সাব-পোস্ট অফিস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সর্বস্তরের মানুষের মিলনমেলা বারইয়ারহাটে। যে কারণে উপজেলা সদরকে টপকে পৌরসভা হিসেবে প্রথম স্বীকৃতি পায় বারইয়ারহাট। অথচ মিরসরাই উপজেলার প্রধান ডাকঘরটি বারইয়ারহাটে থাকার কথা, কিন্তু সেখানে সাব-পোস্ট অফিসও নেই।

প্রতিবেশী জোরারগঞ্জ ও করেরহাট তুলনামূলক অনুপযোগী হওয়ার পরও ওখানে সাব-পোস্ট অফিস বিদ্যমান, আর বারইয়ারহাটে রয়েছে মহাজনহাটের (৪৩২৬) একটি শাখা! তাও আবার বারইয়ারহাটের নামে নয়, ‘হিঙ্গুলী’ নামে। হিঙ্গুলী হচ্ছে বারইয়ারহাট থেকে তিন কিলোমিটার উত্তরে অবস্থিত একটি গ্রাম।

মহাজনহাটে বিদ্যমান সাব-পোস্ট অফিসটি কালের বিবর্তনে একেবারেই অকেজো হয়ে আছে। এককালের পুরানহাট খ্যাত মহাজনহাটে এখন স্থানীয় ব্যক্তিদেরও আনাগোনা হয় না। যে কারণে মহাজনহাট সাব-পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের তেমন কোনো কাজ নেই৷ তা ছাড়া সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বারইয়ারহাটে অবস্থিত হিঙ্গুলী ডাকঘরটির অফিস সময়ে কর্মকর্তা-কর্মচারীরা ভীষণ ব্যস্ত থাকেন৷

ব্রাঞ্চ অফিসে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্দিষ্ট অফিস সময়ে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকার ডাক সরঞ্জাম বিক্রি হয় এখানে, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারইয়ারহাটের ডাকঘর সরকারি অফিস টাইম মোতাবেক খোলা ও বন্ধ করা হলে মিরসরাই উপজেলায় সর্বোচ্চ আয়ের ডাকঘরে পরিণত হতে পারে বারইয়ারহাটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, সরকারের রাজস্ব বাড়াতে এবং জনস্বার্থে বারইয়ারহাটে অবিলম্বে বারইয়ারহাট নামে একটি সাব-পোস্ট অফিস নির্মাণের কোনো বিকল্প নেই। জনগণের মাঝে সর্বোচ্চ ডাকসেবা পৌঁছে দেওয়ার জন্য বারইয়ারহাটে একটি সাব-পোস্ট অফিস স্থাপন করা হোক।

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ

বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম।