নন্দিতকে নিন্দিত করে তোলা কি কোনো সরকারি কর্মসূচি হতে পারে? নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একের পর এক মন্ত্রী, আমলা, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ‘লোক দেখানো’ অভিযোগ যে সরকারের অন্যায় অভিপ্রায়ই তুলে ধরছে, তা বোঝার মতো বিচক্ষণ কেউ কি সরকারের ভেতরে নেই? তাঁকে নিয়ে সরকারি হট্টগোলে তাঁর মর্যাদা কমে না, বরং মানুষ বুঝতে পারে যে তিনি সরকারের অতীব বিরাগভাজন।
ড. ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশি—এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি একজন বড় কর্মীপুরুষ, সৃজনশীল ও সফল উদ্যোক্তা, নিজের প্রতিভা ও দক্ষতা নিযুক্ত করেছেন বাংলাদেশের মানুষের কল্যাণসাধনে। এ রকম একজন মানুষকে অসম্মানিত করতে সরকারের ব্যগ্রতা লজ্জাকর। কেউ সমালোচনার ঊর্ধ্বে নন, আইনের ঊর্ধ্বে তো ননই। কিন্তু সমালোচনায় যুক্তি থাকতে হবে, অভিযোগকারীকে প্রমাণ দিতে হবে। নইলে এসব উচ্চবাচ্য বোধবুদ্ধিহীনতার নজির হয়ে থাকবে।
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি ও অনিয়মের যেসব অভিযোগ এখন তোলা হচ্ছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এত দিন কেন সে বিষয়ে উদাসীন ছিল? অতীতে যদি কেউ তাঁকে বিশেষ সুবিধা দিয়ে থাকে, তাহলে সেটা সেই সব সরকারি দপ্তরেরই দায়, ড. ইউনূসের নয়। সরকারের শীর্ষ মহল থেকে তাঁর প্রতি বিরূপ মন্তব্য আসার পরই কেন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআরের ঘুম ভাঙল? এ থেকেই কি প্রতীয়মান হয় না, সরকারযন্ত্র কোনো কারণে তাঁর বিষয়ে অতি উৎসাহী হয়ে উঠেছে এবং তিলের মধ্যে তাল দেখতে পাচ্ছে?
গত রোববার অর্থমন্ত্রীর কণ্ঠে কর ফাঁকির অভিযোগ উচ্চারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এনবিআর উঠেপড়ে লেগে এমন এক প্রতিবেদন প্রকাশ করল, যেখানে অভিযোগের পক্ষে স্পষ্ট তথ্যপ্রমাণ নেই। অর্থমন্ত্রীও পরিষ্কার করেননি কীভাবে ড. ইউনূসের পরিচালনাধীন আটটি প্রতিষ্ঠানের কর মওকুফের সুবিধা বেআইনি হয়েছে। ইউনূস সেন্টারের বিবৃতি অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস বিদেশে সেমিনার বক্তৃতা, পুরস্কার ও বইয়ের সম্মানী বাবদ পাওয়া পুরো অর্থই যথাযথ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই দেশে এনেছেন। কর কর্তৃপক্ষ কেন সে সময় প্রশ্ন তোলেনি? দেশের একজন সাধারণ নাগরিক যে অধিকার ভোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস কি সেটুকু অধিকারও পাবেন না?
ক্ষুদ্র মানসিকতা লুকানোর কোনো চেষ্টাই সরকার করছে না। কর বা অন্য কোনো অসংগতি থেকে থাকলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়ে অবহিত করাই নিয়ম; সম্মেলনে বা জনসভায় বক্তৃতা করে নয়। আমরা আশা করব, অভিযোগ প্রমাণের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা হবে না; কারণ তা স্বেচ্ছাচার।