সিলেটে ছড়া দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে খাল উদ্ধারের ডামাডোলের মধ্যে কৌশলে দখল হয়ে যাচ্ছে একটি খাল। নয়টি খাল উদ্ধারে অভিযানকারীরা কি দেখতে পান না যে আরেকটি খাল ভরাট করে প্লট বরাদ্দ চলছে? একদেশদর্শিতার অপর নাম তবে দুর্নীতি?
সিলেটে শাহজালাল উপশহর এলাকার ওপর দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া বা গোয়ালী খালের বুকে মাটি ফেলে ভরাট করা চলছে। এর সুযোগ করে দিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। তারা আবাসন প্রকল্প করে প্লট বরাদ্দ দিচ্ছে। এই প্লট বরাদ্দের মধ্যে ‘বর্ধিত’ হিসেবে কিছু জমি চিহ্নিত করা হয়েছে। গোয়ালীছড়া পড়েছে এই বর্ধিত অংশে। নামেই বোঝা যায়, ‘বর্ধিত’ অংশটি সৃষ্টি করা হয়েছে বর্ধিতভাবে ছড়ার জমি দখলের জন্য।
গৃহায়ণ কর্তৃপক্ষ এ রকম জমি প্লট করে বিক্রি করছে। বিক্রীত জমি খালের মধ্যে পড়ায় ক্রেতারা সেই জমিতে বালুর বস্তা ও মাটি ফেলে ভরাট করে আবাসনের প্লট তৈরি করছে। সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে এভাবে খাল দখল করতে দেখে প্রকল্পের বাইরের লোকেরাও দেখাদেখি খাল ভরাট করতে লেগেছেন।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদে সিলেটের গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী বলেছেন, ‘নকশায় এ ধরনের কিছু নেই’। এ থেকে বোঝা যায় না যে নকশায় ছড়াটিই নেই, নাকি ছড়ার ওপর প্লটের অনুমোদন নেই? যা-ই ঘটুক, এই দায় গৃহায়ণ কর্তৃপক্ষের।
এখন কেবল ছড়াটি সম্পূর্ণ উদ্ধার করলেই চলবে না, কাদের গাফিলতি বা দুর্নীতির হাত দিয়ে এ ধরনের অপকর্ম ঘটল, তা-ও তদন্ত করে বের করতে হবে। সমগ্র দেশে তো বটেই, সিলেট অঞ্চলে একের পর এক পাহাড়-ছড়া ইত্যাদি দখল করা চলছে। যশোরের কপোতাক্ষ নদের বুকে মাটি ফেলে নদী আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। প্রতিদিন দেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে এভাবে প্রকৃতি বিনাশের মাধ্যমে ভূসম্পদ বাড়ানোর চেষ্টা হচ্ছে না। প্রশাসন ও রাজনৈতিক যোগসাজশ ছাড়া এসব হওয়ার নয়। কিন্তু হচ্ছে যে, তা থামানোর কি কেউ নেই?