আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারি দলের অবস্থান স্পষ্ট ও নির্দিষ্ট করা জরুরি। সংসদ রেখে, নাকি না রেখে নির্বাচন করা হবে—এ রকম একটি ধাঁধা দীর্ঘ সময় ধরেই বহাল ছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্টভাবে জানিয়ে দিলেন, ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। সংসদ যে বহাল রাখা হবে, সে ইঙ্গিতও স্পষ্ট করা হলো। অথচ কদিন না যেতেই ভিন্ন সুর।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম গত শনিবার বিবিসি সংলাপে বললেন, নির্বাচনকালে সংসদ বহাল থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার পর। বিষয়টি সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্যে পরিষ্কার যে সংসদ রেখে সংসদ নির্বাচন করা হলে তা সমঝোতার পথকে আরও কণ্টকিত করবে। আর সংসদ ভেঙে দেওয়া হলে সমঝোতার পথ সুগম হবে। বিএনপির ওই নেতা বলেন, ‘এইচ টি ইমাম যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীর কথা শেষ কথা নয়, এটা যদি কাছাকাছিও সত্য হয়, তাহলে আমরা আশাবাদী হতে পারি। সংসদ বহাল রাখার বিষয়ে যদি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে হয়তো আলোচনার সুযোগ আছে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে তাঁর উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারছি না।’ এই যুক্তি নাকচ করা যায় না।
আমরা সমঝোতা চাই, তা ঠিক আছে। কিন্তু তাই বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি অবিশ্বাস জনমনে গভীর হওয়া যেমন অনভিপ্রেত, তেমনি পীড়াদায়ক। একটি দলের প্রধান হিসেবে যে ধরনের রাজনৈতিক রণকৌশলের দায় কাঁধে নেওয়া অপেক্ষাকৃত শোভন, তা প্রধানমন্ত্রী হিসেবে একেবারেই অশোভন প্রতীয়মান হতে পারে। সে কারণেই গণতন্ত্রে দল ও সরকারপ্রধান এক ব্যক্তি হওয়া সমীচীন নয়।
আমরা বিস্মিত যে সচিবদের সঙ্গে বৈঠকের পর ক্ষমতাসীনদের পক্ষ থেকে এখন ইসির সঙ্গে আলোচনার কথা বলা হচ্ছে; অথচ রাজনৈতিক দল বা সমাজের অন্যান্য সচেতন মহলের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
প্রধান বিরোধী দলের সঙ্গে নাই বা হলো আনুষ্ঠানিক বৈঠক, কিন্তু ক্ষমতাসীন মহাজোটের শরিকদের মতামত গ্রহণেরও কোনো তাগিদ সরকারি দল আদৌ অনুভব করে বলে প্রতীয়মান হয় না। মহাজোটের শরিক হিসেবে এরশাদের জাতীয় পার্টি ইতিমধ্যে সরকারি লাইনচ্যুত হওয়ার প্রবণতা দেখাচ্ছে। অন্যদিকে রাশেদ খান মেনন সংসদ না রাখার পক্ষে অনেক আগেই তাঁর অবস্থান
স্পষ্ট করেছেন। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যেও স্পষ্ট যে এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়। উপরন্তু, সংসদ না ভেঙে নির্বাচনের ইতিহাস বিশ্বের অন্যান্য ঐতিহ্যবাহী গণতন্ত্রে নেই, বাংলাদেশেও নেই। একজন নির্বাচন কমিশনারও গতকাল স্পষ্ট করেন যে সংসদ রেখে নির্বাচন করা দুরূহ। অতএব, দেশবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই কথাটিই শুনতে আগ্রহী, যা সমঝোতার পথ সুগম করবে।