সাংসদ হয়েও কি সাংসদ পদে লড়া যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রীর সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাম্প্রতিক ঘোষণায় দেশবাসী হকচকিত। কারণ, এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সাংসদেরা সাংসদ পদে থেকে সংসদ নির্বাচন করবেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকাররা ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনকালে সবাই আবার যাবতীয় সরকারি বেতন-ভাতা সুবিধাদি ভোগ করবেন। সব সুবিধা ভোগ করেই এই সুবিধার পুনরাবৃত্তির জন্য তাঁরা লড়বেন। এসব নতুন ঘটনা অনেক নতুন ও অমীমাংসিত প্রশ্নের জন্ম দিচ্ছে। নতুন পরিস্থিতির আশঙ্কা জাগাচ্ছে। যেমন সাংসদ পদে থেকে নির্বাচন করলে একই আসনে একই মেয়াদে একই ব্যক্তির দুবার সাংসদ নির্বাচিত হওয়ার ঘটনা ঘটতে পারে। কিংবা ঘটতে পারে একই আসনে একই মেয়াদে দুজন নির্বাচিত সাংসদ থাকার মতো ঘটনা। এ ধরনের জটিলতায় সমাধানটা কী?
এটা ঠিক, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদবলে সাংসদ থাকাবস্থায়ও সংসদ নির্বাচন করা যায়। অর্থাৎ সাংসদ পদে থেকেও সাংসদ পদে প্রার্থী হওয়া যায়। এখানে একটা কিন্তু আছে। সংবিধানের ‘সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা’ শিরোনামের ৬৬ অনুচ্ছেদের (২)(চ) দফামতে, ‘প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত’ থাকাটা সাংসদ পদে প্রার্থিতার একটা অযোগ্যতা।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-এর ১২(১)(গ) ধারার কণ্ঠেও একই সুর। সে ক্ষেত্রে প্রশ্ন, সাংসদ পদ কি প্রজাতন্ত্রের ‘লাভজনক পদ’ নয়? কারণ, সংসদ সদস্য (বেতন-ভাতা) আদেশ-১৯৭৩ অনুসারে, মাথাপিছু এক লাখ ৩১ হাজার ৭৫০ টাকা হিসাবে ৩৪৫ জন সাংসদের পেছনে প্রতি মাসে রাষ্ট্রের কমপক্ষে চার কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা (ভ্রমণভাতা বাদে) খরচ হয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার হাতে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা। তাঁদের বেতন-ভাতাও সরকারি কোষাগার থেকে হয়। তাহলে তাঁদের পদও তো ‘লাভজনক’ পদ?
এ ক্ষেত্রে সংবিধানের ভূমিকা দ্বিচারী। নিয়োগ, কাজের ধরন, বেতন-ভাতার উৎস ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় প্রধানমন্ত্রী-মন্ত্রীর পদ ‘লাভজনক’ প্রকৃতির বটে। কিন্তু সংবিধানের ৬৬(৩) অনুচ্ছেদ গাইছে ভিন্ন গীত: ‘কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না।’
তবে ‘সাংসদ’ বিষয়ে সংবিধান লা-জবাব। ‘সাংসদ’ পদ কি ‘লাভজনক’ না ‘অলাভজনক’ পদ—সে বিষয়ে সংবিধান বা অন্য কোনো বিধিবদ্ধ আইনে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। ওই অনুসন্ধানে পরে আসছি। আগে ‘লাভজনক পদ’ শব্দটি ব্যাখ্যা করা যাক।
‘লাভ’ হলো ক্ষতিপূরণভিন্ন কোনো আর্থিক প্রাপ্তি। যে পদের সম্মানীটা প্রকৃতিতে পারিশ্রমিকের মতো, যেখানে ক্ষতিপূরণ হিসেবে প্রদত্ত দৈনিক ভাতার অতিরিক্ত বিনা ভাড়ায় বাসা, রাষ্ট্রীয় খরচে ব্যক্তিগত গাড়ি পাওয়া যায়; ওই পদ অবশ্যই আর্থিক প্রাপ্তির উৎস এবং তা লাভজনক পদ [এআইআর ২০০১ সুপ্রিম কোর্ট ২৫৮৩]। যে পদে নিয়োগ ও পদচ্যুতির ক্ষমতা সরকারের হাতে, সে পদ লাভজনক পদ [(২০০১) ২ এসসিসি ১৯]। কোনো পদ ‘লাভজনক পদ’ কি না, তা নির্ণয়ে পদাসীনের আর্থিক অবস্থা পরিবর্তনে এই পদের প্রভাব, প্রাপ্ত লাভে পদাসীনের স্বার্থ ইত্যাদি বিবেচনায় নিতে হবে। পদবান ব্যক্তি এই পদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন কি না, সেটা মুখ্য নয়। মুখ্য হলো, এই পদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে কি না। থাকলে তা লাভজনক পদ [জয়া বচ্চন বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া, (২০০৬) ৫ এসসিসি ২৬৬]।
‘লাভজনক পদ’ শব্দটির উদ্ভব ইংল্যান্ডের অ্যাক্ট অব সেটেলমেন্ট, ১৭০১ থেকে। এই আইনে একটা বিধান ছিল, রাজার অধীনে লাভজনক পদে কর্মরত বা রাজার কাছ থেকে অবসর ভাতা গ্রহণকারী ব্যক্তি হাউস অব কমন্সের সদস্য হতে পারবেন না। পরে ‘আইনসভার স্বাধীনতা’ ও ‘ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির’ ভিত্তিতে এই বিধান সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যেমন ভারতের সংবিধানের ১০২(১)(ক) অনুচ্ছেদ, যা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের লাভজনক পদে থাকা ব্যক্তিকে সাংসদ পদে অযোগ্য ঘোষণা করেছে। এই বিধানের কারণে ২০০৬ সালে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে অনেক গুরুত্বপূর্ণ লাভজনক পদ ছাড়তে হয়। নইলে সাংসদ পদ থাকে না। অভিনেত্রী জয়া বচ্চন ছিলেন ‘উত্তর প্রদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’র সভাপতি। নির্বাচন কমিশন এই পদকে ‘লাভজনক’ আখ্যা দিয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেয়। আর এ নিয়ে ইংল্যান্ডে তো মজার নিয়ম চালু আছে, ‘হাউস অব কমন্স’ ছাড়তে চাও, তো সরকারি পদ নাও।’ এভাবে অস্ট্রেলিয়ার সংবিধানের ৪৪ অনুচ্ছেদ, আমেরিকার সংবিধানের ১(৬)(২) অনুচ্ছেদসহ পৃথিবীর প্রায় সব সংবিধানেই এখন এই বিধানের প্রতাপ। তবে সবখানে মন্ত্রিসভার পদ ‘অলাভজনক’।
আমাদের সংবিধানে ‘লাভজনক পদের’ ব্যাখ্যা নেই। তা আছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-এর ১২ ধারায়। সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা ৫০ শতাংশের বেশি সরকারি শেয়ারসংবলিত কোম্পানির চাকরি বা পদকে ‘লাভজনক পদ’ বলা হয়েছে।
সংবিধানে আছে, ‘সরকারী কর্মচারী’র সংজ্ঞা: ‘প্রজাতন্ত্রের কর্মে’ বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তি হল সরকারী কর্মচারী। আর ‘প্রজাতন্ত্রের কর্ম’ মানে ‘বাংলাদেশ সরকারের সামরিক বা বেসামরিক প্রকৃতির কোন কর্ম, চাকুরি বা পদ; কিংবা আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম হিসেবে ঘোষিত হতে পারে এরূপ অন্য কোন কর্ম (১৫২ অনুচ্ছেদ)।
আরপিওর ১২ ধারার সঙ্গে সংবিধানের ১৫২ অনুচ্ছেদ সমন্বয় করলে দাঁড়ায়, ‘সরকারি কর্মচারী’র পদ হলো লাভজনক পদ। প্রচলিত আইন বা সরকারি কর্মচারী বিধিমালার কোথাও ‘সাংসদ’দের গায়ে ‘সরকারি কর্মচারী’র সিল লাগানো হয়নি। উল্টো সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪-এর ২(ঘ)(৫) ধারায় বলা আছে, ‘আইনের অধীনে কোন পদে নির্বাচিত বা মনোনীত ব্যক্তি’ সরকারী কর্মচারীর অন্তর্ভুক্ত নয়। সাংসদেরা সংবিধান, আরপিওসহ প্রচলিত বিধিবদ্ধ আইনের ভিত্তিতে ও প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধি। তাই ওই ধারামতে তাঁরা ‘সরকারি কর্মচারী’ নন। আর ‘সরকারি কর্মচারী’ভুক্ত নন বলে সাংসদ পদ ‘লাভজনক পদ’ও নয়।
এ প্রসঙ্গে প্রণব মুখার্জির দৃষ্টান্ত টানছি। ২০১২ সালের ২২ জুলাই তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার পরই রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থিতাকে আদালতে চ্যালেঞ্জ করা হয়। মামলার রায়ে ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবিরের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেন, ‘লোকসভার নেতা হওয়া ভারতীয় সংবিধানের ১০২(১)(ক) অনুচ্ছেদে বর্ণিত কোনো অযোগ্যতা নয়। কারণ, তা সরকারের অধীনে কোনো লাভজনক পদ নয়।’
লাভজনক পদের অস্পষ্টতা ও জটিলতা নিরসনে সেখানে আইন প্রণীতও হয়। নাম ভারতে সংসদ (অযোগ্যতা প্রতিরোধ) আইন, ১৯৫৯ (২০০৬ সালে সংশোধিত)। এই আইনে বিভিন্ন প্রকৃতির ৩৫টিরও বেশি পদ এবং প্রায় ১৮০টি প্রতিষ্ঠানের তালিকা আছে। বলা হয়, তালিকাভুক্ত পদ ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত হলেও তাঁরা সাংসদ পদে লড়তে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন মন্ত্রী, সংসদ নেতা, সংসদ উপনেতা, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা প্রমুখ। একই উদ্দেশ্যে ইংল্যান্ডের ‘হাউস অব কমন্স (ডিসকোয়ালিফিকেশন) অ্যাক্ট, ১৯৭৫-সহ বিভিন্ন দেশে স্বতন্ত্র আইন হয়েছে। আমাদেরটা হচ্ছে কবে?
আফতাব উদ্দিন ছিদ্দিকী: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
[email protected]