সিলেটে স্বতঃস্ফূর্ত হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ প্রায় সারা দেশে যা করে আসছে, সেটাই তারা সিলেটে করল। প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে তারা একটা সহিংস শোডাউন করেছে। সিলেট বাসদ ও সিপিবির সাংগঠনিক শক্তি অতটা জোরালো না হলেও সিলেটে গতকাল সফল হরতাল হয়েছে। এটা মনে করার যথেষ্ট কারণ আছে, বিক্ষুব্ধ জনতা মনেপ্রাণে প্রতিবাদের ভাষা হিসেবেই এই হরতালকে গ্রহণ করেছে।
‘প্রধানমন্ত্রী ছাত্রদলকে সামলান’—এই শিরোনাম ছেপে ক্লান্ত হতে হতে আমরা একটু জিরিয়ে নিয়ে নব উদ্যমে ‘প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান’ ছাপতে শুরু করেছিলাম। কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত বা আরও অবনতিশীল হয়েছে। সিলেট ছাত্রলীগের তথাকথিত টিলাগড় গ্রুপটি এর আগে ছাত্রাবাস পুড়িয়েছে, গ্রেপ্তার হওয়া অস্ত্রধারীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এবার তাদের বিরুদ্ধেই সিপিবি-বাসদের সভায় সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ দেশের বাম আন্দোলনের অন্যতম পুরোধা মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর বর্বরোচিত হামলা করেছে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের অপরাধ, ওই সভায় ‘রেলের কালো বিড়াল’ ও ছাত্রলীগ সামলানোর মতো উক্তি উচ্চারিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরই সভা ছিল। কিন্তু ‘জামায়াতের চর’ হিসেবে তাদের শায়েস্তা করা হয়েছে। ছাত্রলীগ নামধারী ওই দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্ষমতাসীন দলের অপশাসনের এটি একটি নির্জলা উদাহরণ।
সিলেটে সংঘটিত অপরাধের জন্য ঢাকার মধুর ক্যানটিন থেকে এর আগে গণতন্ত্রের মাথা খাওয়া পদ্ধতিতে ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি আকস্মিকভাবে বাতিল হয়েছে। দলের গঠনতন্ত্রবহির্ভূত কমিটির প্রথম সভাপতি কিছুদিন আগেই বহিষ্কৃত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি লোক দেখানো দুঃখ প্রকাশ করলেও তারা বলেছে, সিপিবির সভায় ‘বিএনপিপন্থী ও অতি বামরা’ ছাত্রলীগকে ‘অকথ্য’ ভাষায় আক্রমণ করলে সংঘাত বাধে। তাই হিমাগারই এই মামলার গন্তব্য। প্রশ্ন হলো, ছাত্রদের ব্যবহার করার সর্বনাশা পথ রাজনীতিকেরা কবে পরিহার করবেন।