সহিংসতার জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির একতরফা নির্বাচন ঠেকাতে গিয়ে বিরোধী পক্ষ দেশের বিভিন্ন স্থানে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিল। এ জন্য নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোর বিরুদ্ধে, বিশেষত প্রধান বিরোধী দল বিএনপির বিরুদ্ধে নিন্দা-সমালোচনা ও বিষোদ্গারে সরকারপক্ষের উৎসাহের কমতি ছিল না। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত করে আবার পাঠদানের উপযোগী করার ক্ষেত্রে সরকারি উদ্যোগের ব্যাপক ঘাটতি লক্ষ করা যাচ্ছে। নইলে কেন দীর্ঘ ছয় মাসেও ক্ষতিগ্রস্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করা হয়নি?
বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সহায়তায় আর কিছু নিজেদের খরচে ক্ষতিগ্রস্ত কক্ষ ও আসবাব মেরামত করেছে। কিন্তু ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো কোনো ধরনের মেরামতকাজ করা হয়নি। কারণ, এই বাবদে ব্যয় করার মতো অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজেদের নেই, সরকারের তরফ থেকেও তারা কোনো বরাদ্দ পায়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অগ্নিসংযোগের শিকার হয়েছিল এ কারণে যে সেগুলোতে নির্বাচনী ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব ও জানালা-দরজা পুড়ে গেছে। কুমিল্লার বুড়িচংয়ে একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস পুড়িয়ে একদম নিশ্চিহ্ন করা হয়েছে। ছাত্রাবাসটি এখনো পুনর্নির্মাণ করা হয়নি।
নির্বাচনী নাশকতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামও যুক্ত করা হয়েছে, এ রকম অভিযোগের খবর সংবাদমাধ্যমে বেরিয়েছে। অবশ্য পরে সেগুলোর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খবরও পাওয়া গেছে। অর্থাৎ অনুদান ও মেরামতের বিষয়টি পরিচালিত হচ্ছে না, এটা স্পষ্ট। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে সরকারি অনুদান পেয়েছে, সেগুলোর মধ্যে আদৌ ক্ষতিগ্রস্ত হয়নি—এমন শিক্ষাপ্রতিষ্ঠান আছে কি না, তা খতিয়ে দেখার বিষয়। কিন্তু এই তথ্যে কোনো ভুল নেই যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩৬টি প্রতিষ্ঠান সরকারি অনুদান এখনো পায়নি। অবিলম্বে তাদের অনুদানের অর্থ প্রদান করা উচিত। যত দ্রুত সম্ভব সেগুলো মেরামত করে পাঠদানের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হোক।