চৌর্যবিদ্যায় বাঙালি কস্মিনকালেও অপটু ছিল—এ অপবাদ তার বড় শত্রুও দিতে পারবে না। বাঙালির চুরির প্রথাগত পদ্ধতি ছিল সিঁধ কাটা। ৫০-৬০ বছর আগে থানায় যত অপরাধের রেকর্ড হতো, তার প্রায় ৫০ ভাগই ছিল সিঁধেল চুরি। গেরস্থের ঘরের দাওয়ায় বা দেয়ালে যে গর্ত করে চোর ঢুকত, তাকেই বলা হয় সিঁধ।
ছোটবেলায় মাঝে মাঝেই গ্রামে বিভিন্ন বাড়িতে চুরি হওয়ার কথা শুনতাম। গিয়ে দেখতাম ঘরের দাওয়ায় গর্ত। তার ভেতর দিয়ে ঘরে ঢুকে থালাবাসন বা কিছু কাপড়চোপড় নিয়ে চলে গেছে চোর। পাঁচ-দশ সের চালও পোঁটলা বেঁধে নিয়ে যেত। বাংলাদেশ আজ দ্রুত মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে ধাবিত হওয়ায় চোর দেড় দুই ফুট সিঁধ কাটে না। নতুন প্রজন্মের চোর সিঁধের বদলে কাটে সুড়ঙ্গ। সে সুড়ঙ্গ দৈর্ঘ্যে আপাতত ২৫-৩০ ফুট হলেও শিগগিরই যে আধা কিলোমিটার লম্বা হবে না, তার নিশ্চয়তা নেই।
আগে সিঁধেল চুরি হতো মানুষের বাড়িতে, এখন হয় জনগণের ব্যাংকে। আগে ২০-৫০ থেকে কয়েক শ টাকার মালামাল চুরি হতো, এখন সুড়ঙ্গের মাধ্যমে যে চুরি হয় তা ২০-৫০ লাখ থেকে কয়েক কোটি। ব্যাংকের টাকা চুরির জন্য বাংলার মাটিতে প্রথম যে সুড়ঙ্গটি খোঁড়া হয়, দৈর্ঘ্যে তা ছিল ৩০ ফুট। ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে ব্যাংকের যে অর্থ বাইরে চলে আসে, তার পরিমাণ ১৬ কোটি ৩০ লাখ। অকুস্থল কিশোরগঞ্জ। তাং ২৫ জানুয়ারি। ঐতিহাসিক নির্বাচনের ২০ দিন পর।
দ্বিতীয় সুড়ঙ্গটি একটু ছোট। প্রায় ২০ ফুট দীর্ঘ। সুড়ঙ্গ ছোট বলে টাকার পরিমাণও কম। মাত্র ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা। অবশ্য সুড়ঙ্গের ভেতরে পড়ে ছিল আট লাখ ৭১ হাজার ২০০ টাকা। অকুস্থল আদমদীঘি। তাং ৮ মার্চ দিবাগত রাতের মধ্যমায়। দুটি ঘটনাই ঘটে জনগণের ব্যাংক সোনালী ব্যাংকের শাখায়। সিঁধ কাটা চুরিকে বলে সিঁধেল চুরি। সোনালীর এই চুরিকে আমরা বলতে পারি সুড়ঙ্গেল চুরি।
সুড়ঙ্গেল চুরির পরে চোখ ও বুদ্ধি খুলেছে সোনালীর শীর্ষ কর্তাদের। আর কোনো শাখার টাকা সুড়ঙ্গ দিয়ে চলে যাক, তা তাঁরা চান না। তাই প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘সুড়ঙ্গ কেটে টাকা চুরির পর প্রিন্সিপাল শাখা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এ জন্য ঢাকার প্রধান কার্যালয়ে ৬১টি টিম গঠন করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া চুরি ঠেকাতে আগামী ১৫ দিনের মধ্যে নিচতলায় অবস্থিত শাখাগুলোর ভল্টের চারপাশে ১০ ইঞ্চি কংক্রিটের দেয়াল নির্মাণ ও মেঝে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ [সমকাল, ১০ মার্চ]
মণ্ডা-খ্যাত মুক্তাগাছা, চমচমের টাঙ্গাইল, সিল্ক শাড়ির রাজশাহী, সুস্বাদু মাছের সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা পরিদর্শনে যাচ্ছেন টিমের কর্মকর্তারা। কেনাকাটা দোষের কিছু নয়। তা ছাড়া সফরে ব্যয় হবে বিপুল অর্থ। ভল্টের চারপাশে ১০ ইঞ্চি দেয়াল নির্মাণেও ব্যয় হবে প্রচুর। সব শাখায় চিঠি দিয়েই কাজটা করা যেত। তবে এই ৬১ টিমের স্বদেশি সফরেই যে কাজ হবে, তা মনে হয় না। সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, টোকিও, নিউইয়র্ক, বার্লিন ও প্যারিসের ব্যাংকগুলো কী প্রক্রিয়ায় সুড়ঙ্গ-কাটা চুরি ঠেকায়, তা স্বচক্ষে দেখার জন্য শীর্ষ কর্মকর্তাদের কয়েকটি টিম পাঠানোর সিদ্ধান্ত পরিচালনা পরিষদ নেয় কি না, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
রাজনীতিতে সংস্কারের কথা বলে কপাল পুড়েছে অনেক নেতার। ব্যাংকের মেঝে সংস্কারের যে নতুন প্রস্তাব উঠেছে, তা নিয়ে কপাল পোড়ার সম্ভাবনা নেই। বরং কপাল খুলবে অনেকের। বার্লিনের প্রাচীরের মতো কংক্রিটের দেয়াল নির্মাণ ও মেঝে সংস্কারে কত ব্যয় হবে, তা বিধাতা মালুম। অন্যান্য দেশ চীনের প্রাচীরের মতো কংক্রিটের দেয়াল ছাড়াই তাদের টাকাকড়ি হেফাজত করে। ম্যানেজার থেকে প্রহরী পর্যন্ত সঠিক দায়িত্ব পালন করলেই সুড়ঙ্গ কেটেও কেউ একটি টাকাও নিতে পারবে না।
হল-মার্ক, ডেসটিনি প্রভৃতি উপাখ্যানের পরে দক্ষ ও সৎ কর্মকর্তা ও দেশপ্রেমিক নেতাদের সঙ্গে যোগসাজশ করে ব্যাংকঋণ নেওয়ার ঝামেলায় যেতে চাইবে না একশ্রেণীর বঙ্গসন্তান। ঋণ নিলে সুদের তাগাদা সইতে হয়। সুড়ঙ্গের মাধ্যমে টাকা পাওয়া গেলে সুদ-আসল কিছুই পরিশোধের প্রয়োজন নেই।
বাংলাদেশে ব্যাংক-ব্যবসা চলছে ভালো। আইনকানুন কড়া। দ্বিতীয় সুড়ঙ্গের ঘটনার দিনই আর এক খবরে জানা গেল, ‘পুরান ঢাকায় একটি বসতবাড়িকে শিল্পকারখানা হিসেবে উপস্থাপন করে ছয় ব্যাংকের কাছ থেকে ঋণের নামে দুই কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অগ্রণী, সোনালী, পূবালী, ঢাকা, ব্যাংক এশিয়া ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কাছ থেকে ওই ঋণ নিয়েছে ফেরদৌস নামে এক ব্যক্তি। ...এখন ঋণ গ্রহণকারী ফেরদৌস নামে কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই বাড়ির মালিক বলছেন, তিনি ঋণ গ্রহণকারী নন।’ [আমাদের সময়]
শুধু দুটি সুড়ঙ্গ নয়। গত ১৫-২০ বছরে হাজারো সুড়ঙ্গ দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।