সিলেটের ‘সুন্দরবন’ রাতারগুলকে বাঁচাতে আন্দোলন চলছে৷ বন বিভাগের দায়িত্ব ছিল বনের প্রাকৃতিক চরিত্র রক্ষা করা৷ কিন্তু তাদের প্রস্তাবিত জাতীয় উদ্যানের প্রকল্পের অধীনে রাতারগুলে স্থাপনা নির্মাণ চলছে৷ শুধু সিলেটের জন্যই নয়, বাংলাদেশেই এ রকম জলার বন তথা জলাভূমির বনাঞ্চল বিরল৷ পরিবেশের স্বার্থে, নিসর্গের স্বার্থে বন বিভাগের উচিত ক্ষতিকর প্রকল্পটি বাতিল করা৷
বর্ষার রাতারগুল যেন পানির ভেতর থেকে উঠে আসা এক আশ্চর্য উদ্যান৷ এই অরণ্য জলবাসী ও বৃক্ষচারী মাছ, প্রাণী ও পাখি-পতঙ্গের আবাসস্থল৷ বনের ভেতর কৃত্রিম কাঠামো তৈরি করলে এই প্রাকৃতিক সমবায়ের যেমন ক্ষতি হবে, তেমনি পর্যটকেরাও এর সত্যিকার রূপদর্শন থেকে বঞ্চিত হবেন৷ যোগাযোগব্যবস্থা উন্নত হলে বনের বাইরেই সুন্দর বিশ্রামকেন্দ্র তৈরি করা যায়৷
জাতীয় উদ্যান, পর্যটনকেন্দ্র ইত্যাদি নাম নিয়ে দেশের বনাঞ্চলের স্বাভাবিক সৌন্দর্য ও অস্তিত্ব নষ্ট করার ঘটনা হরহামেশাই ঘটছে৷ বন বিভাগ একদিকে বনের জমি বেহাত হওয়া ঠেকাতে পারছেই না, অন্যদিকে এর সৌন্দর্যও নষ্ট করছে৷ নিসর্গপ্রিয় মানুষ এসব বনে গিয়ে নগর, যন্ত্র ও কৃত্রিমতা চান না, চান প্রকৃতির অনাবিল স্পর্শ৷ কিন্তু ইট-সিমেন্ট-লোহার বিশ্রামকেন্দ্র, সড়ক, পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি তৈরির নামে বনগুলোকে আসলে পার্কে পরিণত করা হয়৷ এতে করে প্রকল্পের টাকা খরচ করা যায়, ‘উন্নয়নের’ বখরা বিভিন্ন স্বার্থবাদী মহলের হাতে আসে; কিন্তু ক্ষতি হয় বন, পরিবেশ ও বনবাসী প্রাণিকুলের৷ সুন্দরবন এবং গাজীপুর, কালিয়াকৈর, মধুপুরের ভাওয়াল অরণ্যসহ দেশের ফুরাতে থাকা বনগুলো এর সাক্ষী ও প্রমাণ৷ সিলেটের রাতারগুল অরণ্যের জন্যও অভিশাপ হয়ে উঠেছে বন বিভাগের এ ধরনের প্রকল্প৷
পরিবেশবাদ জনবিচ্ছিন্ন ব্যাপার নয়, তা আসলে মানুষ ও জীবের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কথা বলে৷ প্রকৃতির আধার ছাড়া মানুষ বাঁচতে পারবে না বলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব৷ অথচ তারাই কিনা হয়ে উঠছে বনের শত্রু৷ এ রকম অবস্থাতেই নাগরিকেরা পরিবেশের খাতিরে আন্দোলনে নামেন৷ সিলেটের রাতারগুল রক্ষার ডাকে বন বিভাগ সাড়া দেবে, অরণ্যটি রক্ষা পাবে; এর কোনো বিকল্প নেই৷