সাংসদদের ব্যবসা-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারা অনুযায়ী, সরকারের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সাংসদ নির্বাচিত হওয়ার এবং নির্বাচিত থাকার যোগ্য হবেন না বলে স্পষ্ট বিধান আছে। কিন্তু বিগত সংসদের কম সদস্যই সেই বিধান মেনে চলেছেন। এমনকি মন্ত্রীরাও যে নামে-বেনামে চুটিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন, তার প্রমাণ তাঁদের হলফনামা।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকের ৩১টি লটের ৬১টি ১৬ তলা ভবন নির্মাণের কাজ হাতিয়ে নিয়েছিল সাংসদ এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এনা প্রপার্টিজ যৌথভাবে কোরিয়ান প্রতিষ্ঠান ডুঙ্গা ও ডিডিজের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে যখন কাজটি নেয়, তখনই এ নিয়ে আপত্তি উঠেছিল। কিন্তু বাংলাদেশের ক্ষমতাধর ব্যক্তিরা যেমন কোনো আপত্তি গায়ে মাখেন না, তেমনি কাজ পাওয়ার পর চুক্তির শর্তগুলো পূরণ করারও প্রয়োজন বোধ করেন না। ফলে গত দুই বছরে যেখানে প্রকল্পের ৫৬ শতাংশ কাজ শেষ করার কথা, সেখানে হয়েছে মাত্র ৪ শতাংশ। অথচ রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে কোটি কোটি টাকার বিল ঠিকই উত্তোলন করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
যে প্রকল্পের কাজই তেমন হয়নি, সেই প্রকল্পের খণ্ড খণ্ড বিল কীভাবে, কাদের সহায়তায় তুলে নিতে সক্ষম হয়েছে এনা প্রপার্টিজ, সেই প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিতে হবে। জনগণের অর্থ নিয়ে এ ধরনের জোচ্চুরি চলতে পারে না। কাজ না হওয়ায় রাজউক ১৫ ডিসেম্বর চুক্তি বাতিল করে চিঠি দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি জায়গার দখল না বুঝিয়ে বাতিল হওয়া চুক্তি পুনর্বহালের অদ্ভুত আবদার তুলেছে।
এনা প্রপার্টিজ কাজ বকেয়া রেখে এবং বিল তুলে নিয়ে কেবল রাষ্ট্রের যে কোটি কোটি টাকা ক্ষতি করেছে, তা প্রতিষ্ঠানটির কাছ থেকে আদায় করতে হবে। প্রথম আলোয় ১৪ জানুয়ারি প্রকাশিত সচিত্র প্রতিবেদনে দেখা যায়, প্রকল্প এলাকায় এনা প্রপার্টিজ কিছু খুঁটি গেড়ে দখলে নিয়ে রাখতে চেষ্টা করছে। যে প্রতিষ্ঠান দুই বছরে ৪ শতাংশ কাজ করেছে, সেই প্রতিষ্ঠান দেড় মাসে কাজ শেষ করতে পারবে, এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।
এই অবস্থায় চুক্তি পুনর্বহালের তো প্রশ্নই ওঠে না, বরং চুক্তি ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায় করা জরুরি। রাষ্ট্রীয় সম্পদ নিয়ে এ রকম নয়ছয় করার অধিকার কারও নেই।
সেই সঙ্গে সরকারকে সজাগ থাকতে হবে, কোনো সাংসদই যাতে আইন ভঙ্গ করে সরকারের সঙ্গে ব্যবসা করতে না পারেন। আইনপ্রণেতারা এভাবে আইন ভাঙতে থাকলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার শেষ সুযোগটিও রহিত হয়ে যাবে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।