পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মুখে ২০১১ সালে তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ার পরও বাংলাদেশ আশা করেছিল, অন্তত সীমান্ত চুক্তিতে তিনি বিরোধিতা করবেন না। কিন্তু সেই আশার মুখে ছাই দিয়ে তাঁর দল তৃণমূল ‘আগে আলোচনা করা হয়নি’ এ খোঁড়া যুক্তিতে রাজ্যসভায় সীমান্ত চুক্তি উত্থাপনের বিরোধিতা করে। এর আগে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি এ চুক্তির বিরোধিতা করলেও এখন অনেকটাই নমনীয়। সীমান্ত চুক্তি অনুমোদন কিংবা তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের আন্তরিক চেষ্টা সত্ত্বেও অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে পড়ে তা মাঝপথে থেমে আছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এটি বড় বাধা বলেই মনে করি।
দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যত দিন কেন্দ্রীয় ইউপিএ সরকারের শরিক ছিল, তত দিন তারা তিস্তা নিয়ে আপত্তি জানালেও সীমান্ত চুক্তির ব্যাপারে উচ্চবাচ্য করেনি। ইউপিএ সরকার থেকে বেরিয়ে এসে এখন তারা কঠোর অবস্থান নিয়েছে, যাদের সঙ্গে সুর মিলিয়েছে আরেক সীমান্তবর্তী রাজ্য আসামের বিরোধী দল অসম গণপরিষদ। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৪ সালে সই হওয়া মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়নই চাইছে, বাড়তি সুবিধা নয়। এ চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগই লাঘব হবে না, সীমান্তবিরোধও রহিত হবে।
দুই দেশের সরকারপ্রধান কিংবা রাজনৈতিক নেতা-নেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক যত সৌহার্দ্যপূর্ণই হোক না কেন, দ্বিপক্ষীয় কূটনীতিতে তা যে সব সময় লক্ষ্য পূরণে সক্ষম হয় না, তা আবারও প্রমাণিত হলো। ঢাকা ও নয়াদিল্লিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিলে সমস্যার সমাধান কঠিন হতো না। মেয়াদের শেষে এসে দুই তরফে মন্ত্রী-আমলাদের দৌড়ঝাঁপ আদৌ সুফল দেবে কি না, সে বিষয়ে সংশয়মুক্ত হওয়া যাচ্ছে না।
বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মাথায় গঙ্গার পানি বণ্টন চুক্তি করতে সক্ষম হয়েছিল; এবার সাড়ে চার বছরেও ভারতের সঙ্গে দুটি প্রধান সমস্যার সমাধান করতে পারেনি। এর পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। তবে এ-ও সত্য যে, গঙ্গার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অগ্রণী ভূমিকা ছিল। প্রতিবেশীর প্রতি ভারতের দুই বাঙালি মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কত পার্থক্য!
কূটনীতিতে দেওয়া-নেওয়ার বিষয়টি হতে হয় পারস্পরিক। ভারতের সব উদ্বেগ কাটানোর পরও উল্লিখিত দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারা দুর্ভাগ্যজনক বলেই মনে করি। সময় খুব বেশি হাতে নেই। অন্তত ইউপিএ সরকারের মেয়াদে রাজ্যসভায় সীমান্ত বিলটি উত্থাপন করা গেলে ভবিষ্যতে অনুমোদনের সম্ভাবনা থাকে। আর সেটি না হলে সেই চুক্তি অনুমোদনের জন্য আমাদের আরও ৩৯ বছর অপেক্ষা করতে হবে কি না, কে জানে?