থ্রিজি বা তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশে এরই মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক চালু করেছে। চলতি সপ্তাহেই বেসরকারি চারটি প্রতিষ্ঠানকে নিলামের মাধ্যমে থ্রিজি নেটওয়ার্কের লাইসেন্স দেওয়া হলো। থ্রিজির মূল বৈশিষ্ট্য হলো দ্রুত গতির ইন্টারনেট। এর ফলে এটি কেবল দেশে ইন্টারনেটের গতিই বাড়াবে না, ব্যবহারকারীর সংখ্যাও বাড়াবে। এর বিপুল সুবিধা পেতে পারে শিক্ষা ও সেবা খাত, বিশেষত ইন্টারনেটভিত্তিক চিকিৎসাসেবা এবং তথ্যবিস্তার ও পাঠদানের কাজ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার সুযোগ অনেক বেড়ে গেল। তবে থ্রিজি-সেবা যেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সারা দেশে বিস্তৃত করে এবং এটি ব্যবহারের খরচ আয়ত্তের মধ্যে থাকে, তা নিশ্চিত হতে পারে।
থ্রিজি বা ফোরজি নেটওয়ার্কের সব সুবিধা পেতে দামি মোবাইল ফোন প্রয়োজন, তাই সাধারণ ব্যবহারকারীদের এর সুফল পাওয়ার সুযোগ এখানে সীমিত। নিছক বিনোদনের গণ্ডি ছাড়িয়ে ইন্টারনেটকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগাতে বাংলাদেশের প্রয়োজন ঘরে ঘরে মূল্যসাশ্রয়ী উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ। এর যাবতীয় প্রস্তুতি ও অবকাঠামো বিটিসিএলের
থাকলেও সদিচ্ছার অভাব দৃশ্যমান। প্রশ্ন উঠেছে, প্রধানত ফাইবার অপটিক কেব্ল-নির্ভর উচ্চগতির ইন্টারনেট কেন সারা দেশে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে না? এর সুফল সৃষ্টির দিকে মনোযোগী হওয়া দরকার।
বাংলাদেশে ইন্টারনেটের প্রবর্তন প্রথম থমকে যায় এরশাদের শাসনামলে। এরপর সাবমেরিন কেব্ল সংযোগও উদ্ভট যুক্তি দেখিয়ে ঠেকিয়ে রাখা হয়। এখন সেই সংযোগ নেওয়া গেলেও, সারা দেশে এর সহজপ্রাপ্যতার কোনো বন্দোবস্ত নিচ্ছে না বিটিসিএল। যেখানে বাংলাদেশ ২৩ জিবি পর্যন্ত সুবিধা বিনা মূল্যে পেতে পারে, যেখানে দেশের বিপুল ইন্টারনেট গতি অব্যবহূত রয়েছে, সেখানে এর অব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুতরাং কেবল থ্রিজি প্রযুক্তি থাকলেই হবে না, এর মূল্য, এর বিস্তারের অবকাঠামো এবং সর্বস্তরের মানুষের কাছে এটি উন্মুক্ত করার ক্ষেত্রে সমস্যা দূর করতে হবে। পাশাপাশি কীভাবে সারা দেশে ব্রডব্যান্ড সংযোগ সস্তায় দেওয়া যায়, সেই পদক্ষেপ নিতে হবে। সত্যিকার অর্থে অব্যবহূত বিপুল ব্যান্ডউইডথ সংযোগ জাতীয় সম্পদ; এই সম্পদের বাণিজ্যিক ব্যবহার কিংবা মুষ্টিমেয়র জন্য তা সংরক্ষিত রাখা অথবা অপচয় করা নাগরিক অধিকারের লঙ্ঘন। সরকারকে এ ব্যাপারে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা হাজির করা দরকার।