সরকারি চিনিশিল্পের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় চিনিকলগুলো সেই আশির দশক থেকে ধঁুকছে৷ বারবার দাম কমিয়েও তারা পেরে উঠছে না আমদানি করা ও বেসরকারিভাবে উৎপাদিত চিনির দামের সঙ্গে। উৎপাদন খরচের প্রায় অর্ধেক দাম নির্ধারণ করা হলেও কেন তারা পেরে উঠছে না, সেটা রহস্য বটে। রাষ্ট্রীয় লোকসান, কৃষকদের বঞ্চনা আর অবিক্রীতভাবে পড়ে থাকা লাখো টন চিনির ভার লাঘবের জন্য কী করছে সরকার? প্রতিকারের উপায় বের করা জরুরি।
পুরোনো দেশীয় শিল্পের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাট, চিনি ও বস্ত্রকলগুলো ছিল সামনের সারিতে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই তিন শিল্পই এখন মুখ থুবড়ে পড়েছে। গত মাসের হিসাবে এখন সরকারি ১৫টি চিনিকলে দুই লাখ ২১ হাজার টন চিনি মজুত রয়েছে। গত সাড়ে নয় মাসে বিক্রি হয়েছে মাত্র ২৩ হাজার টন, যার মূল ক্রেতা আবার সেনা, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি। অর্থাৎ বাজারে এই চিনি বিকাতে পারছে না৷ শনিবারের প্রথম আলো জানাচ্ছে, গত তিন বছরে পাবনা চিনিকলের চিনি বিক্রি হচ্ছে না৷ ফলে শ্রমিকেরা বেতন আর কৃষকেরা দাম হারিয়ে দিশেহারা৷ বছরের নয় মাসই এই কলটি বন্ধ থাকে৷
ডিলাররা সরকারি দামের চেয়ে কম দামে বিদেশি চিনি পাচ্ছেন বলে সরকারি চিনি নিচ্ছেন না। এর অভিঘাত গিয়ে পড়ছে চিনিকলগুলোর ২০ হাজার শ্রমিক ও পাঁচ লাখ আখচাষির ওপর। শ্রমিকদের বেতন বকেয়া থেকে যাচ্ছে, আখচাষিরাও সরকারের কাছে পাবেন প্রায় ২০০ কোটি টাকা।
দেশীয় শিল্প সুরক্ষার জন্য স্থানীয়ভাবে উৎপাদিত চিনি ক্রয় বাধ্যতামূলক করার পাশাপাশি আখ চাষ ও চিনিকল পর্যায়ে জ্বালানি ও পরিবহন খরচ কমানোর বিকল্প নেই। প্রয়োজনে আখচাষিদের প্রণোদনা দিতে হবে। দ্বিতীয়ত, সরকারি চিনিকলগুলোর পরিচালনায় যেসব অনিয়ম, অদক্ষতা ও দুর্নীতি আছে, তা দূর করতে হবে। যদি এভাবে চালানো সম্ভব না হয়, তাহলে এগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়াই ভালো৷ সে ক্ষেত্রেও প্রয়োজন হবে রাষ্ট্রীয় ছাড় এবং বিদেশি চিনির আগ্রাসন থেকে সুরক্ষার ব্যবস্থা করা৷