যাঁরা জাতীয় সংসদে গিয়ে দেশের জন্য আইন প্রণয়ন করেন, জনগণের কষ্টার্জিত করের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করাসহ সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করা যাঁদের দায়িত্ব, সেই সংসদ সদস্যদের কারণে যখন রাষ্ট্রের শতকোটি টাকা নষ্ট হয়, তখন দুঃখের সীমা থাকে না। বুধবারের প্রথম আলোয় এমনই দুঃখজনক একটি সংবাদ ছাপা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন বলছে, নবম জাতীয় সংসদে সাংসদদের অনুপস্থিতির কারণে সৃষ্ট কোরাম-সংকটে নষ্ট হয়েছে ২২২ ঘণ্টা ৩৬ মিনিট। এর আর্থিক মূল্য প্রায় ১০৪ কোটি টাকা। বিরোধী দলের সাংসদেরা নবম সংসদে ৩৪২ দিন অধিবেশন বর্জন করেছেন, তাঁদের কারণেও রাষ্ট্রের ক্ষতি হয়েছে চার কোটি ৮৭ লাখ টাকা। অথচ সংসদ বর্জনকারী সাংসদেরাও নিজেদের বেতন-ভাতা, বিদেশভ্রমণসহ যাবতীয় সুযোগ-সুবিধা যথারীতি গ্রহণ করেছেন। তাঁরা যেহেতু সংসদ বর্জন করে আসছিলেন, তাই অধিবেশনে উপস্থিতির ব্যাপারে তাঁদের অনীহার বিষয়টি বোধগম্য। কিন্তু ক্ষমতাসীন দল ও জোটের সাংসদেরা কেন এমন হারে অনুপস্থিত থেকেছেন যে তাতে কোরাম-সংকটের ফলে সময় নষ্ট হয়েছে—এটা মোটেও বোধগম্য নয়। জনগণ তাঁদের সাংসদ হিসেবে নির্বাচিত করেছে সংসদে গিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে দায়িত্ব পালনের জন্য। সংসদই তাঁদের মূল দায়িত্বের স্থান। সেখানে উপস্থিতির বিষয়টিকেই যখন তাঁরা গৌণ করে দেখেন আর সংসদের বাইরে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন, তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে তাঁরা আইনপ্রণেতা হিসেবে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন নন।
সাংসদদের সংসদ অধিবেশনে যোগ দিতে অনীহার বিষয়টি নতুন নয়। আগের সব সংসদেও এই প্রবণতা লক্ষ করা গেছে। তবে টিআইবির আলোচ্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অষ্টম সংসদের তুলনায় নবম সংসদে উপস্থিতির হার বেড়েছে। এটিকে আমরা শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করতে চাই। কিন্তু নবম সংসদের উপস্থিতিও কোনোভাবে সন্তোষজনক হতে পারে না। সাংসদদের অনুপস্থিতির কারণে কোরাম-সংকট দেখা দেওয়াই তো আপত্তিজনক, লজ্জাকর বিষয়। একটি স্বস্তির বিষয়, সংসদ অধিবেশনে নারী সাংসদদের অংশগ্রহণ ছিল পুরুষ সাংসদদের তুলনায় বেশি। পুরুষ সাংসদেরা এই দৃষ্টান্ত মনে রাখলেও তো অবস্থার কিছু উন্নতি ঘটতে পারে।
দশম জাতীয় সংসদ কার্যত বিরোধী দলবিহীন; কিন্তু এই সংসদেও প্রতি মিনিটে হাজার হাজার টাকা ব্যয়ের বিষয়টি রয়েছে। নবম সংসদে প্রতি মিনিটে ব্যয় হয়েছে ৭৮ হাজার টাকা। সাংসদদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এই টাকা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত করের টাকা। বর্তমান দশম সংসদে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের উদ্যোগ দেখা যাচ্ছে না; নবম সংসদে কিন্তু প্রথম অধিবেশনেই সব স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছিল। এবারও অবিলম্বে সেই উদ্যোগ নেওয়া উচিত এবং কার্যত বিরোধী দল না থাকলেও যাঁরা আছেন, তাঁদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা উচিত।