ছাত্রদলের নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে প্রচলিত আইনে এই অপরাধের বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল৷ ক্যাম্পাসে শিক্ষার্থী নিহত হলে সাধারণত বিচার হয় না৷ তাই ক্যাম্পাসভিত্তিক খুনখারাবি বাড়ছেই৷
৪ জুন ওই কলেজের আবু সিনা ছাত্রাবাসে নিয়ে কলেজছাত্র তাওহীদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়৷ পরে তিনি হাসপাতালে মারা যান৷ ক্যাম্পাসে প্রভাব বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাওহীদকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হত্যা করেছেন বলে কলেজ ছাত্রদল অভিযোগ করেছে৷ তারা সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের কাছে দিয়েছে৷ নিহত ছাত্রনেতার চাচার দায়ের করা এজাহারেও কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ আসামিদের আজ শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে৷ অন্যদিকে কলেজ শাখা ছাত্রদল বলেছে, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কলেজে ধর্মঘট চলবে৷ কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক শেষে ছয় দিনের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ৷ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে৷ নিহত শিক্ষার্থীর হতভাগ্য বাবা আওয়ামী লীগের সমর্থক৷ তিনি বলেছেন, ‘হত্যার বিচার ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার৷’
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতির নামে যে সহিংসতার বিষবৃক্ষ রোপণ করা হয়েছিল, তারই বলি তাওহীদ৷ বছরের পর বছর ক্যাম্পাস রক্তাক্ত হচ্ছে কথিত ছাত্ররাজনীতির নামে৷ ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে৷ তাই ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণের কথা উঠলেই একদল লোক গেল গেল বলে রব তোলেন৷ অথচ ছাত্ররাজনীতির নামে অপরাজনীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে, তা নিয়ে তাঁদের আক্ষেপ বা অনুশোচনা নেই৷ কলেজ শাখার ‘দলীয় তৎপরতার’ সুবিধাভোগী মূল দলের মুরিব্বরা৷ কারণ, স্বীকৃতমতে তাঁরাই তাদের দিকনির্দেশক৷ অঙ্গ বা সহযোগী সংগঠনের তকমামুক্ত করে ফায়দা হয়নি৷ এখন তাই আইনে উপযুক্ত সংশোধনী এনে ক্যাম্পাসে হত্যাকাণ্ডে মূল দলগুলোর দায়দায়িত্বও নির্দিষ্ট করা প্রয়োজন৷