সর্বদলীয় সরকারের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণটিকে গতানুগতিক বলা যাবে না। এতে বিরোধী দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেই আগ্রহকে উপেক্ষা করেননি; বরং তিনি বলেছেন, দলীয় ফোরাম ও জোট শরিকদের সঙ্গে আলোচনা করে তাঁরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
আমাদের ধারণা, শঙ্কাময় ২৫ অক্টোবর সামনে রেখেই প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়েছেন এবং বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন। কিন্তু এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার আগেই আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত ঢাকা মহানগরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হলো। কারণ, এর ফলে আলোচনার অনুকূল পরিবেশ কেবল ব্যাহতই হবে না, বিরোধী দল নিজেদের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিক্রিয়ায় আরও কঠোর অবস্থান নিতে পারে। ফলে বোঝাপড়ার পরিবর্তে একধরনের জোরজবরদস্তির পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।
আলোচনার জন্য যিনি আহ্বান জানান, তাঁরই দায়িত্ব সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য বিরোধী দলের নেতার কাছে নাম চেয়েছেন। ফলে জনমনে স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা জেগেছে যে এবার দুই পক্ষের মধ্যে একটা যোগাযোগ শুরু হতে যাচ্ছে। কিন্তু এর পরই রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করায় সে প্রত্যাশা অনেকটাই ম্লান হয়ে গেল।
সরকার হয়তো এই পদক্ষেপের পেছনে বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তার দোহাই দেবে। কিন্তু সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জননিরাপত্তার নামে কোনো গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক পদক্ষেপ জনগণের ওপর চাপিয়ে দিতে পারে না। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব যখন বিভিন্ন মহল ইতিবাচক দৃষ্টিতে নিয়েছে, তখন সভা-সমাবেশের ওপর ডিএমপির নিষেধাজ্ঞা ভুল বার্তাই দেবে। তাই অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
অন্যদিকে নির্বাচন এতটাই সন্নিকটে যে বিএনপির উচিত হবে না ডিএমপির নিষেধাজ্ঞাকে অজুহাত দেখিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দেওয়া; বরং তারা এর জবাবে উপযুক্ত বিকল্প প্রস্তাব দিতে পারে। তাতে দেশবাসী দুই পক্ষের দেওয়া প্রস্তাবের গুণাগুণ বিচার করতে পারবে।
আমরা বরাবর বলে আসছি, বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেও নির্বাচন নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। কিন্তু সে জন্য দরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সদিচ্ছা ও আন্তরিকতা। প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি যে আলোচনার প্রস্তাব দিয়েছেন, তার উপযুক্ত পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে। এ রকম মুহূর্তে বিরোধী দলের সঙ্গে দূরত্ব বা বৈরিতা বৃদ্ধি পায়, এমন সব ধরনের পদক্ষেপ ও আচরণ থেকে সরকারের একান্তই বিরত থাকা উচিত। অন্যদিকে বিরোধী দলেরও উচিত, আর কালক্ষেপণ না করে প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া।