা এ আইন কীভাবে প্রয়োগ করবেন, সেটিও একটি ধাঁধা।
[খসড়া সম্প্রচারনীতির বিষয়ে আমার পূর্ববর্তী লেখায় বিজ্ঞাপন খাতের তদারকির জন্য ব্রিটেন এবং ভারতের আদলে আলাদা প্রতিষ্ঠান গড়া প্রসঙ্গে বিটিআরসিকে সম্পৃক্ত না করার যে কথা বলা হয়েছে, বাস্তবে সেটি প্রস্তাবিত সম্প্রচার কমিশনের হাতে ন্যস্ত করার কথা বলা আছে।
তবে আমার মূল কথা হলো, বিজ্ঞাপনকে শুধু সম্প্রচারের অংশ হিসেবে বিবেচনা না করে বৃহত্তর পরিসরে তার যথার্থতা এবং নৈতিকতার প্রশ্নগুলো মীমাংসার জন্য একটি আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা।]
কামাল আহমেদ: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, লন্ডন।