সামর্থ্যের দিকে তাকাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামর্থ্যের দিকে তাকাতে হবে
সামর্থ্যের দিকে তাকাতে হবে

পোশাকশিল্পে শ্রমিকের ন্যূনতম মজুরি মানবিক ও যুগোপযোগী করতেমজুরি বোর্ডের শ্রমিকদের আট হাজার ১১৪ টাকা দাবির বিপরীতে ৬০০ টাকা বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। এ বিষয়ে একজন মালিক ও একজন শ্রমিকের অবস্থান তুলে ধরা হলো। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। সে কারণেই আমরা তাঁদের দাবিদাওয়াকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসেছি। আমরা জানি, কোনো শিল্পের শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে অবিরাম অসন্তোষ কাজ করলে সেই শিল্পের বিকাশ ব্যাহত হতে পারে। তাই আমাদের শ্রমিকদের যুক্তিসংগত দাবিদাওয়া মেটানোর চেষ্টা আমরা সব সময়ই করে থাকি। তবে দাবি উত্থাপন এবং তা আদায়ের বিষয়টিতে আবেগ বা কল্পনার স্থান থাকা উচিত নয়। বাস্তবে কী সম্ভব, কী সম্ভব নয়, সেসব দিকও মাথায় রাখা প্রয়োজন। পোশাকশিল্পের শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, ন্যূনতম বেতন বাড়িয়ে আট হাজার ১১৪ টাকা করা হোক। এর অর্থ, বর্তমানে তাঁরা যে ন্যূনতম বেতন পাচ্ছেন, দাবি করেছেন তার থেকে ১১৭ শতাংশ বেশি। কিন্তু বাংলাদেশের পোশাকশিল্পের বাস্তবতা বিবেচনায় এই দাবি পূরণ করা সম্ভব নয়। কারণ, সব শিল্পের মতোই পোশাকশিল্পেরও সামর্থ্যের একটা বিষয় আছে। এ দেশের তৈরি পোশাকশিল্পের ৭০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি, তাদের আর্থিক সামর্থ্য কম। আমরা ৬০০ টাকা বেতন বৃদ্ধি করে ন্যূনতম বেতন তিন হাজার ৬০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছি। মূল্যস্ফীতির আলোকে এটা করা হয়েছে। ১৯ দশমিক ৫৩ মূল্যস্ফীতির বিপরীতে আমাদের বেতন বৃদ্ধির প্রস্তাব ২০ শতাংশ। আমরা বলেছি, ২০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি আমাদের পক্ষে করা সম্ভব; এর থেকে বেশি বাস্তবে সম্ভব হবে না।

পোশাকশিল্পের টিকে থাকার বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমাদের টিকে থাকতে হয় আন্তর্জাতিক বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে প্রতিযোগিতা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর সেই অর্থ আমাদের আন্তর্জাতিক বাজার থেকেই আহরণ করতে হবে। কিন্তু ক্রেতারা পোশাকপণ্যের মূল্যবৃদ্ধি করেননি, বরং মূল্য আরও কমানোর কথাই তাঁরা বেশি করে বলছেন।
অন্যদিকে টাকার বিপরীতে ডলারের দাম ইতিমধ্যে কমেছে, টাকার মূল্য বেড়ে গেছে। আগে আমরা এক ডলারের বিপরীতে যেখানে ৮৪ টাকা ৬৬ পয়সা পেতাম, সেখানে এখন পাচ্ছি ৭৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এখন প্রতি ডলারে আমরা প্রায় নয় টাকা কম পাচ্ছি। এ কারণে আমাদের রপ্তানি-আয়ও কমে গেছে। উপরন্তু গত এক বছরে আমাদের পোশাকশিল্পে উৎপাদন খরচ বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ। এগুলো সাম্প্রতিক ঘটনা হলেও আমরা যদি এখন আমাদের শ্রমিকদের বেতন বাড়াই, তাহলে তাঁদের বেতন পরিশোধ করতে হবে আমাদের রপ্তানি আয় কমে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতেই।
অথচ প্রতিবেশী ভারতে ডলারের বিপরীতে রুপির ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। ফলে ভারতীয় তৈরি পোশাকশিল্পের রপ্তানি-আয় বেড়েছে। ভারতীয় পোশাকশিল্পের মালিকেরা আগে যেখানে এক ডলারে পেতেন ৪৭ রুপি, এখন সেখানে পাচ্ছেন ৬৯ রুপি ৫০ পয়সা। তা ছাড়া ভারত সরকার আন্তর্জাতিক বাজারে তাদের পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে; সাড়ে ১২ শতাংশ এক্সাইজ ডিউটি প্রত্যাহার করেছে। এই দুটো বিষয় মিলিয়ে ভারতের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা অনেক বেড়ে গেছে। ভারতের প্রসঙ্গটি এখানে উল্লেখ করতে হচ্ছে এ কারণে যে, আন্তর্জাতিক বাজারে আমাদের পোশাকশিল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন আর ভিয়েতনাম বা কম্বোডিয়া নয়, এই স্থানে উঠে এসেছে ভারত। সামনের দিনগুলোতে আমাদের দিকে থাকতে হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সেখানে বিশাল অর্থনীতির দেশ ভারত আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে।
পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি এসব বাস্তব পরিস্থিতির আলোকেই বিবেচনা করতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলে তাঁদের উৎপাদনক্ষমতা বাড়ে, তাঁদের কল্যাণের বিষয়টি অবশ্যই মনোযোগের দাবি রাখে এবং আমরা সেদিকে মনোযোগীও বটে। তবে সব কথার শেষ কথা হচ্ছে, প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে হবে। পোশাকশিল্প টিকে থাকলেই কেবল পোশাকশিল্পের শ্রমিকেরা থাকবেন, অন্যথায় নয়। শ্রমিকদের বেতন বৃদ্ধির যে প্রস্তাব আমরা দিয়েছি, তা সব বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নিয়েই দেওয়া হয়েছে।
এ মূহূর্তে বাংলাদেশের পোশাকশিল্পের পক্ষে এটুকুই করা সম্ভব। কিন্তু এই বৃদ্ধির সুফলও যেন প্রকৃতপক্ষে আমাদের শ্রমিকেরাই ভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করা জরুরি। কারণ, আমরা অতীতে দেখেছি, শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া ও পরিবহন খরচ বাড়ানো হয়। আমাদের শ্রমিকেরা যদি বাড়তি বেতনটুকু পেয়ে বাড়তি ঘরভাড়া আর বাসভাড়া মেটাতেই বাধ্য হন, তাহলে তাঁদের বেতন বৃদ্ধির কী সুফল তাঁরা পাবেন। এ ক্ষেত্রে সরকারের অবশ্যই কিছু করণীয় আছে।
শহিদুল্লাহ আজিম: সহসভাপতি, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।