দেশের নদীগুলো ধ্বংস, দখল ও দূষণের জন্য সরকারি সংস্থাগুলো বেশি দায়ী বলে পরিবেশবাদীরা যে অভিযোগ করেছেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তা নিশ্চয়ই তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইবে। কিন্তু তাতে নদীগুলো রক্ষা পাবে না। গত কয়েক বছরে নদী রক্ষার নামে সরকারি সংস্থাগুলো যেসব পদক্ষেপ নিয়েছে, তা কেবল অকার্যকরই প্রমাণিত হয়নি, ক্ষেত্রবিশেষে নদী দখলপ্রক্রিয়ায় তাদের সক্রিয়তাও লক্ষ করা গেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন গত শুক্রবার বাংলাদেশের নদীর অবস্থা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৩-এ যেসব তথ্য-উপাত্ত হাজির করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। দেশের ৫৭টি নদীর ওপর পরিচালিত পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, নদীর অবক্ষয়ে প্রধানত দায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তাদের নির্মিত অনেক অপ্রয়োজনীয় স্লুইসগেট নদীগুলোর পানির প্রবাহ থামিয়ে দিয়েছে। আরও অবাক কাণ্ড যে এসব স্লুইসগেটের ৯০ শতাংশ কোনো কাজে আসছে না। পানির প্রবাহ অক্ষুণ্ন রাখতেই স্লুইসগেট নির্মণ করা হয়েছিল, বন্ধ করে দিতে নয়। এখন সেই স্লুইসগেটগুলো যদি অকেজো থাকে তাহলে নদী বাঁচবে কী করে?
একই প্রশ্ন নদীর নাব্যতা নিয়েও। আওয়ামী লীগ সরকারের আমলেই নদীর নাব্যতা বাড়াতে বড় বড় প্রকল্পের গল্প শোনানো হয়েছিল, যার ফল ৪৩ দশমিক ২৫ শতাংশ নদীর নাব্যতা হ্রাস! নদী ধ্বংসের দায় এড়াতে পারে না এলজিআরডিও। তাদের উন্নয়ন কৌশলে নদী রক্ষার কথা আছে বলে প্রতীয়মান হয় না। বিভিন্ন স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী নদী দখল ও দূষণ করে যাচ্ছে। সরকারি সংস্থাগুলোর দায়িত্ব তাদের সেই দখলদারি থেকে নদীগুলোকে বাঁচানো।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে নদীগুলোর দখল ও দূষণ বেড়েছে। এর পেছনে যেসব স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী জড়িত, তাদের বিরুদ্ধে সরকার আদৌ ব্যবস্থা নিয়েছে কি? নিয়ে থাকলে সেটি জানার অধিকার জনগণের আছে। সরকারি সংস্থাগুলো মুখে নদী রক্ষার কথা বললেও বাস্তবে যে কিছুই করেনি, দখল ও দূষণের সম্প্রসারণই তার প্রমাণ। লোক দেখানো পদক্ষেপ নয়, বুড়িগঙ্গাসহ সব নদী রক্ষায় চাই কার্যকর ও টেকসই পদক্ষেপ।