সাংসদ বনাম সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে কার্যকর বিরোধী দল না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদদের অনেকেই নিজেদের আইনকানুনের ঊর্ধ্বে ভাবছেন৷ এলাকায় নিজেদের নেতৃত্ব ও কর্তৃত্ব বজায় রাখতে পরস্পরের বিরুদ্ধে সমরে নামতেও তাঁরা দ্বিধা করছেন না৷ আর এ কাজে সহায়ক শক্তি হিসেবে ব্যবহার বা অপব্যবহার করছেন ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোকে৷ গত তিন মাসে খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে যে ছয় দফা সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার নেপথ্যে রয়েছে খুলনা এলাকার দুই সাংসদের বিরোধ৷ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান৷ সিটি করপোরেশনের মেয়র থাকাকালে তালুকদার খালেকের একক কর্তৃত্ব ছিল খুলনার দলীয় রাজনীতিতে৷ কিন্তু ৫ জানুয়ারি মিজানুর রহমান সদর আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পর সেই কর্তৃত্ব খর্ব হয়৷ এর পর থেকেই দুই সাংসদ নিজেদের ঢাল হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করে আসছেন বলে অভিযোগ রয়েছে৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়৷
ক্ষমতাসীন দলটির সাংসদদের আধিপত্য বিস্তারের এ লড়াই যে কেবল খুলনায় সীমিত, তা ভাবার কারণ নেই৷ আওয়ামী লীগে মন্ত্রী বনাম সাংসদ, মন্ত্রী বনাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাংসদ বনাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বনাম দলীয় নেতার দ্বন্দ্ব চলছে অধিকাংশ জেলা-উপজেলায়৷ সম্প্রতি ফেনী, নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে এর ভয়ংকর পরিণতি দেশবাসী প্রত্যক্ষ করেছে৷ তিনটি স্থানেই অন্তর্দলীয় কোন্দলে স্থানীয় সাংসদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা লক্ষণীয়৷
নিকট অতীতে যখন সংসদের ভেতরে-বাইরে বিরোধী দলের সক্রিয় ভূমিকা পালনের সুযোগ ছিল, তখন ক্ষমতাসীনদের এ গোষ্ঠীলড়াই কিছুটা হলেও চাপা ছিল৷ গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল বরাবরই ক্ষমতার ভারসাম্য হিসেবে কাজ করে৷ গত দুই দশকে আমাদের অভিজ্ঞতা হলো যখন যাঁরা ক্ষমতায় এসেছেন, সবকিছু দখলে নিতে সচেষ্ট থেকেছেন৷ আর ৫ জানুয়ারির অভূতপূর্ব নির্বাচনটির মধ্য দিয়ে এমন এক সংসদ গঠিত হলো, যেখানে সমালোচনার ছিটেফোঁটাও নেই৷ সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের এ অনুপস্থিতি যে তাদের চেয়ে ক্ষমতাসীন দলটিরই বেশি ক্ষতি করছে, তা বলার অপেক্ষা রাখে না৷
ক্ষমতাসীন দলটির এ আত্মঘাতী গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘাত থেকে উত্তরণের উপায় কী? উপায় হলো, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চলতে দেওয়া এবং দলের ভেতরে সব ধরনের বেআইিন ও সন্ত্রাসী তৎপরতা কঠোর হাতে দমন করা৷ দুষ্টের দমন ও শিষ্টের পালনই হতে হবে দেশ শাসনের একমাত্র ভিত্তি৷ কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা সেভাবে ভাবছেন বলে মনে হয় না৷ অন্তত ৩১ মের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অন্তর্দলীয় কোন্দলের বিষয়টি যেভাবে মূল্যায়ন করলেন, তাতে মোটেই আশ্বস্ত হতে পারছি না৷