সাংসদ রনির পদত্যাগ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ গোলাম মাওলা রনি দুই সাংবাদিককে প্রহার করে শাস্তি পাওয়া দূরে থাক, পদত্যাগ নিয়ে নাটক করার সুযোগ পেয়েছেন। মামলার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জামিন বাতিল করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বটে। কিন্তু তাঁর বিচার সম্পন্ন করা হবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ, তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ। আওয়ামী লীগ তাঁকে এ পর্যন্ত নাটক করার সুযোগ দিয়ে এসেছে।
পদত্যাগ করার সম্ভাবনা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সংসদের স্পিকারের সঙ্গে কথা বলার পর পদত্যাগ না করার সিদ্ধান্ত প্রচার করা—এই সব নাটকে তিনি যে শুধু দলের প্রতি ঔদ্ধত্য দেখিয়েছেন, তা নয়। আসলে ঔদ্ধত্য দেখিয়েছেন বাংলাদেশের জনসাধারণকে, বিশেষভাবে সংবাদমাধ্যমকে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে সদলবলে প্রহার করার পর এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। আদালত থেকে আগাম জামিন নিয়ে তিনি মামলার বাদীদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন, যেমনটি করে থাকে পেশাদার দুর্বৃত্তরা। তাঁর জামিন বাতিল করে আদালত ঠিক কাজটিই করেছেন।
সাংবাদিকদের প্রহার করে গোলাম মাওলা জাতীয় সংসদের অবমাননা করেছেন, তাঁর এই আচরণে সাংসদদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কিন্তু সে জন্য কেউ তাঁকে ভর্ৎসনা করেননি। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য; দলটির উচিত ছিল তাৎক্ষণিভাবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া। কিন্তু সে রকম কোনো পদক্ষেপের খবর পাওয়া যায়নি। দলটি তাঁকে অন্তত কারণ দর্শানোর নোটিশও পাঠাতে পারত।
সংবাদমাধ্যমে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার মুখেও সাংসদ রনির ঔদ্ধত্যের সীমা ছিল না। গ্রেপ্তারের মধ্য দিয়ে তার লাগাম টেনে ধরা হয়েছে। এখন আওয়ামী লীগের উচিত তাঁকে দল থেকে বহিষ্কার করা। দল ও রাষ্ট্র উভয় তরফ থেকেই তাঁর শাস্তি হওয়া উচিত এমন দৃষ্টান্তমূলক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের দুর্বৃত্তপনা করার সাহস না পায়।