সিরিয়ায় আর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদাদের পর বিশ্বসভ্যতার আরেক সূতিকাগার সিরিয়ার রাজধানী দামেস্ক এখন মার্কিন হামলার হুমকির মুখে। দৃশ্যত রাশিয়ার কট্টর বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্র সময় নিচ্ছে। জনমত বিপক্ষে, কংগ্রেসের অনুমতি নেই, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সমিতি জি ২০-এর অধিকাংশ দেশেরই আপত্তি রয়েছে। তবু শান্তিতে নোবেলজয়ী বারাক ওবামা একগুঁয়েভাবে যুদ্ধের ওকালতি আর হামলার আয়োজন চালিয়ে যাচ্ছেন। পরিহাস এখানেই, ফ্রান্সের পর সৌদি আরব, তুরস্ক ও কাতারের মতো মুসলিম ও আরব রাষ্ট্রই এখন প্রতিবেশী আরব রাষ্ট্রকে ধ্বংসের প্রধান ইন্ধনদাতা।
আড়াই বছর ধরে চলা স্বৈরতন্ত্রী বনাম জঙ্গিবাদী গৃহযুদ্ধে সিরিয়ায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। ধ্বংস হচ্ছে দেশটির অর্থনীতি, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা। এই যুদ্ধ থামানোর এবং দেশটিতে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় পাশ্চাত্যের যা করার ছিল, তা করা হয়নি। জাতিসংঘের মাধ্যমে সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরানকে দিয়ে আসাদ সরকার ও বিদ্রোহীদের শান্তি আলোচনায় বসানোই ছিল করণীয়। কঠিন হলেও এটাই যুদ্ধের বিকল্প। অথচ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সরাসরি সমর্থন দিচ্ছে আল-কায়েদাসহ আসাদবিরোধী ধর্মীয় জঙ্গিগোষ্ঠীকে। যে যুদ্ধে ন্যায়ের প্রতিনিধি কোনো পক্ষই নয়, সেই যুদ্ধ থামানোই হওয়া উচিত ন্যায়ের কর্মসূচি।
সিরিয়া লিবিয়া বা ইরাক নয়। সিরীয় সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অকাট্য প্রমাণ নেই। দুর্বল অভিযোগের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার থেকে হঠকারী আর কিছুই হতে পারে না। জাতিসংঘের ‘রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’ বা রক্ষার দায়িত্বের নামে সিরিয়ায় যুদ্ধ বাধালে তা হবে কার্যত ইরান ও হিজবুল্লাহকে দমনের আগাম আক্রমণেরই বাস্তবায়ন। ইরাক-আফগানিস্তানে আগ্রাসন মানবতার বিপর্যয় বাড়িয়েছে, লিবিয়ায় ন্যাটোর হামলায় সে দেশের মানুষ আরও খারাপ পরিস্থিতিতে নিক্ষিপ্ত হয়েছে।
আশার কথা, ব্রিটিশ ও মার্কিন আইনপ্রণেতাদের হুঁশ ফিরেছে। ইরাক হামলার সময়ের থেকে ব্যতিক্রমীভাবে মার্কিন জনমতও যুক্তিসংগত অবস্থান নিয়েছে। সবাই বলছে, যেকোনো হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। গ্রীষ্মকালীন অবকাশ থেকে ফিরে কংগ্রেসে সেই আলোচনা উত্থাপিত হবে। জনমতের বিরুদ্ধে গিয়ে মার্কিন আইনপ্রণেতারাও সম্ভবত যুদ্ধবাদী অবস্থান নেবেন না। এ রকম অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে ৭২ ঘণ্টার বিমান হামলার দিকে ঝুঁকছেন। তা হলে জবাবে সিরিয়া, ইরান ও হিজবুল্লাহর পাল্টা হামলা, রাশিয়ার জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রকট। এ ধরনের হামলার ফল দীর্ঘ গণবিধ্বংসী দাবানল জ্বালিয়ে দেওয়া। তাতে গৃহযুদ্ধের অবসান তো হবেই না, বরং তা পরিণত হবে আন্তর্জাতিক যুদ্ধে। আধুনিক যুগে পাশ্চাত্যের চালানো বিশ্বযুদ্ধ মানবতার ভয়াবহ ধ্বংস করেছে, সমস্যায় আক্রান্ত পৃথিবী আর লাখো-কোটি মানুষের মৃত্যু ও কান্না সইতে প্রস্তুত নয়।
এই অবস্থায় বাংলাদেশ সরকারকেও বিশ্বজনমত ও শান্তিকামী রাষ্ট্রগুলোর সঙ্গে জাতিসংঘের মাধ্যমে রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিতে হবে। গণহত্যা ও বিদেশি আগ্রাসনের শিকার হওয়া বাংলাদেশ কোনোভাবেই গণহত্যা ও আগ্রাসনের পক্ষে থাকতে পারে না।