সরকারের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের উচ্চপর্যায়ে আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে সংশয় জাগার মতো বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে৷ সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের প্রক্রিয়ায় শৈথিল্য বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে৷ সরকারের বাস্তবিক ও নৈতিক কর্তৃত্ব কতটা দৃঢ়, তা নিয়েও প্রশ্ন জাগছে৷ নইলে কেন একের পর এক চাঞ্চল্যকর অন্যায়-অপরাধের ঘটনায় কার্যকর প্রতিকারের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না?
শাসনযন্ত্রের সার্বিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই এসব কথা প্রযোজ্য৷ তবে নির্দিষ্টভাবে অন্তত দুটি সাম্প্রতিক বিষয়কে দৃষ্টান্ত হিসেবে নেওয়া যায়৷ প্রথমটি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিদেশি নাগরিক ও সংগঠনকে দেওয়া সম্মাননার ক্রেস্টে সোনা-রুপা জালিয়াতির নজিরবিহীন ঘটনা৷ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল যখন রাষ্ট্রক্ষমতায়, তখন একজন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর নেতৃত্বে এমন ন্যক্কারজনক কেলেঙ্কারি ঘটেছে, যার ফলে গোটা বিশ্বের সামনে এই জাতির মাথা হেঁট হয়ে গেছে৷ অথচ যাঁরা এর জন্য দায়ী বলে তদন্ত কমিটি নিশ্চিতভাবে প্রমাণ করেছে, তাঁদের বিরুদ্ধে বস্তুত কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ আমরা শুধু এটুকু জানতে পারছি যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কঠোর শাস্তি’র কথা বলেছেন৷ কিন্তু কার্যত আমরা সে রকম কিছু দেখতে পাচ্ছি না৷ শাস্তিমূলক ব্যবস্থার কথা যা বলা হচ্ছে, তা-ও সংশ্লিষ্ট সাবেক প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে৷ অথচ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে চূড়ান্ত দায়দায়িত্ব তাঁর ওপরেই বর্তায়৷
দ্বিতীয় ঘটনাটি রোমহর্ষক এবং তার আপাত-প্রতিকারহীনতা যারপরনাই হতাশাব্যঞ্জক৷ নারায়ণগঞ্জে দিনদুপুরে লোকসমক্ষে সাত ব্যক্তিকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হলো৷ দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও হত্যাকারীদের হোতা ও অধিকাংশ অভিযুক্তই গ্রেপ্তার হয়নি৷ হত্যার শিকার কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুরের অভিযোগের ভিত্তিতে র্যাবের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়; কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি৷ প্রশ্ন জাগে, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে সরকার কোথায় কী বাধার মুখোমুখি? সেই বাধার যুক্তি বা শক্তিই বা কী?
স্মরণ করা যেতে পারে, নারায়ণগঞ্জে সাত ব্যক্তির অপহরণ-খুনের ঘটনার পর প্রধানমন্ত্রী গাজীপুরে এক সমাবেশে বক্তৃতায় বলেছিলেন, এই কাজ করেছে বিরোধী দল৷ ধরে নেওয়া যেতে পারে, এটা রাজনীতির মেঠো বক্তৃতা; কিন্তু খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে এ ধরনের কথা উচ্চারিত হলে আইন প্রয়োগের দায়িত্বে যাঁরা থাকেন, তাঁদের কাছে কী বার্তা পৌঁছায়? বস্তুত, নারায়ণগঞ্জের রোমহর্ষক এই ঘটনায় সরকারের উচ্চ মহল আইনের যথার্থ প্রয়োগ এবং অপরাধীদের শাস্তি প্রদানে তৎপর হতে আদৌ আন্তরিক কি না, এই প্রশ্ন জাগাও অস্বাভাবিক নয়৷ কিন্তু যদি এ প্রশ্ন অমূলক হয়, সরকার যদি সত্যিই এ ঘটনার বিচার করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দৃশ্যমান তৎপরতা কোথায়?
অন্যায়-অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ দল-মত-শ্রেণী-পেশানির্বিশেষে প্রযোজ্য৷ এ ক্ষেত্রে অন্যথা করলে সরকারের নৈতিক কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে৷