রাজধানী ঢাকায় প্রথম আলোসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বিলবোর্ড বস্তুত ছিনতাই করা হয়েছে। সরকার, না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এটা করেছে, তা পরিষ্কার করে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে না। সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে তাঁদের কেউই কিছু জানায়নি। সিটি করপোরেশনও ঝেড়ে কাশছে না। অবশ্য বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকজন পরিকল্পিতভাবে বিলবোর্ড দখলের এই কাজ বাস্তবায়ন করছেন। সব মিলিয়ে, সরকারি কর্মকাণ্ডের সাফল্য প্রচারের এই আকস্মিক ও অভিনব তৎপরতা এককথায় নজিরবিহীন কেলেঙ্কারি। প্রথমত, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এসব বিলবোর্ডের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতে হয়। এ টাকা তারা দেয় সিটি করপোরেশনকে। সিটি করপোরেশন ও বিলবোর্ড ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে ব্যবসায়িক চুক্তি রয়েছে, তার তোয়াক্কা না করে সরকার বা ক্ষমতাসীন দল ওই সব বিলবোর্ড ছিনতাই করে ফৌজদারি অপরাধ করেছে। সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার রক্ষা করা, সে অধিকার কেউ হরণ করলে আইন প্রয়োগের মাধ্যমে তার প্রতিকার করা। এ ক্ষেত্রে সরকার নিজেই অধিকার-হরণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়ত, এটা ন্যক্কারজনক জবরদস্তি, ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার। ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরকার/ক্ষমতাসীন দলের এই দখলবাজির বিরুদ্ধে সোচ্চারভাবে কিছু বলতে পারেনি, কারণ, এমন জবরদস্ত ক্ষমতাধরদের কে না ভয় পায়। আর তারা যে ভয়ে কিছুই বলবে না—ক্ষমতাসঞ্জাত এ রকম দম্ভপূর্ণ ধারণা থেকেই এটা করা হয়েছে। কিন্তু ক্ষমতার এমন দম্ভ, আইনকানুনের প্রতি এমন তাচ্ছিল্য প্রদর্শন কী করে সম্ভব? চক্ষুলজ্জা বলেও কি কিছু নেই? অবশ্য চর দখলের মতো আচরণ যাঁরা করতে পারেন, তাঁদের চোখে চামড়া থাকার কথা নয়। তাঁদের কাছে সভ্য আচরণ করা বাতুলতা। তৃতীয়ত, যে উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, যথা সরকারের গত সাড়ে চার বছরের সাফল্যের প্রচারণা চালিয়ে জনসাধারণের মন জয় করা এবং আগামী নির্বাচনে ভোট আকর্ষণ—তা এভাবে কতটা সম্ভব, এই প্রশ্ন কি তাদের মনে একবারও জাগল না? নিজের ঢোল নিজে পেটাতে গেলে বস্তুত কোনো লাভ হয় না, বরং সরকারি দলের জন্য এটা বুমেরাং হতে পারে। আর এই প্রচার অভিযানের লক্ষ্য সামনের নির্বাচন—এই স্পষ্ট প্রতীয়মান বিষয়টির দিকে নির্বাচন কমিশনেরও দৃষ্টি দেওয়া উচিত। কারণ, এতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগের নীতি লঙ্ঘিত হচ্ছে।
বিলবোর্ডগুলো বৈধ ব্যবহারকারীদের কাছে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। শুধু তা-ই নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন মুছে দেওয়ার ফলে তারা যে আর্থিক ক্ষতির শিকার হয়েছে এবং নতুন করে বিজ্ঞাপন স্থাপনে তাদের যে আবারও অর্থ ব্যয় করতে হবে, সে বাবদে তাদের ক্ষতিপূরণও দেওয়া উচিত।