সাংসদদের 'সম্বর্ধনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সাংসদদের নিজ নিজ এলাকায় ‘সম্বর্ধনা’ প্রদানের হিড়িক পড়েছে। প্রথম আলোর ১৯ জানুয়ারির সংখ্যায় প্রকাশিত ‘সাংসদকে রাজসিক সংবর্ধনা’ শিরোনামে প্রকাশিত দুটি সংবাদ ও ছবি দেখে তা-ই মনে হলো। একটি হলো ওই তারিখের প্রথম পৃষ্ঠার চার কলামজুড়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদকে ‘স্বাগত’ জানাতে সড়কের দুই পাশে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা শিক্ষার্থীদের ছবি। আর অন্যটি দ্বিতীয় পৃষ্ঠায় ময়মনসিংহে ধর্মমন্ত্রীকে ‘সম্বর্ধনা’ জানাতে নির্মিত তোরণের দুই কলামের রঙিন ছবি।
ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রখর রোদে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখার অমানবিক মনমানসিকতা থেকে আমাদের রাজনীতিকেরা বেরিয়ে আসতে পারেননি। আর সাংসদের আসার পথে নির্মিত অসংখ্য বর্ণাঢ্য তোরণ নির্মাণ জনমনে অনেক প্রশ্নের জন্ম দেয়। অতীতে এ নিয়ে পত্রিকাতে অনেক লেখালেখি হয়েছে।
তাই নির্বাচিত সাংসদদের কাছে অনুরোধ, আপনাদের বিজয়ী করার জন্য জনগণের দ্বারে দ্বারে যেয়ে তাদের ধন্যবাদ দিন। ক্ষমতার দর্প নয়, দায়িত্বপ্রাপ্তির নম্রতা নিয়ে তাদের পাশে দাঁড়ান।
খ্রীস্টফার পিউরীফিকেশন
ইন্দিরা রোড, ঢাকা।