সীতাকুণ্ডে আত্মীয় সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক জবর খবর। সরকারি দলের প্রভাবশালীদের সঙ্গে কুটুম্বিতার কারণে সীতাকুণ্ডের নাশকতাকারীরা পুলিশের হাতে আটক হয়েও ছাড়া পেয়ে যাচ্ছে।
প্রথম আলোর খবর অনুযায়ী, ‘এখানে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রভাবশালী প্রায় সব নেতার ভাইসহ নিকটাত্মীয়রা জামায়াত-শিবির ও বিএনপির ছাত্রদলের নেতা-কর্মী। ফলে নাশকতার অভিযোগে কেউ আটক হলে সরকারি দলের পক্ষ থেকে ছাড়ানোর তদবির শুরু হয়।’
গত কয়েক মাসে সীতাকুণ্ডেই সবচেয়ে বেশি নাশকতার ঘটনা ঘটেছে। দুই সহস্রাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও সহস্রাধিক গাড়ি ভাঙচুরের ঘটনাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। এসব ঘটনায় ৫৪টি মামলা হলেও আসামিদের ধরা যায়নি আত্মীয়তার কারণে; আবার কাউকে ধরা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবিরবাজি শুরু করেন।
আওয়ামী লীগ নেতাদের নিকটাত্মীয়রা কেউ জামায়াত-শিবির বা বিএনপি-ছাত্রদল করতে পারবেন না, এমন কথা মহাভারতে লেখা নেই। কিন্তু তাঁরা যদি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতা চালাতে থাকেন, তাহলে তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন হবে? আইনের শাসনের চেয়ে আত্মীয়তা বড় হলে কখনোই নাশকতা বন্ধ হবে না। সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, তখন সীতাকুণ্ডে আত্মীয়তার জোরে আসামিকে বাঁচানোর চেষ্টা সেই প্রত্যয়ের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়।
আর এ ধরনের ঘটনা কেবল সীতাকুণ্ডে নয়, দেশের অন্যান্য স্থানেও কম-বেশি চলছে। তবে আয়নার অপর পিঠ হলো অনেক সময়ই পুলিশ গয়রহ মামলা করে নিরীহ ব্যক্তিদেরও ফাঁসানোর চেষ্টা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার মাধ্যমে যারা অর্থনীতির পাইপলাইনটি বন্ধ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।
সীতাকুণ্ডের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আত্মীয়তোষণের অভিযোগটি গুরুতর। আত্মীয়তোষণের এই সর্বগ্রাসী ব্যাধি থেকে রাজনীতি ও প্রশাসনকে মুক্ত করতে না পারলে গোটা দেশই যে সীতাকুণ্ডে রূপ নেবে, তাতে সন্দেহ নেই।