সাম্প্রদায়িক সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির’ দেশ হিসেবে বেশ সুখ্যাতি অর্জন করেছিল। কিন্তু কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় (রামুসহ তিন পার্বত্য জেলা, কক্সবাজার, পাবনা, বরিশাল ইত্যাদি) সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা হামলা এই সুনামকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। কিন্তু এসব হামলা-সহিংসতার পেছনের ঘটনা তলিয়ে দেখলে দেখা যায়, প্রশাসনের সঠিক নিয়ন্ত্রণের অভাব এবং গুটি কয়েক মানুষের হিংসা-বিদ্বেষ দ্বারা প্রভাবিত হয়ে ছোট ঘটনা বিশাল আকার ধারণ করেছে।
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান—এসব পরিচয় ছাপিয়ে বড় পরিচয় হলো আমরা ‘বাঙালি’। এই দেশটাকে ভালোবেসে একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন করেছি। এমন একটি সোনার দেশে কেন আমরা এসব প্রশ্রয় দেব? তাই ধর্ম-বর্ণনির্বিশেষে সব বাঙালির প্রতি অনুরোধ, আসুন, দেশপ্রেমিক বাঙালি হিসেবে হূদয়ে দেশকে ধারণ করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাই দেশ ও জাতিকে— বাংলাদেশকে বাঁচিয়ে রাখি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।
সাবিনা পারভীন,

ঢাকা।