
বিশ্বজুড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ক্ষমতায়নের মাধ্যমে নারীর সম-অধিকার নিশ্চিতকরণের একটি মৌলিক অন্তরায় নারীর প্রতি নির্যাতন, যা প্রতিরোধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো তিন দশকের অধিক সময় ধরে নিরন্তর সংগ্রাম করে চলেছে। বিশেষত ১৯৮১ সালে জাতিসংঘ কর্তৃক ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন সনদ’ (সিডও সনদ) পরিগৃহীত হওয়ার পর নারী নির্যাতন ইস্যুটি মানবাধিকার লঙ্ঘনের মৌলিক বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে নারী আন্দোলন ও সরকার এ ব্যাপারে সোচ্চার হয়। যদিও অর্থনৈতিক উন্নয়ন, সমাজ ও প্রেক্ষাপটভেদে বিভিন্ন দেশে নারী নির্যাতনের ধরন ও মাত্রার তারতম্য দেখা গেলেও নারীর প্রতি সহিংসতা একটি সর্বজনীন বাস্তবতা এবং তা নিরসনের পদক্ষেপ গ্রহণের আবশ্যকতা অস্বীকার করার উপায় নেই।
বাংলাদেশে বিভিন্ন গবেষণা সংস্থা ও এনজিওর তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতন ১২-১৫ শতাংশ হারে বেড়ে চলেছে। তবে সংগত কারণেই এসব গবেষণার পরিধি, সূত্র ও অধিশ্রয়ণ (ফোকাস) সীমিত হওয়ায় নারী নির্যাতন ইস্যুটির বহুমাত্রিকতা, ব্যাপকতা ও নারীজীবনে এর গভীর প্রভাবের চিত্র সুস্পষ্ট না হওয়ায় তা নিরসনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করার মধ্যে প্রচুর ঘাটতি দেখা যায়। যে কারণে নারীর সম-অধিকার নিশ্চিতকরণে ও সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রায় ১৬টি বিশেষ আইন ও নীতি থাকা সত্ত্বেও নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা হ্রাসে এসব আইন তেমন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো নারী নির্যাতনের ওপর জাতীয় পর্যায়ে একটি জরিপ চালানোয় সে তথ্য উদ্ঘাটিত হয়েছে (প্রথম আলো, ২৩.০১.১৪), তা সরকারকে এ-সংক্রান্ত একটি ডেটাবেইস সৃষ্টিতে সহায়তা করবে। যেহেতু এই জরিপে জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের নির্ধারিত সূচক ও মানদণ্ড ব্যবহূত হয়েছে, সে কারণে পরবর্তী সময়ে সরকার, বেসরকারি সংস্থা ও দাতাগোষ্ঠী কর্তৃক গৃহীত নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমসমূহ অধিক ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বৈশ্বিক পর্যায়ে প্রশংসিত হয়ে আসছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সুশাসনের অভাব সত্ত্বেও বাংলাদেশের পক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় অর্জন সম্ভব হয়েছে মূলত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিকে কেন্দ্র করে (অ্যান আনসার্টেন গ্লোরি)। কিন্তু একই সঙ্গে দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন শুধু একটি জেন্ডার ইস্যু নয়, একটি চরম মানবাধিকার লঙ্ঘনের ইস্যুও বটে। ঘরে, বাইরে, রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে; এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাছেও নারী নিরাপদ নন।
পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, ২০১২ সালে সারা দেশে থানায় দায়েরকৃত নারী নির্যাতনের মামলার মোট সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৪২২, যা ২০০১ সালে ছিল ১২ হাজার ৯৫৮ (নারীপক্ষ)। তবে এসবই ছিল স্বগৃহে পারিবারিক পরিবেশের বাইরে সংঘটিত সহিংসতা। বিবিএসের জরিপ প্রথমবারের মতো নারীর সবচেয়ে বড় ও ‘নিরাপদ’ আশ্রয়স্থলের ঝুঁকি জনসমক্ষে নিয়ে এসেছে। বিবিএসের জরিপে দেখা গেছে, মেয়েরা স্বামীর ঘরেই বেশি নির্যাতনের শিকার। কর্মস্থলে যেখানে ১৬ দশমিক ২ শতাংশ নারী নির্যাতিত হন, তার পাঁচ গুণের বেশি—৮৭ দশমিক ৭ শতাংশ নারী নির্যাতিত হন স্বামীর ঘরে। এই জরিপের সময়কাল ছিল ২০১১ এবং জরিপটি চালানো হয় দেশের ৪২০টি এলাকায় ১৫ বছরের বেশি বয়সী ১২ হাজার ৫৩০ জন নারীর ওপর, যাঁদের প্রশ্নোত্তরের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়।
এই জরিপের একটি তুলনা করা যায় ২০১২ সালে মহিলা পরিষদ কর্তৃক পরিচালিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় নারী নির্যাতনবিষয়ক প্রকাশিত তথ্যের ভিত্তিতে গবেষণার ফলাফলের সঙ্গে। পত্রিকায় প্রকাশিত দুই হাজার ৫১৩টি নারী নির্যাতনের ঘটনায় পারিবারিক নির্যাতনের হার ছিল ১২ শতাংশ, যা ঘরের বাইরে সংঘটিত নির্যাতনের হারের অনেক কম। শুধু ধর্ষণ ও গণধর্ষণের হার ছিল ২৭ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া পাচার (৩ দশমিক ৩৯ শতাংশ), অপহরণ (৪ দশমিক ৩৭ শতাংশ), অ্যাসিড নিক্ষেপ (৪ দশমিক ৪৫ শতাংশ), উত্ত্যক্ত (১৯ দশমিক ৩৯ শতাংশ) ও হত্যা (৮ দশমিক ৩১ শতাংশ) সমন্বয়ে ঘরের বাইরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সর্বাধিক (৪৭ শতাংশ)। এ থেকে আমরা বলতে পারি, পাবলিক স্পেসে নারী নির্যাতনের ব্যাপকতা ও ভয়াবহতা বিবিএসের জরিপে ফুটে ওঠেনি; শুধু কর্মস্থলে ১৬ দশমিক ২ শতাংশ নারী নির্যাতনের চিত্রটি তাই একটি ক্ষুদ্র অংশের প্রতিচ্ছবি। বিবিএসের জরিপে উঠে আসা তথ্য, ৮৫ শতাংশ নারীর উপার্জন করার স্বাধীনতা নেই—বিষয়টিতে দ্বিমতের অবকাশ আছে। সাম্প্রতিক কালের প্রায় সব গবেষণায় নারীর অর্থনৈতিক কার্যক্রমে ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। উপরন্তু গ্রামীণ, ব্র্যাক ও অন্যান্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমেও নারীর উপার্জনের পরিধি বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে স্বামীর অনুমতির প্রয়োজন হলেও স্ত্রীর বাড়তি উপার্জন পরিবারে স্বাগত জানানো হয়। ফলে শ্রমবাজারে বাংলাদেশের নারীর অংশগ্রহণের হার ৫৭ শতাংশ, যা ভারতের ক্ষেত্রে মাত্র ২৯ শতাংশ (অমর্ত্য সেন)।
এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে সংশ্লিষ্ট পরিসংখ্যানের মাত্রার ভিন্নতার কারণ বহুবিধ হতে পারে। বিশেষভাবে উল্লেখ্য যে নারী নির্যাতনের বিষয় থানায় রিপোর্টিং বা পত্রিকায় শুধু তখনই প্রকাশিত হয়, যখন নির্যাতনের কারণে নারীর মৃত্যু, অঙ্গহানি অথবা আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গৃহীত হয়। নির্যাতন প্রতিরোধে আইনের দ্বারস্থ হওয়া পরিসংখ্যান অথবা পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী নির্যাতনের মূল্যায়নের এই বিরাট সীমাবদ্ধতা উত্তোলিত হয়েছে বিবিএসের জরিপে। এবং সম্ভবত এই প্রথম দেশে এ ধরনের পদক্ষেপ গৃহীত হলো। পরম নির্ভরশীলতা এবং আস্থার বন্ধনে যে তরুণী স্বামীগৃহে প্রবেশ করে সুন্দর আগামীর প্রত্যাশায়, তিনি যখন মানসিক নির্যাতনের শিকার হন, তা মেনে নেওয়া ছাড়া তাঁর কাছে আর কোনো বিকল্প থাকে না। কারণ, আমাদের পারিবারিক কাঠামো ও সামাজিক প্রথায় এবং আইনি ব্যবস্থায় মানসিক নির্যাতন প্রতিরোধের কোনো সুযোগ নেই, যদিও এ ধরনের নীরব নির্যাতনের সুদূরপ্রসারী প্রভাব অনেক সময় নারীজীবনে শারীরিক নির্যাতনের চেয়েও অধিক ক্ষতিকর হয়। জরিপে প্রতীয়মান হয়েছে, ৮১ দশমিক ৬ শতাংশ নারী স্বামীগৃহে মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন, যা শারীরিক নির্যাতন হারের (৬৪ দশমিক ৬ শতাংশ) অধিক। ভবিষ্যতে নারী নির্যাতনসংক্রান্ত গবেষণায় এবং সহায়ক ব্যবস্থা সৃষ্টি ও আইনি পদক্ষেপ নির্ধারণে মানসিক নির্যাতনের ব্যাপারটি যথাযথ গুরুত্ব পাবে বলে আশা রাখি।
বিবিএসের জরিপের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, সরকারিভাবে নারী নির্যাতনকে সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা, যা একই সঙ্গে সরকারকে নারীর মানবাধিকার সুরক্ষিত করার জন্য দায়বদ্ধ করে। এই জরিপের মাধ্যমে ঘরে-বাইরে উভয় ক্ষেত্রে নারীর জীবনের অসহায়তা ও আক্রম্যতার যে চিত্র ফুটে উঠেছে, তার দায় সমগ্র জাতির ওপর বর্তায়। নীরবতা ভেঙে পরিবার ও সমাজের মুখোশ উন্মোচন করতে হবে। আমাদের সংস্কৃতিচর্চায়, গণমাধ্যমে, সুশীল সমাজের নৈতিক বিতর্কে এবং সর্বোপরি রাজনৈতিক অঙ্গীকারে নারী নির্যাতন নিরসনকে অগ্রাধিকার দিয়ে পিতৃতান্ত্রিক মানসিকতা ও বহিঃপ্রকাশে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। বর্তমানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার সুরক্ষায় দেশে যেসব আইন প্রচলিত আছে, তা বিভিন্ন পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে পরিমার্জন ও নারী সংবেদনশীল করতে হবে। নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে পরিবারের সম্পদ সৃষ্টি হয় বিধায় আইনের দৃষ্টিতে সম্পদে নারীর সম-অধিকার নিশ্চিত করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে নৈতিকতা ও মানবাধিকারের ইস্যু হিসেবে লিঙ্গসমতা সম্পর্কে শিশুদের সচেতন করে তুলতে হবে। সর্বশেষে বিবিএসকে ধন্যবাদ জানাই দেরিতে হলেও এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য।
সালমা খান: অর্থনীতিবিদ ও নারীনেত্রী।