সরকারি হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতালে অনেক দামি ও দরকারি যন্ত্রপাতি পড়ে থাকে, অনেক দিন পর্যন্ত সেগুলো আলোর মুখই দেখতে পায় না। আবার অনেক জেলাপর্যায়ের হাসপাতালে এমন অত্যাধুনিক মেশিন পাঠানো হয়, যা চালানোর মতো দক্ষ জনবল তাদের নেই। ফলে সরকারি তহবিলের অপচয় ছাড়া আর কিছু হয় না। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এসব অনিয়ম-অব্যবস্থাপনা ও দুর্নীতির গুরুতর তথ্য জানা গেছে।
কোনো কোনো সরকারি হাসপাতালে ২১ শতাংশ চিকিৎসা যন্ত্রপাতির প্যাকেটই খোলা হয় না। ১১ শতাংশ ব্যবহারের আগেই নষ্ট হয়ে যায়, ১১ শতাংশ যন্ত্রপাতি ঠিক থাকলেও ব্যবহারই করা হয় না, ১০ শতাংশের ব্যবহার হয় আংশিক। বাকি থাকল ৪৭ শতাংশ। জরিপে সে সম্পর্কে তথ্য না থাকলেও সাধারণ রোগীরা যে বঞ্চিতই থেকে যায়, তা বলার অপেক্ষা রাখে না।
জরিপে উদ্ঘাটিত তথ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। কারণ, এটা বিশ্বব্যাংক, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ওষুধ ভান্ডারের পরিচালিত জরিপ। স্বাস্থ্য অধিদপ্তরের বেশির ভাগ প্রকল্পই বিশ্বব্যাংকের সহায়তায় চলে। কিছু আছে সরকারি, যা জনগণের করের টাকায় চলে। এসব প্রকল্পের সুফল যদি জনগণ না পায়, তাহলে সরকারি হাসপাতাল কার জন্য?
কিছুদিন আগে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে একটি দামি মেশিন আমদানি করে বিল পাস করিয়ে নেওয়ার পর দেখা গেল বাক্স খালি। সেখানে কোনো যন্ত্র নেই। তদন্তে জানা গেছে, জুন মাসের মধ্যে যন্ত্রপাতি আমদানির কাগজপত্র দেখাতে না পারলে তা বাতিল হয়ে যাবে বলে নিজেদের মধ্যে যোগসাজশে খালি একটি বাক্স দেখানো হয়েছে। পরে সেই যন্ত্র আদৌ আসবে কি না, তা কে জানে? কিন্তু এর চেয়েও বড় কথা হলো, কর্তৃপক্ষ জেনেশুনে এসব অনিয়মে মৌন সম্মতি দেয় কেন? এর পথ ধরেই তো বড় বড় দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে অর্থবছর শেষ হওয়ার পরও বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির সুযোগ দেওয়া হলে হয়তো কিছু অনিয়মের সুরাহা হতে পারে।
কোনো জেলা হাসপাতালে হয়তো ক্যানসারের চিকিৎসার দক্ষ জনবল নেই। তবু মন্ত্রীর রাজনৈতিক সুবিধা লাভের জন্য সেখানে একটি দামি চিকিৎসাযন্ত্র পাঠিয়ে দেওয়া হয়। যন্ত্রের ব্যবহার আর হয় না। দুর্নীতির মাধ্যমে মোটা দাঁও মারার লোভনীয় সুযোগ থাকে বলেই এ ধরনের তথাকথিত অপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হয়। কারণ, কেনাকাটা মানেই টাকা। খোলাবাজারে যে যন্ত্রের দাম পাঁচ-ছয় কোটি টাকার বেশি নয়, সরকারি হাসপাতালের দরপত্রে তাকে দেখানো হয় ১০-১২ কোটি টাকা। মাঝখানের পাঁচ-ছয় কোটি টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ওপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন স্তরে ভাগ-বাঁটোয়ারা হয়ে যায়। এসব অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়। একে অন্যের ওপর দায় চাপান। তারপর ফাইলচাপা পড়ে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের যতটুকুই সম্পদ ও জনবল আছে, তা ভালো ব্যবস্থাপনায় ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করা হলে সরকারি হাসপাতালগুলো আরও ভালোভাবে চালানো সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এদিকে নজর দিতে হবে।