ছোটবেলায় দিদিমার কাছে শুনেছিলাম, পূর্ণিমা ও অমাবস্যায় নাকি বাতের ব্যথা বাড়ে। তিনি বলতেন, ওই সময় শরীর রসস্থ হয়। বড় হয়ে দেখেছি, বাতের ব্যথায় কাবু অনেকেই বিষয়টিকে বেশ আমল দেন। আগে থেকে সাবধান হন। এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে কি না, জানি না। জানার আগ্রহও হয়নি, যেহেতু কপালগুণে বাত আমায় শত্রু মনে করেনি। তবে ইদানীং দেখা যাচ্ছে, ভারতীয় রাজনীতিতে ফি-বার ভোটের আগে তৃতীয় ফ্রন্ট বা বিকল্প সরকার গঠনের উদ্যোগটা ওই বাতের ব্যথার মতোই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। দিন কয়েক হুল্লোড়বাজি হয়। এ-নেতা ও-নেতার বৈঠক হয়। বিবৃতির ফোয়ারা ছোটে। তারপর ম্যারাথন শেষ করা দৌড়বীরদের মতো নেতিয়ে পড়ে।
হিসাব করলে ভোটের এখনো মাস দশেক বাকি। কিন্তু যেহেতু বছর দেড়েক ধরে নানা কারণে কেন্দ্রীয় সরকারের হাল হয়েছে অনেকটা ছ্যাকড়া গাড়ির মতো এবং যখন-তখন ভোট হয়ে যেতে পারে—এ রকম একটা ধারণা কারও কারও মধ্যে জন্মেছিল, সেহেতু বিকল্প সরকার বা তৃতীয় ফ্রন্টের মাথাচাড়া দেওয়াটা আগেভাগেই ঘটে গেছে। এবার এই উদ্যোগে একটু বাড়তি রং লেগেছে এ দেশের সর্বজনীন ‘দিদি’র সৌজন্যে। তৃণমূলেশ্বরী ডাক দিয়েছেন ‘ফেডারেল ফ্রন্ট’ গঠনের। সেই ফ্রন্ট, যেখানে কংগ্রেস, বিজেপি ও বামদের জন্য দরজা কোনো মন্ত্রেই চিচিং ফাঁক হবে না।
দিদির চাহিদাটা যে বেশ বাড়াবাড়ি পর্যায়ের কষ্টকল্পনা, তাতে সন্দেহ না থাকাই উচিত। এমনিতেই সেই অর্থে কোনো দিনই কংগ্রেস বা বিজেপিকে পুরোপুরি বাদ দিয়ে, কারও সাহায্য না নিয়ে বিকল্প কোনো সরকার গঠিত হয়নি। ’৮৯ সালে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জনমোর্চা সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল বিজেপি ও বামপন্থীরা। কংগ্রেসকে ঠেকাতে সেটা ছিল অ-কংগ্রেসিদের মরিয়া প্রচেষ্টা। ’৯৬ থেকে ’৯৮ পর্যন্ত আর একটা পরীক্ষা চলল। যুক্তফ্রন্টকে বাইরে থেকে মদদ দিল কংগ্রেস। প্রথমে দেবগৌড়া, তারপর ইন্দ্রকুমার গুজরাল প্রধানমন্ত্রী হলেন। কিন্তু টিকলেন না কেউই। কী করে টিকবেন? টিকতে গেলে যে সংখ্যার প্রয়োজন, তার সিংহভাগ যে কংগ্রেস-বিজেপির দখলে!
মজাটা হলো, পাটিগণিতের এই নেকনজর এখনো এই দুই দলের ওপরেই। ৫৪৩ আসনের ভারতীয় লোকসভার অর্ধেকেরও বেশি এখনো এই দুটি দলের কবজায়। কংগ্রেসের খুব খারাপ সময় এসেছিল সীতারাম কেশরির সময়, ১৯৯৬ সালে। ১৪০ আসন পেয়ে থমকে দাঁড়িয়ে দেবগৌড়া-গুজরালদের বাইরে থেকে ঠেকনা দিয়েছিল। অত খারাপ ফল কংগ্রেস আর কখনো করেনি। তার পরের ইতিহাস সবার জানা। প্রথমে ১৬ মাসের জন্য, পরে কার্গিলের সৌজন্যে পুরো পাঁচ বছরের জন্য দেশের ইজারা নিয়েছিল বাজপেয়ির নেতৃত্বে এনডিএ। সেই থেকে দুই শিবিরের দুই জোট লোফালুফি খেলেই চলেছে দিল্লির মসনদ নিয়ে।
এমন নয় যে পাটিগণিতের এই সহজ পাঠ দাদা ও দিদিমণিদের মগজে ঢোকে না। খুব ঢোকে। সবাই বিলক্ষণ জানেন ও বোঝেন তাঁরা সবাই হাঁটুজলে হাঁপাইঝুরি করছেন, যতই নাচন-কোঁদন করুন না, একার শক্তিতে কংগ্রেস বা বিজেপির ধারেকাছেও কেউ পৌঁছাতে পারবেন না। দিদি তো আবার বামপন্থীদেরও ব্রাত্য করতে এবার হাঁক ছেড়েছেন। তা করুন। তাঁর গলায় তিনি কখন কীভাবে হাঁক দেবেন, তাঁর ব্যাপার। কিন্তু ঘটনা হলো, কংগ্রেস ও বিজেপির হাল সত্যজিৎ রায়ের জলসাঘরের জমিদারের মতো হলেও তাদের মিলিত শক্তি ২৫০-র বেশিই থাকে। এর সঙ্গে বামেরা যোগ দিলে সংখ্যাটা প্রায় ৩০০ ছোঁয়। বাকি থাকে কমবেশি ২৫০ আসন। সেখানেও সবাই যে সুজন, তা মনে করারও খুব কারণ নেই। মায়াবতী ও মুলায়ম, কিংবা জয়ললিতা ও করুণানিধি গলাগলি করে একসঙ্গে ফেডারেল ফ্রন্টের পঙিক্তভোজনে বসছেন, এমন দৃশ্যের চিত্রনাট্য মুম্বাইয়ের হরর ফিল্মের নির্মাতারাও তৈরি করতে সাহস পাবেন না। কিন্তু তবু ওই তৃতীয় ফ্রন্ট কিংবা ফেডারেল ফ্রন্টের হাঁকডাক, ন্যূনতম যৌথ কর্মসূচি তৈরির তোড়জোড়, ঘন ঘন মিটিং-ইটিং এসবের খামতি হয় না। শেষমেশ ওই হয় কংগ্রেস, নয় বিজেপির ঠেকনার খানাতল্লাশ চলে। রাষ্ট্রপতির দরবারে দাবি ও পাল্টা দাবির দ্বৈরথ শেষে শিকে ছেঁড়ার পর্ব আসে। কেউ হাসে, কেউ ফোঁসে। দেশ চলে তার কোয়ালিশন ধর্ম মেনে।
এবারও এই চিত্রনাট্যের নড়ন-চড়ন হবে কি? সম্ভাবনা যে নেই, সেই বাজি হাসতে হাসতে ধরা যায়। শেষ পর্যন্ত সেই হয় এনডিএ, নতুবা ইউপিএ জোট কিংবা অ-বিজেপি অ-কংগ্রেসিদের দাদা-দিদিদের দাবি মেনে সেই ’৮৯ ও ’৯৬-এর মতো বাইরে থেকে সমর্থনের খুঁটি। এর বাইরে তৃতীয় ছবি আঁকার উপায়ই নেই।
তাহলে সর্বজনীন দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) স্বপ্নের ফেডারেল ফ্রন্ট? নিত্যদিন কংগ্রেসের এত বাপবাপান্ত, শাপশাপান্ত করা? শেষমেশ এমন হবে না তো সেই কংগ্রেসের আঙুলই তাঁকে ধরতে হলো? যে দিকে ও যে গতিতে রাজনীতির জল গড়াচ্ছে, তাতে এমনটা হওয়াই মনে হচ্ছে তাঁর কপাললিখন।
মনে হওয়ার প্রধান কারণ এই নয় যে তাঁর ফেডারেল ফ্রন্টের ডাকে কেউ সাড়া দেননি। নবীন পট্টনায়েক দিয়েছেন, নিতীশ কুমারও দিয়েছেন। (তিনজনের সম্মিলিত আসন এই মুহূর্তে ১০৩ আসনের মধ্যে ৫৩) কিন্তু নিতীশ বড় খেলোয়াড়। কোন পিচে কীভাবে ব্যাট করা দরকার, কখন টেস্ট ম্যাচের ঢিমে তেতালা, কখন টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা তা তিনি খুব বোঝেন। সাপ ও ব্যাঙ, দুইয়ের মুখে চুমু খেতে পারাটার নামই তো রাজনীতি। দিদির কাছে দূত পাঠানোর ঢের আগে থেকেই তিনি ১০ জনপথে টোকা মারছেন। না হলে ১৭ বছর একটানা বিজেপির ঘর করার পর বিচ্ছেদের পরদিনই নিতীশ ‘সেক্যুলার’! এবং তাঁর গদি বাঁচাতে কংগ্রেসের উঠেপড়ে লাগা? নিতীশ যদি রাহুল দ্রাবিড় হন তো মুলায়ম সিং যাদব তাহলে সৌরভ গাঙ্গুলী। ধরে ও পিটিয়ে দুই ধরনের ক্রিকেটেই তাঁর অনায়াস বিচরণ। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দিদিকে তিনি কী ঘোলটাই না খাওয়ালেন! দিদি ধরতেই পারলেন না। পারলেন যখন, ততক্ষণে কেল্লাফতে। কংগ্রেস এঁদের মধ্যে শচীন টেন্ডুলকার। ধরাছোঁয়ার প্রায় ঊর্ধ্বে। নিজেই নিজের তুলনা। দিদি যে নিত্যদিন এত কংগ্রেসকে গালমন্দ করছেন, ওঁরা গায়েই মাখছেন না। ঠিক যেন পাঁকাল মাছ। বরং স্পষ্ট বুঝিয়েই দিচ্ছে, কলসির কানা যতই মারো, প্রেম বিলোতে কসুর করব না।
ফেডারেল ফ্রন্টের প্রস্তাব আনাচকানাচে পৌঁছেছে কি পৌঁছায়নি, দুমদাম করে আসরে নেমে পড়লেন গুজরাটের নরেন্দ্র মোদি। সঙ্গে সঙ্গে সে কী প্রবল ঢক্কানিনাদ! যেন সত্তরের দশকের অমিতাভ বচ্চনের যেকোনো সিনেমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। হিন্দুত্ববাদীরা হইহই শুরু করে দিয়েছে। আদভানি-সুষমা-জোশি-যশবন্ত-উমারা ভোঁ কাট্টা। রাজনাথ-মোদি+সংঘ পরিবার ব্যাট করছেন যেন টপ ফর্মের বীরেন্দর শেবাগ। কোনো বাধাই আর বাধা নয়।
কট্টর হিন্দুত্বের সঙ্গে উন্নয়নের মিশেল দিয়ে টিম মোদি এমন একটা রেসিপি তৈরি করতে চাইছে, যা নাকি ‘ভারত’ ও ‘ইন্ডিয়া’ উভয়েই গিলতে বাধ্য হবে। হবে কি হবে না, সে পরের কথা, কিন্তু অ্যান্টি মোদি ক্যাম্প কংগ্রেসকে আঁকড়ে গুজরাটি গর্বের ফানুস ফুটো করার চেষ্টা করবেই। যেমন নিতীশ। দিদির প্রস্তাবে মৃদু হাওয়া দিয়েই কংগ্রেসের গায়ে গা এলিয়ে দিয়েছেন। এতটাই যে আস্থা ভোটে রাখঢাক না রেখে কংগ্রেস সরাসরিই নীতিশের পক্ষে ভোট পর্যন্ত দিয়ে দিল। এর পরেও বিহার-নরেশ কংগ্রেসকে ছেড়ে দিদির ঘরে আসন পাতবে? দিদির জন্য কংগ্রেসের বিরোধিতা করবে?
ভোট যত এগোবে, ততই দেশ দুটি শিবিরে ভাগ হয়ে যাবে। একটা শিবিরের মন্ত্র হবে ‘মোদি লাও দেশ বাঁচাও’, অন্য শিবির স্বাভাবিকভাবেই ‘মোদি খেদাও’ জাতীয় কিছু একটা বের করে ফেলবে। মোদি আপাতত অযোধ্যা সফর বাতিল করেছেন। ভোট দামামা যখন দারুণ তুঙ্গে উঠে যাবে, মোদি-মাহাত্ম্য ক্রমেই যখন শঙ্কায় ফেলবে শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ শিবিরকে, বাতের ব্যথা তখন আর অনুভূত হবে কি? কী করবেন তখন ধর্মনিরপেক্ষ দিদি? তাঁর রাজ্যে যে ২৭ শতাংশ মুসলমান? মোদি ও কংগ্রেসের একযোগে বিরোধিতা তাঁরা মঞ্জুর করবেন তো? কিংবা যদি ধরেও নেওয়া যায়, ‘একলা চলো রে’ গাইতে গাইতে তিনি ফেডারেল ফ্রন্টকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুললেন, তখনো তো ২৭২-এ পৌঁছাতে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে ওই কংগ্রেসের দিকেই। তখন?
কংগ্রেস তার দরজায় কখনো খিল আটকে রাখে না। এত দিন ধরে দেওয়া চোখাচোখা গালাগালগুলো তখন কিন্তু দিদিদের গিলে ফেলতে হবেই।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, দিল্লি।