একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার-আলবদর বাহিনী যে নৃশংস হত্যা ও নারী নির্যাতন চালিয়েছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল, তার বিচার চলছে। অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়ায় পিরোজপুরের মোস্তফা হাওলাদারকে এলাকার কিছু দুর্বৃত্ত হত্যা করে প্রতিশোধ নিয়েছে। হামলাকারীরা জামায়াত-শিবিরের লোক বলে নিহত মোস্তফার ভাই অভিযোগ করেছেন।
মুক্তিযুদ্ধের সময় একদল অপরাধী হত্যা ও নির্যাতন চালিয়েছিল, আর আজ ৪২ বছর পরও তাদের অনুসারী কিছু দুর্বৃত্ত অপরাধীদের বিচারে সাক্ষীদের হত্যা করছে। এর চেয়ে বড় নৃশংসতা আর কী হতে পারে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বাধীন দেশে সাক্ষীকে প্রাণ দিতে হয়, এ রকম চলতে পারে না। ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে সাক্ষীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। উল্লেখযোগ্য, বর্তমানে ট্রাইব্যুনালের বিধিমালায় সাক্ষীদের সুরক্ষায় সরকার ব্যবস্থা নেবে বলে বিধান রয়েছে। কিন্তু কার্যকর উদ্যোগ না থাকায় সাক্ষীদের নিরাপত্তাহীন অবস্থায় থাকতে হচ্ছে। নিরাপত্তা না থাকলে মানবতাবিরোধী অপরাধের বিচারে কেউ সাক্ষ্য দিতে চাইবেন না।
এরই মধ্যে উদ্বেগজনক খবর এসেছে যে কাদের মোল্লার মামলার বিচারক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার গ্রামের বাড়িতে বুধবার কিছু দুর্বৃত্ত আগুন দিয়েছে। মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসির প্রস্তুতি চলছিল, এরই মধ্যে তাঁর আইনজীবীদের আবেদনে ফাঁসি কার্যকর করা স্থগিত করে বুধবার শুনানির আদেশ হয়। এই অবস্থায় কাদের মোল্লার মামলার বিচারকের গ্রামের বাড়িতে আগুন শুধু উদ্বেগজনকই নয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতারও নগ্ন বহিঃপ্রকাশ।
২০০৫ সালে ঝালকাঠিতে দুজন বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদকে জেএমবির উগ্রবাদীরা হত্যা করে। বিচারে সাতজনের ফাঁসি হয়। কিন্তু অপরাধীদের বিচারে বিচারক ও সাক্ষীরা যে কত নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন, তা সহজেই বোঝা যায়। এ রকম চলতে থাকলে দেশে আইনের শাসন, আইন প্রয়োগ ও অপরাধের সুবিচার পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়। বস্তুত বর্তমানে এ সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।
মানবতাবিরোধী অপরাধের বিচার বা যেকোনো অপরাধের বিচার নির্বিঘ্নে যেন চলতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বিচারক থেকে শুরু করে সাক্ষ্যদাতা—সবার জন্য পর্যাপ্ত নিরাপত্তা চাই। বিচার কার্যক্রম সব ধরনের হুমকির ঊর্ধ্বে রাখা একটি গণতান্ত্রিক, আইনভিত্তিক সমাজের পূর্বশর্ত। এ ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত থাকার অবকাশ নেই।
বিচারপতি এস কে সিনহার বাসায় যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ও আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। একইভাবে মোস্তফা হাওলাদারের হত্যাকারীদেরও দ্রুত বিচার ও কঠোর শাস্তি দিতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে অন্যান্য সাক্ষী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করায় কোনো শিথিলতা হতে দেওয়া যাবে না।