সাংবাদিকের ১০ টুকরা লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙা পত্রিকার সাংবাদিক সদরুল নিপুলের হত্যাকাণ্ড হরর চলচ্চিত্রের বিভীষিকাকেও হার মানায়। হত্যাকারীরা তাঁকে শুধু প্রাণে মেরেই ক্ষান্ত হয়নি, তাঁর মৃতদেহ ১০ টুকরা করে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাছে ফেলে দিয়ে গেছে। একজন সাংবাদিকের ওপর এমন পৈশাচিকতা শুধুই একটি হত্যাকাণ্ড নয়, সংবাদমাধ্যমের কর্মীদের জন্য এটি একটি ভয়ংকর হুমকি। সংবাদমাধ্যমকে ভীতসন্ত্রস্ত করাই এর লক্ষ্য।
পত্রিকাটির সম্পাদকের ভাষ্য, স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র সাংবাদিক সদরুলকে হত্যা করে থাকতে পারে৷ কারণ, সদরুল অবৈধ মাদক ব্যবসা নিয়ে লেখালেখি করেছেন। সদরুলের স্ত্রী অবশ্য মাদক চক্র ছাড়াও স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে সদরুলের বিরোধ ছিল বলে জানিয়েছেন। এসব অভিযোগ অবশ্যই দ্রুত তদন্ত করা উচিত, কিন্তু স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ সে বিষয়ে রহস্যজনক টালবাহানা করছে বলে জানা গেছে। রেলস্টেশনের কাছে সদরুলের লাশের টুকরা পাওয়ার পরেই স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ একটি অপমৃত্যু মামলা করেছে বলে সদরুলের স্বজনেরা হত্যা মামলা করতে গেলে প্রথমে তা গ্রহণ করা হয়নি। পরে অবশ্য সদরুলের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করতে পেরেছেন, কিন্তু তার পরও হত্যার তদন্ত করার ব্যাপারে পুলিশের গড়িমসি লক্ষ করা গেছে। তারা বলেছে, লাশের ভিসেরা রিপোর্ট পাওয়ার আগে তারা তদন্তে নামতে পারবে না। কিন্তু সে সময়ের মধ্যে হত্যাকারীরা যে নিরাপদে গা ঢাকা দিতে পারে, এ ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।
এ দেশে সাংবাদিক হত্যার বিচার হয় না বলেই অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের কারণে নির্মমভাবে নিহত হয়েছেন। দীর্ঘ আড়াই বছরেও সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা হয়নি। সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত নিন্দামুখর হয়ে ওঠেন, হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সাংবাদিক হত্যাকারীরা শাস্তি পেয়েছে—এমন দৃষ্টান্ত এ দেশে নেই বললেই চলে।
এভাবে আর চলতে পারে না। চুয়াডাঙ্গার সাংবাদিক সদরুল নিপুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।