সিলেট নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক কালে বিভিন্ন অঘটনে শিক্ষানবিশ চিকিৎসকেরা যে সংবাদের শিরোনাম হচ্ছেন, তার আপাতত শেষ প্রতিক্রিয়া সিলেট নার্সিং কলেজ বন্ধের ঘোষণা৷ গত রোববার রাতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে কয়েকজন শিক্ষানবিশ সেবক প্রহৃত হওয়া নিয়ে অঘটনের সূচনা৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রথমে কর্মসূচি স্থগিত করলেও প্রতিকার না পেয়ে তাঁরা ধর্মঘট ও বিক্ষোভ অব্যাহত রাখেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলেও পরবর্তীকালে তদন্ত কমিটি গঠনের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত রয়েছে৷ ফলে সেবিকারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে বরিশাল ও ময়মনসিংহের নার্সিং কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন৷
সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে তুচ্ছ বললেও সেটি তুচ্ছ ছিল না৷ কর্তৃপক্ষ সিলেট নার্সিং কলেজ বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রাখা এবং ছাত্রাবাস ত্যাগ না করা প্রমাণ করে, তাঁরা কতটা আহত ও ক্ষুব্ধ হয়েছেন৷ শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষানবিশ সেবক-সেবিকা উভয়ই হাসপাতালে রোগীর চিকিৎসা ও সেবা দিয়ে থাকেন৷ চিকিৎসার মতো মহান পেশায় যাঁরা নিয়োজিত, তাঁরা কীভাবে অপরের গায়ে হাত তুলতে পারেন? বিভিন্ন স্থানে শিক্ষানবিশ চিকিৎসকদের পেশিশক্তির দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে রাজশাহীতে তাঁরা ঘোষণা দিয়ে সাংবাদিকদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন৷
আগেও যেমন দেখা গেছে, কোনো অঘটন ঘটলেই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ পরিিস্থতি সামাল দেওয়ার চেষ্টা করে, এবারও সিলেট নার্সিং কলেজে সেই ঘটনাই ঘটল৷ কর্তৃপক্ষ আক্রান্ত ও আহত শিক্ষানবিশ সেবক বা সেবিকাদের মনোবেদনা বোঝার চেষ্টা করেনি৷
আমরা মনে করি, প্রতিষ্ঠান বন্ধ রেখে সমস্যার সমাধান করা যাবে না৷ অবিলম্বে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হোক৷ দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তি দেওয়া হোক৷ তারপরই সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে৷ হাসপাতাল সেবারই জায়গা, এখানে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই৷