সরকার কোথায় থাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নীরব থাকলেই বিভ্রান্তি বাড়ে
সরকার নীরব থাকলেই বিভ্রান্তি বাড়ে

শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে অভিযানের ঘটনায় ৬১ জন নিহত হয়েছে—এমন দাবি মানবাধিকার সংগঠন অধিকারের। অধিকারের এই দাবি কোনো গোপন বা লুকানো বিষয় নয়। গত ১০ জুন সংগঠনটি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে এই দাবি করা হয়। কারা এই ৬১ জন, তা জানার ব্যাপারে গণমাধ্যম তেমন উৎসাহ দেখিয়েছে বলে আমরা টের পাইনি। এ নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি করেনি, কোনো সংবাদমাধ্যম এই ৬১ জনের তালিকার খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠেনি। কিন্তু সরকার যে এ ব্যাপারে উৎসাহী ছিল, তা আমরা জানলাম গত ১০ আগস্ট রাতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান গ্রেপ্তার হওয়ার পর!
আদিলুর রহমান গ্রেপ্তার হওয়ার পর জানা গেল যে সরকার অধিকারের কাছে নিহত ব্যক্তিদের তালিকা চেয়েও পায়নি। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বলছে, শাপলা চত্বরের ঘটনা নিয়ে অধিকারের প্রতিবেদন প্রকাশিত হওয়ার এক মাস পর তথ্য মন্ত্রণালয় সংগঠনটির কাছে তথ্যানুসন্ধান প্রতিবেদন ও ৬১ জনের নাম-ঠিকানা চেয়ে পাঠায়। অধিকার এর জবাবে সরকারকে কোনো তালিকা না দিয়ে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। আর বলেছে, এ রকম কিছু হলেই তাদের কাছে তালিকা দেওয়া হবে। আমাদের প্রশ্ন, সরকার যে অধিকারের কাছে নিহত ব্যক্তিদের তালিকা চেয়ে পায়নি, সেটা আদিলুরকে গ্রেপ্তার করার আগে দেশবাসী জানল না কেন? তবে এতে যে আদিলুরের গ্রেপ্তারের বিষয়টি যৌক্তিক হতো, তা নয়। কিন্তু সরকার অন্তত প্রমাণ করতে পারত যে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে এবং এ ব্যাপারে যেকোনো চ্যালেঞ্জ নিতে সরকার প্রস্তুত রয়েছে।
অধিকারের কাছে তথ্য মন্ত্রণালয় যে চিঠি পাঠিয়েছে, তার একটি অংশ উল্লেখ করা জরুরি মনে করছি। ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। ৬ ও ৭ মে নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাবসহ অন্যান্য জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তন্নতন্ন করে খুঁজেও ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে ‘প্রকৃত’ ঘটনা জনগণকে জানাতে সরকারের যে ‘আন্তরিকতার’ কথা বলা হচ্ছে, বাস্তবে সরকারে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। একটি গণতান্ত্রিক সরকার দায়বদ্ধতার কারণে তার জনগণের সামনে যেভাবে প্রকাশিত থাকে, বর্তমান সরকারকে সে ক্ষেত্রে প্রায় ব্যর্থই বলতে হবে। গত ফেব্রুয়ারি মাসে মানবতাবিরোধী অপরাধের রায়গুলো নিয়ে দেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে ভয়াবহ সংঘাত-সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সে সময় অধিকাংশ ক্ষেত্রে সরকার ও এর অবস্থান দৃশ্যমান ছিল না। কখনো কখনো সরকারকে নিখোঁজ মনে হয়েছে। দেশের প্রাকৃতিক বা রাজনৈতিক যেকোনো ধরনের দুর্যোগেই জনগণ সরকারকে দৃশ্যমান দেখতে চায়, সরকার কী করছে তা জানতে চায় বা সরকার কী করতে যাচ্ছে, সেই আশ্বাস শুনতে চায়।
গত মে মাসে লন্ডনের উলউইচে সেনা ব্যারাকের সামনে যখন প্রকাশ্যে সেনা কর্মকর্তা লি রিগবিকে কুপিয়ে খুন করা হয়, তখন ফ্রান্স সফরে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। এই হত্যাকাণ্ডের দৃশ্য টিভিতে প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই টিভির স্ক্রলে দেখেছিলাম, ফ্রান্স সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরন। দেশে ফিরেই তিনি সরকারের ‘ইমার্জেন্সি কোবরা কমিটির’ সঙ্গে বৈঠক করেছেন, গণমাধ্যমে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন। তদন্তের বিষয়টি জনগণকে জানিয়েছেন, হত্যাকারী কৃষ্ণাঙ্গ ও মুসলিম হওয়ায় যাতে কোনো ধরনের বিদ্বেষ ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে এর দিন দুয়েক আগে এক টর্নেডো লন্ডভন্ড করে দেয় ওকলাহোমার মোরে শহরকে। এর পরপরই গণমাধ্যমে হাজির হয়ে উদ্ধারকাজ ও তাঁর সরকার কী কী করছে ও করতে যাচ্ছে, সে ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর স্থানীয় প্রশাসনের লোকজন তো নিয়মিতই প্রেস ব্রিফিং করে পরিস্থিতি জানাতেন। প্রায় একই সময়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল সুইডেনের রাজধানী স্টকহোমে। পাঁচ-ছয় দিনের এই দাঙ্গা যখন চলছিল, তখন প্রতিদিনই দেখেছি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে হাজির হয়ে পরিস্থিতির বর্ণনা ও সরকারের নেওয়া উদ্যোগের বিবরণ দিয়েছেন সরকারের কোনো না কোনো মন্ত্রী। আহ্বান জানিয়েছেন জনগণকে শান্ত থাকতে।
জনগণের সামনে সরকারের হাজির হওয়ার এই যে দায়বদ্ধতা, এর ধারেকাছেও নেই আমাদের সরকারগুলো। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর সারা দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল, তখন সরকার যেন উধাও হয়ে গিয়েছিল। টানা সহিংসতায় ৭৭ জন মারা যাওয়ার পর ছয় দিনের মাথায় আমরা পেয়েছি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি! সেখানে বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি তাঁর দায়িত্ব সেরেছেন! এই ছয় দিনে থানা, পুলিশ ফাঁড়ি, সরকারি দপ্তর, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ও পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। রেলস্টেশন ও রেলে আগুন দেওয়া হয়েছে, রেললাইন তুলে ফেলা হয়েছে, সেতুর পাটাতন খোলা হয়েছে, গাছ কেটে রাস্তা অবরোধ হয়েছে। নির্মমভাবে খুনের শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য।
আমাদের সরকার যদি আধুনিক গণতান্ত্রিক সরকারের মতো জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার হতো, তবে প্রতিদিন জনগণের সামনে হাজির হয়ে পরিস্থিতির বর্ণনা ও সরকার কী করছে, তা জানানোর চেষ্টা করত। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক শক্তিকে একত্র হওয়ার আহ্বান জানাতে পারত, এ ধরনের ধ্বংসযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জনমনে সাহস দেওয়ার উদ্যোগ নিতে পারত। বিভিন্ন স্থানে যখন সরকারি অফিস ও প্রশাসন হামলার শিকার হয়েছে, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন দুর্বৃত্তদের লক্ষ্যে পরিণত হয়েছেন, তখন তাঁদের মনোবল চাঙা করার জন্য যেখানে সরকারের সরব উপস্থিতি ও সমর্থন জরুরি ছিল, সেখানে সরকার যেন উধাও হয়ে গিয়েছিল।
সাম্প্রতিক সময়ে এ ধরনের পরিস্থিতিতে সম্ভবত একমাত্র ব্যতিক্রম ছিল ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের দিন সরকারের প্রতিক্রিয়া। বিকেল থেকে যখন ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, নগরবাসীর মধ্যে যখন আতঙ্ক বাড়ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা তৈরি আছি।’ তবে এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ছিল স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সংবাদ সম্মেলন। দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তিনি যা বললেন, তা একধরনের জোর ও আত্মবিশ্বাসের প্রকাশ ছিল। ‘ঢাকায় তাদের চালানো তাণ্ডবে পাকিস্তানি প্রেতাত্মাদের চিত্র দেখা গেছে। ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছিল বলেই তারা এটা করতে পেরেছে। এরপর আর ঢাকায় আসতে দেওয়া হবে না। দরকার হলে ঘরে বন্ধ করে রাখা হবে।’ এ ধরনের ঘোষণা ও বক্তব্য হেফাজত বা তাদের সমর্থকদের কাছে ভালো না-ও লাগতে পারে, কিন্তু এতে অন্তত হেফাজতের ব্যাপারে ওই সময় সরকারের অবস্থান কী, তা পরিষ্কার হয়েছে। জনগণ এটা বুঝতে পেরেছিল যে শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে যা হচ্ছে, সে ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে।
গভীর রাতে সমাবেশে অভিযান চালিয়ে সরকার হেফাজতকে সরিয়ে দিয়েছিল। সকালে পল্টন ও মতিঝিলের ধ্বংসযজ্ঞ গণমাধ্যমে দেখে ঢাকাবাসী তো বটেই, পুরো দেশের মানুষই চমকে উঠেছিল। একই সঙ্গে পরিস্থিতি ‘সামাল’ দিতে পারায় একধরনের স্বস্তিও পেয়েছিল ঢাকাবাসী। কিন্তু রাতের অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে একটা অস্বস্তি শুরু থেকেই কাজ করছিল জনমনে। আগের দিন সৈয়দ আশরাফুল ইসলাম যেমন জনগণের সামনে হাজির হয়েছিলেন, ৬ মে তারিখেও উচিত ছিল একই ধরনের হাজিরার।
সরকারের তরফে সৈয়দ আশরাফুল ইসলাম বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি গণমাধ্যমে হাজির হয়ে ৫ তারিখ রাতে কী ঘটেছে, কেন এ ধরনের অভিযান দরকার ছিল, কোন পরিস্থিতিতে সরকার এ ধরনের অভিযান পরিচালনা করেছে, হতাহতের সংখ্যা কত, এসব পরিষ্কার করত, তবে আজ এত দিন পরেও এ নিয়ে যে মাত্রার বিভ্রান্তি, সেটা হয়তো হতো না। কিন্তু আমরা দেখলাম, ৬ মে থেকে আবার যেন গা ঢাকা দিল সরকার। অভিযানে মৃতের সংখ্যা যখন ‘শত শত’ বা ‘হাজার হাজার’ হিসেবে আলোচিত হতে শুরু করেছে, তখন দিন পাঁচেক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটি প্রেসনোট পেলাম!
আমাদের দেশের সরকারের লোকজন বা মন্ত্রীরা যে কথা বলেন না, তা তো নয়। কিন্তু তাতে আমরা সরকারের কোনো অবস্থান জানতে পারি না। একেক মন্ত্রী একেক কথা বলেন, আর যা বলেন, তা-ও কোনো আনুষ্ঠানিক কিছু নয়। কোথাও কোনো অনুষ্ঠানে গেছেন বা কিছু পরিদর্শনে গেছেন, সাংবাদিকদের অনুরোধে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁরা দুই কথা বলে দেন। কোন ইস্যুতে সরকারের অবস্থান কী, তা আমরা জানতে পারি না। জনগণের সামনে হাজির না হওয়ার এই ‘কৌশল’ যে বিভ্রান্তি ছড়ায়, সেটা সরকারকে বোঝাবে কে?
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]