সাঙ্গ হলো প্রাণের মেলা—বইমেলার সমাপ্তির দিনে এমন শিরোনামে সংবাদ ছেপেছে দেশের প্রায় সব দৈনিক। ইলেকট্রনিক গণমাধ্যমগুলোও তাদের শিরোনাম প্রায় এমনই করেছে। সন্দেহ নেই একুশের বইমেলার সঙ্গে কালক্রমে জড়িয়ে গেছে বাঙালি জাতির প্রাণ।
বইমেলা বাঙালির অন্যতম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এক দিনের বইমেলা এক থেকে আট, আট থেকে ১৪, ১৪ থেকে ২১ এবং সর্বশেষ ২১ থেকে ২৮, ২৯ তথা ফেব্রুয়ারি মাসব্যাপী বিস্তৃত হয়েছে। ঢাকায় বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী বই বিক্রির মেলা অনুষ্ঠিত হয়। একাডেমি মেলার সঙ্গে পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখে। কিন্তু সেটা গৌণ আয়োজন। এবারের বইমেলায় ২৮ দিনে বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার বই অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৭ লাখ ১৪ হাজার টাকার বই বিক্রি হয়েছে। অর্ধকোটি টাকার বেশি মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর সংখ্যা দিয়ে এই প্রতিদিনের বিক্রিকে ভাগ দিলে গড়ে একজন প্রকাশক প্রায় ১১-১২ হাজার টাকার বই
বিক্রি করেছেন। প্রতিদিনের বিক্রিকে যদি মাসের ২৮ দিন দিয়ে গুণ করা যায় তবে প্রকাশকপ্রতি বিক্রির পরিমাণ মাসে দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়।
অন্যদিকে ১৬ কোটি মানুষের ১৬ কোটি টাকার বই অর্থাৎ জনপ্রতি বছরে এক টাকার বই বিক্রি হয়েছে, শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির/ লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির’—এর অনুরূপ নয় কি? আর মেলায় নতুন বই বেরিয়েছে প্রায় তিন হাজার। বইমেলাকে টাকার অঙ্কে যারা মিলাবেন মেলান। আমরা একে মেলাতে আগ্রহী প্রাণের মূল্যে। বইমেলা যদি প্রাণের উৎসবই হয়, তবে শুধু বই কেনা ও বেচার হিসাব নয়, বইমেলাকে মেলাতে হবে সংস্কৃতির হিসাবেও। বইমেলা আমাদের সাহিত্য-সংস্কৃতি ও বইয়ের জগৎকে কতটা সমৃদ্ধ করল, হিসাব করা প্রয়োজন সেটারই। আমরা যেন সারা বছর বই পড়ি এবং বই কিনি, বই উপহার দিয়ে বইকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখি, সেই চেতনা ছড়িয়ে দিতে সারা বছর দেশের শহর ও গ্রামে স্থানীয় আয়োজনে বইমেলা করার সরকারি উদ্যোগ চাই। বছরে এক টাকার নয়, অন্তত ৩৬৫ টাকার বই যেন বিক্রি হয় জনপ্রতি। তাহলে জাতির প্রাণের সঙ্গে সম্পৃক্ত হবে বইমেলা। সত্যিকার অর্থে এগিয়ে যাবে জাতি।
নূরনবী অন্ত
বাংলাবাজার, ভোলা।