সিডিএ বনাম সিসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃষ্টিভঙ্গি কতটা দলীয় হতে পারে, তারই পীড়াদায়ক নজির স্থাপিত হয়েছে বন্দরনগর চট্টগ্রামে৷ ৬০ লাখ মানুষের এই শহরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগুরুত্বসম্পন্ন নয়, দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে৷ চট্টগ্রামের উন্নয়নে পঁাচ বছরে সিডিএ খরচ করেছে সাড়ে চার হাজার কোটি টাকা আর স্থানীয় সরকারের নির্বাচিত সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) চার বছরে পেয়েছে ৩১৩ কোটি টাকা৷ যদিও দুটো সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান৷ কিন্তু উভয়ের অভিন্ন লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন৷
আমরা এটা জানতে পারলে খুশি হতাম যে সরকারের টাকা উন্নয়নেই ব্যয় হয়েছে৷ কে কীভাবে উন্নয়ন করল, সেটা বড় কথা নয়৷ সিডিএর নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা৷ আর সিটি করপোরেশনে মেয়র হিসেবে যিনি আছেন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা৷ চট্টগ্রামবাসী অস্বস্তির সঙ্গে লক্ষ করছে যে সিটি করপোরেশনের অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প অর্থসংকটে ধুঁকছে৷ সামান্য বৃষ্টিতে নগর প্লাবিত হলেও জলাবদ্ধতা নিরসনে সংস্থাটি টাকা পায়নি৷ ফলে চট্টগ্রামবাসীর মনে সন্দেহ জাগতে পারে যে তারা বিরোধী দল থেকে মেয়র নির্বাচন করছে বলে সরকার তার বদলা নিচ্ছে৷ মানুষ দেখছে সিডিএর ৩৫টি প্রকল্প অর্থ বরাদ্দ চেয়ে শতভাগ মঞ্জুরি মিলেছে৷ অথচ সিটি করপোরেশনের ক্ষেত্রে সরকার মুঠো খুলছে না৷ এ ধরনের উন্নয়ন-কৌশল অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত৷
এ কথা সত্য, সিডিএ যে ৭২৮ কোটি টাকায় উড়ালসড়ক করে দেখাচ্ছে, তা নিশ্চয় জনস্বার্থে৷ কিন্তু টাকার ঘাটতি থাকলে অগ্রাধিকার চিহ্নিত করা জরুরি৷ এটা মার্জনা করা যায় না যে মাত্র ৩০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ বহদ্দারহাট খাল খনন পড়ে থাকে৷ যেসব সমস্যা নাগরিক জীবনকে সরাসরি স্পর্শ করে, সেসব সমস্যা সমাধানে আমরা অগ্রাধিকার দিতে দেখি না৷ আওয়ামী লীগের নেতা যিনি প্রশ্নবিদ্ধ নৈতিকতা নিয়ে সিডিএর নেতৃত্ব দিচ্ছেন এবং কিছু সরকারের অানুকূল্যে কাজও করেছেন৷ কিন্তু সর্বাধিক জনগুরুত্বসম্পন্ন প্রকল্প বাস্তবায়নে তঁাকে তৎপর হতে দেখা যায় না৷
অন্যদিকে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা চলছে৷ এটা অস্বস্তিকর বিষয় যে সিডিএ চেয়ারম্যান ও সিটি মেয়র পরস্পরের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে অসমর্থ থাকছেন৷ দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার যে বিবরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে, তার নেপথ্যে তঁাদের শীতল সম্পর্কই অনেকাংশে দায়ী৷
আমরা আশা করব, সরকার তার একপেশে নীতি পরিহার করে সিটি করপোরেশনের জনগুরুত্বসম্পন্ন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ করবে৷ সিডিএ ও সিটির দুই বস বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে আলাপ-আলোচনা ও সৌজন্যমূলক কর্মসম্পর্ক বজায় রেখে চলতে ব্রতী হবেন৷