
অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
সাংসদ গোলাম মাওলা পেটালেন দুই সাংবাদিককে
সাংসদ গোলাম মাওলার হাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুজন সাংবাদিক প্রহূত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়ে মুন্না লিখেছেন: লেকচার দেওয়া আর বাস্তবতা যে ভিন্ন, সেটি প্রমাণিত হলো। সাংসদ গোলাম মাওলা কলামে-টক শোতে ভালো ভালো, দামি দামি কথা লেখেন ও বলেন। কিন্তু প্রমাণিত হলো, সমাজ এ ধরনের কলাম লেখক বা টক শোর বক্তাদের কাছ থেকে ফাঁকা বুলি ছাড়া আর কিছু পায় না।
উজ্জ্বল: পিঁপড়ের পাখা গজানো ভালো লক্ষণ নয়। যখন দেখি একজন সাংসদ নোংরা কাজে যুক্ত, তখন খুব দুঃখ পাই এ জন্য যে, তাঁরা পদটির মূল্য বুঝলেন না। জনগণ তাঁকে যে দায়িত্বটি দিয়েছে, সেটির মর্যাদা বুঝলেন না।
ওয়াহিদ হোসেন সিদ্দিকী: জনপ্রতিনিধিদের কাছে আমরা সংযত আচরণ আশা করি। সাংবাদিকদের গায়ে হাত তোলা গর্হিত অন্যায় হয়েছে। এর যথোপযুক্ত বিচার আশা করি।
আয়াজ: রনির বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু তা-ই নয়, ইলেকট্রনিক গণমাধ্যমের টক শোতে তাঁর তত্ত্বকথা ও কল্পকাহিনি আর শুনতে চাই না।
ঘুরে দাঁড়াতে চায় হতাশ আ.লীগ
পাঁচটি সিটি নির্বাচনে হেরে গেলেও আসছে জাতীয় নির্বাচনে সফল হতে চায় আওয়ামী লীগ। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামত প্রকাশ করে মারুফ খান লিখেছেন: আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর উপায় এখন একটাই—তা হলো, প্রধানমন্ত্রীকে আগামী কয়েক মাস ‘চুপ’ থাকতে হবে। তিনি সবার অভিভাবক, তাই সব বিষয়ে তাঁর অযাচিত বক্তব্য অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
লুবাবা রহমান: সরকার ও আওয়ামী লীগ একাকার হয়ে সাড়ে চার বছরে যে লুটপাট ও দুর্নীতি করেছে, তার খেসারত তো আওয়ামী লীগকে দিতেই হবে। যদি সরকার তত্ত্বাবধায়ক সরকার দেয়, তাহলে মানুষের মন হয়তো কিছুটা জয় করতে পারবে।
এ এম জুবায়ের: কোটা নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বললেন, তাতে প্রকাশ্য আন্দোলন হয়তো থামল। কিন্তু বিপুল ছাত্রের মধ্যে যে চাপা অসন্তোষ থেকে গেল, তা কি নির্বাচনে প্রভাব ফেলবে না? সরকার বুঝতে পারছে না, কিসে তার জনপ্রিয়তা কমছে।
ভাঙচুরকারীদের পিএসসির অধীনে চাকরি হবে না: প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে কোটাপদ্ধতির বিরুদ্ধে আন্দোলনকারীদের হুঁশিয়ার করে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ জমির হায়দার লিখেছেন: আন্দোলনের নামে যারা ভাঙচুর করেছে, প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু মানতেই হবে, আন্দোলনটি ছিল ন্যায়সংগত ও যুক্তিযুক্ত। প্রাথমিক বাছাইয়ে কোটাব্যবস্থা জারির বিষয়টি ছিল অযৌক্তিক। ফলে গণ-আন্দোলনের কাছে পিএসসিকে মাথা নত করতে হলো।
শামীম: আপনি (শেখ হাসিনা) চাকরি দেওয়ার কে? এটি আমাদের অধিকার। সবকিছুতে রাজাকার-ইস্যু টেনে নিয়ে আসা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না। যত বেশি বিভাজন তৈরি করবেন, দেশ তত বেশি গৃহযুদ্ধের দিকে চলে যাবে।
সাখাওয়াত: সমস্যা হচ্ছে মেধাবীদের বাদ দিয়ে দলের কর্মীদের নিয়োগ দেওয়া নিয়ে। প্রশাসনে এখন দল, লীগ আর জামায়াত ছাড়া কেউ আছে কি? আপনারা পবিত্র কোরআন শরিফের ওপর হাত রেখে শপথ করলেও আপনাদের কথা বিশ্বাসযোগ্য হবে না। দেশটিকে শেষ করে দিলেন আপনারা। ক্ষমতায় থাকলে দেখতে পান উন্নয়নের জোয়ার, আর না থাকলে ভরাডুবি। আপনার আর খালেদা জিয়ার উন্নয়নের জোয়ারে এখন আমাদের ওপরে ১০ নম্বর মহাবিপৎসংকেত ঝুলে আছে।
নতুন ধারার সরকার গঠন করবে বিএনপি: খালেদা
আসছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে দুর্নীতিমুক্ত সরকারব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সংবাদে মত প্রকাশ করে জহিরুদ্দিন মাহমুদ লিখেছেন: ২০০১ সালে ক্ষমতায় যাওয়ার আগেও এ রকম সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাজ করেছেন উল্টো। আপনার শাসনামলে বিশ্বে চার বছর দুর্নীতিতে প্রথম হয়েছিল বাংলাদেশ। হাওয়া ভবনের দৌরাত্ম্য ও জঙ্গিবাদের প্রসার ঘটেছিল সে সময়। এবার ক্ষমতায় গিয়ে মানুষের জন্য আরও কত নৃশংসতা ও দুর্ভোগ নিয়ে আসবেন, তা দেখার অপেক্ষায় থাকলাম।
জাকির হোসেন: আপনার দলের শেষ শাসনামলে রাজাকার ও দেশদ্রোহীরা মন্ত্রী হয়ে তাঁদের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানোর দুঃসাহস দেখিয়েছিলেন। আশঙ্কা করি, এবারও তা হবে এবং লজ্জায় আরও একবার মাথা নত করব আমরা। ক্ষমতার খেলায় ইতিহাস বড় নির্মম হয়ে যায়।
এম এইচ রহমতুল্লাহ: নতুন ধারার সরকার কীভাবে, কাদের নিয়ে গঠন করবেন, সে পরিকল্পনাটি বিস্তারিত জানতে চাই। সেই মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়াদের নিয়েই তো?
তেঁতুল তত্ত্ব
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নারীদের প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, সেটির প্রতিক্রিয়ায় নিবন্ধ লিখেছেন কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। এতে মতামত জানিয়ে স্বপন খান লিখেছন: নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে আল্লামা শফী যে বক্তব্য দিয়েছেন, তা মেনে নেওয়া যায় না। নারীদের নিয়ে পৃথিবীর অনেক মানুষ অনেক উদাহরণ টেনেছেন, এ রকম কেউ করেননি।
এস কে হূদয়: আহমদ শফী তাঁর বক্তব্যে নারীদের সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছেন। তাঁর মতো এত বড় একজন আলেমের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করিনি।
সুলতানা: ‘সুন্দরী মেয়েলোক দেখলে দিলের মধ্যে কু-খেয়াল আইসা যাবে’—এ ধরনের বক্তব্য যাঁরা দিচ্ছেন, তাঁরা যে ইসলামের সব শাখায় বিচরণ করেননি, তা তাঁদের কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যায়। শরিয়ত ছাড়া মারেফত এবং মারেফত ছাড়া শরিয়তের কোনো দাম নেই। মারেফত চর্চায় দুনিয়ার কোনো আকর্ষণ থাকে না। সেখানে তেঁতুল তত্ত্বের তো প্রশ্নই ওঠে না। যুগে যুগে অনেক বুজুর্গ ব্যক্তি যে এসবের অনেক ঊর্ধ্বে ছিলেন, সেটি তেঁতুলবাদীদের জানার কথা নয়।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)