সামাজিক অগ্রগতির সূচকে যেসব বিষয় বিবেচনা করা হয়, সেগুলো হলো: শিক্ষা, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন, আশ্রয়, ব্যক্তিগত নিরাপত্তা, তথ্য পাওয়ার অধিকার, সামাজিক সহিষ্ণুতা ও সম্পৃক্ততা। সামাজিক অগ্রগতির সূচকে বাংলাদেশ শিশুমৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, মাধ্যমিক স্কুলে ছেলেমেয়েদের সংখ্যা সাম্য, পয়োনিষ্কাশনসুবিধা, বাল্যবিবাহ, মানব পাচার রোধ ইত্যাদিতে প্রতিবেশী ভারত ও নেপাল থেকে এগিয়ে আছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বাংলাদেশের এই অগ্রগতির ভূয়সী প্রশংসা করে থাকেন।
তবে বাংলাদেশের নেতিবাচক দিক হলো, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, ধর্মীয় কারণে হয়রানির শিকার হওয়া এবং সংবাদপত্রের ওপর বিধিনিষেধের ঘটনা। এসব বাধা কাটিয়ে উঠতে পারলে সামাজিক উন্নয়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মডেল হতে পারে। সে ক্ষেত্রে শাসনব্যবস্থায় অধিকতর জবাবদিহি ও স্বচ্ছতার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা একান্ত জরুরি। আর রাজনৈতিক নেতৃত্বই যে সেটি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে সন্দেহ নেই। উল্লেখ করা দরকার, গত চার দশকে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ যতটা উন্নতি করেছে, রাজনৈতিক অঙ্গনে সেটি সম্ভব হয়নি নেতৃত্বের দুর্বলতার কারণেই।
প্রগতির চাকা এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সমাজের প্রত্যেক নাগরিকের মৌলিক ও মানবাধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বাধাগুলোও দূর করতে হবে। সংখ্যালঘু জনগোষ্ঠীকে অভয় দিতে হবে। গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ যেসব বিধিনিষেধ আছে, তারও অবসান হওয়া উচিত। একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সহিষ্ণু পরিবেশই সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পারে।