২০১৩ সালে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের নতুন সিলেবাস অনুসারে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের বইগুলো ছাত্রছাত্রীদের জন্য কেমন হয়েছে, তা স্কুলের বিজ্ঞান শিক্ষকেরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি। রসায়নে রাসায়নিক বিক্রিয়া দেওয়া হয়েছে ১৮ প্রকার। জীববিজ্ঞানে রোগ রয়েছে ২৯টি অর্থাৎ বদহজম থেকে শুরু করে এপিলেপসি ও এইডস পর্যন্ত রাখা হয়েছে।
পদার্থবিজ্ঞানে জীবপ্রযুক্তি অধ্যায়ে অত্যাধুনিক যন্ত্রপাতি যেমন: এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এন্ডোসকোপি কিছুই বাদ রাখা হয়নি। নীরবে সবাই এক বছর ধরে নতুন সিলেবাসের স্বাদ গ্রহণ করছে। ২০১৫ সালে এসএসসি পরীক্ষা নতুন সিলেবাস অনুসারে হবে। বিজ্ঞানের বিষয়গুলোর ৩৫ নম্বর বহুনির্বাচনী এবং ৪০ নম্বর সৃজনশীল। সাধারণ প্রশ্ন নেই। অনেকে বলেন, সৃজনশীলের ক ও খ নম্বর প্রশ্ন নাকি সাধারণ প্রশ্ন হবে। সে হিসাবে সাধারণ প্রশ্নে ৩ গুণন ৪=১২ নম্বরে থাকবে। রসায়ন পুস্তকের অনুশীলনীতে সাধারণ প্রশ্নের নমুনা মোটেই নেই। পদার্থবিজ্ঞানে কয়েকটি অধ্যায়ে এবং জীববিজ্ঞানে কিছু সাধারণ প্রশ্ন রয়েছে। আমার প্রস্তাব হচ্ছে, বহুনির্বাচনী থেকে ১০ নম্বর এবং সৃজনশীল থেকে ১৫ নম্বর কমিয়ে দিয়ে সাধারণ প্রশ্নে ২৫ নম্বর রাখতে হবে, নচেৎ অধ্যায়গুলোতে আগে যেমন সাধারণ প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের পড়তে হতো, বর্তমানে ওই প্রথা বিলুপ্ত হওয়ার কারণে বিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর অজানা থেকে যাবে।
প্রয়োজনে ব্যবহারিকের ২৫ নম্বর থেকে কেটে ১০ নম্বর সাধারণ প্রশ্নের জন্য নেওয়া যেতে পারে। ফলে সাধারণ প্রশ্নে ১০+১৫+১০=৩৫ নম্বর রাখা সম্ভব হবে। এতে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মৌলিক বিষয়গুলো পড়তে আগ্রহী হবে। বিষয়টিতে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মো. রেজাউল হক
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ফুলবাড়ী, দিনাজপুর।