সামরিক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক খাতে দুর্নীতির অতি উচ্চ ঝুঁকিতে বাংলাদেশের নাম প্রকাশের পরও দেশের সংসদীয় স্থায়ী কমিটি অস্বস্তিকরভাবে চুপ রয়েছে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ১৭ সেপ্টেম্বর বাংলাদেশসহ ২১টি দেশকে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ রেখেছে। আর এতে সার্কভুক্ত পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের নামটিও আছে। এর আগে বাংলাদেশ আলোচিত হয়েছে দুর্নীতির সূচকে পাঁচবারের (একবার আওয়ামী লীগ ও চারবার বিএনপির শাসনামলে) চ্যাম্পিয়ন হিসেবে। আমরা স্মরণ করতে পারি, প্রতিবারই যখন যে সরকারের আমলে এটি প্রকাশ পেয়েছে, তখন বিরোধী দল তাকে ক্ষমতাসীন দলের সমালোচনার কাজে ব্যবহার করেছে। আবার ক্ষমতায় গিয়ে তারাই তাতে ‘বিদেশি ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছে। কিন্তু এবার আপাতত একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে। টিআইয়ের প্রতিবেদনে সর্বাগ্রে টনক নড়ার কথা প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির। কিন্তু তারা নীরব।
এমনকি প্রধান বিরোধী দল বিএনপিও বাকশক্তিরহিত অবস্থায় আছে। অথচ বর্তমান সরকারের আমলে সামরিক সম্ভার ক্রয়ে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাশিয়া সফরকালে প্রায় আট হাজার কোটি টাকার সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়চুক্তি করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান লে. জে. মাহবুবুর রহমান (অব.) মনে করেন, ‘সামরিক বাহিনীর আধুনিকায়নের অবশ্যই দরকার আছে। কিন্তু রাশিয়া থেকে যে দামে যে ধরনের সমরাস্ত্র কেনা হয়েছে, তাতে স্বচ্ছতার বিরাট ঘাটতি রয়েছে।’ কিন্তু এই অভিযোগের বাস্তব ভিত্তি কতটা, তা খতিয়ে দেখার স্থান হচ্ছে সংসদীয় কমিটি। এ কমিটি অপেক্ষাকৃত বেশি দুর্বল ও লোক দেখানো বলেই মনে হয়। রাজনৈতিক অঙ্গীকারের অভাবে এ কমিটি পুরোপুরি নখদন্তহীন বললেও অত্যুক্তি হবে না।
টিআইয়ের সমীক্ষার মূল প্রতিপাদ্য ছিল ৮২টি দেশের সামরিক খাতের ওপর সংসদীয় নজরদারির গুণগত মাত্রা। বাংলাদেশ এ খাতে আসলে এখনো প্রাথমিক মাত্রাই নিশ্চিত করতে পারেনি, তাই গুণগত মাত্রা পরীক্ষার জন্য সে উপযুক্ত নয় বলা যায়। যুদ্ধবিগ্রহের সিদ্ধান্ত একান্তভাবেই বেসামরিক কর্তৃত্বের বিষয়, জেনারেলরা কেবলই হুকুম পালন করবেন। অথচ বাংলাদেশে সামরিক খাতে বেসামরিক কর্তৃত্বের প্রায় কোনো রূপই করদাতা জনতার চোখে কদাচিৎ বা কখনো পড়ে না। এর আগে জাতীয় প্রতিরক্ষানীতি প্রণয়নের কাজ যৎসামান্য এগোলেও এবারের পর্বে নৈবচ নৈবচ। বাজেটে প্রতিরক্ষা খরচের উল্লেখেও যথারীতি সবচেয়ে কম জায়গা লেগেছে। মহাহিসাব নিরীক্ষকের দপ্তরটিও বাগড়া না দেওয়ার নীতি অটুট রেখেছে। তথ্য অধিকার আইনও এখানে অচল। মিডিয়ায় কিছু ছাপা হলে আগের মতোই স্পর্শকাতরতা দেখানোর প্রবণতা চোখে পড়ে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক অ্যালেক্স বেলামি ও পল ডি. উইলিয়ামস সম্পাদিত প্রোভাইডিং পিসকিপারস বইয়ের মন্তব্য হচ্ছে, ‘বহুমাত্রিক শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণের ফলে বিরাট প্রভাব পড়ছে বাংলাদেশের সামরিক বাহিনীর ওপর। এতে সিভিল-মিলিটারি সম্পর্কও নতুন মাত্রা নিচ্ছে। অথচ সামরিক বাহিনীর ওপর সংসদীয় নিয়ন্ত্রণ হ্রাস পেয়েছে।’ আমরা এ বিষয়ে বিদ্যমান সংসদীয় কমিটির আশু লিখিত বিবৃতির দাবি জানাই।