সুন্দর ঈদ এবং অসুন্দর হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপচে পড়া যাত্রী নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করছে - ছবি: মনিরুল আলম
উপচে পড়া যাত্রী নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করছে - ছবি: মনিরুল আলম

মুঠোফোনে পেলাম ক্রিকেটার নাসিরের ঈদের শুভেচ্ছা। জবাব দিয়ে জানতে চাইলাম, কই, ঢাকা না রংপুর? তিনি জবাব পাঠালেন, রংপুর। আমার তরুণ কবি-সাহিত্যিক বন্ধুদের ফোন পাচ্ছি। জিজ্ঞেস করি, তুমি কই? উত্তর আসে, ঝিনেদা/ বরিশাল/ চট্টগ্রাম। কী যে ভালো লাগে। বছরের অন্য সময়ে কাজের প্রয়োজনে ঢাকায় বা অন্যত্র থাকতে হয়, কিন্তু ঈদের দিনটা সবাই কাটাতে চায় তাদের উত্সভূমিতে। মায়ের কাছে, বাবার কাছে। ছোটবেলার বন্ধুবান্ধবদের সঙ্গে।

আমার সামনের বাসার নিকটতম প্রতিবেশী ছিলেন একজন বিখ্যাত ফুটবলার। কয়েক বছর আগে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর তিন ছেলে। দু ছেলে এখন থাকে লন্ডনে। ছোট ছেলেকে নিয়ে ভাবি থাকেন এই বাসায়। তিনটা ছেলেই অসম্ভব ভদ্র, আর খুবই মেধাবী। দুই ছেলেকে বিদেশে রেখে ভাবি একা একা ঈদ করবেন? এই যখন ভাবছি, দেখি, তিন ভাই একসঙ্গে বেরুচ্ছে, সঙ্গে তাদের মাকে নিয়েছে। দেখে আমার কী যে ভালো লাগল। ঈদের আগে দুই ছেলে লন্ডন থেকে চলে এসেছে মায়ের কাছে। এই তো ঈদের সৌন্দর্য, আমি বলি। সন্তানেরা চলে আসে মায়ের কাছে।

ঢাকা শহর তাই এখন ফাঁকা। খবরের কাগজে ছাপা হয়েছে ঈদের আগের ট্রেন, বাস, লঞ্চের ছবি। মানুষ আর মানুষ। ট্রেনের ছাদ যেন জনসভার মাঠ। সবাই কত কষ্ট স্বীকার করে যানজট ঠেলেঠুলে ঠিকই পৌঁছেছেন আদিবাড়িতে।

বাড়ি না হয় পৌঁছা গেল। ঈদও করা গেল নির্বিঘ্নে, স্বজনদের মধ্যে, আদিবাড়িতে। সমস্যা হলো, এরা ফিরবেন কী করে।

জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। সেই হরতালও আবার এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মানে হলো, বাসে-ট্রেনে যাঁরা টিকিট করেছেন, তাঁদের আবার সেটা বদলাতে হবে। আজকাল হরতাল খুব কঠোরভাবে আর পালিত হয় না, এমনকি গণজাগরণ মঞ্চ ও জামায়াতে ইসলামী যে একই দিন হরতাল ডেকেছিল, সেদিনও ঢাকার বহু রাস্তার মোড়ে যানজট লেগে গিয়েছিল। কিন্তু দূরপাল্লার বাস কোনো হরতালেই বের হয় না। ফলে ঈদের পরে দুদিনের হরতাল ঘরমুখো মানুষকে সীমাহীন দুঃখকষ্টের মধ্যে ফেলে দিয়েছে।

মানুষের জন্যই রাজনীতি। মানুষকে কষ্ট দিয়ে নিজেদের দলীয় কর্মসূচি পালন কি শেষতক লাভজনক বলে বিবেচিত হবে? হরতাল করা যাবে না, করা উচিত না, এইভাবে শেষ কথা আমি বলব না। কিন্তু হরতাল হওয়া উচিত প্রতিবাদের শেষতম হাতিয়ার। জামায়াতের এই হরতাল আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে, তাতে আইন অমান্য হয় কি না, সেটা আইনজ্ঞরা বলবেন। আমি শুধু বলব, হরতাল আহ্বানের সময়ও এমনভাবে আহ্বান করা যেত, যাতে বোঝা যায় যে মানুষের দুঃখকষ্টে হরতালকারীদের কিছু যায়-আসে। ধরা যাক, তারা ৪৮ ঘণ্টার হরতাল না ডেকে ছয় ঘণ্টা করে দুদিন হরতাল ডাকতে পারত। তাতে তাদের প্রতিবাদও জানানো হতো, আবার মানুষের কষ্ট অনেকটাই কম হতো।

এমনিতেই বাংলাদেশে প্রয়োজনীয় রাস্তাঘাট নেই। এত ছোট দেশে এত মানুষ। তার ওপর ঈদে যত মানুষ যাতায়াত করে অতি অল্প সময়ে, তা ধারণ করার মতো রাস্তাঘাট, যানবাহন আমাদের নেই। কাজেই যানজট অনিবার্য। তার ওপরে যদি দুটো দিন রাস্তাঘাট, যানবাহন বন্ধ থাকে, অন্য দিবসগুলোর ওপরে চাপ পড়বে ভয়াবহ। মানুষকে কষ্ট দিয়ে কী লাভ?

মানুষকে কি কষ্ট না দিলে হয় না? পারলে মানুষের পথের কাঁটা দূর করুন। পারলে একজন মানুষকে একটুখানি স্বস্তি দিন, সাহায্য করুন, তার কপালের ঘাম মুছে দিন। মানুষকে কষ্ট দেবেন না।

এসব কথা বলে অবশ্য কোনো লাভ নেই। কেউ আমাদের কোনো কথাই শোনে না। হুমায়ূন আহমেদ স্যার একটা গল্প শুনিয়েছিলেন। এক পাগল রেলস্টেশনে দাঁড়িয়ে রেলগাড়িগুলোকে উপদেশ দিত, বাবারা লাইনে থাকিস। খুব ভালো উপদেশ। কিন্তু রেলগাড়ি কি তার উপদেশ শোনে? আরেক পাগল রাজপথের মাঝখানে দাঁড়িয়ে বাস ট্রাক গাড়ি রিকশাকে বলত, ডাইনে ডাইনে, বাঁয়ে বাঁয়ে। যানবাহনগুলো তাকে এড়িয়ে চলত। কিন্তু একদিন সে ট্রেনলাইনে দাঁড়িয়ে বলতে লাগল, বাঁয়ে ডাইনে। রেলগাড়ি এল। তার কথা শুনল না। বামে-ডানে সরল না। পাগলটা মারাই গেল।

আমরা উপদেশ দিতে পারি। কারণ আমরা মূলত পাগল। রাজনৈতিক দলগুলো আমাদের কথা শুনবে না। আমাদের মাড়িয়ে পিষে চলে যাবে। হায় আমাদের রাজনীতি!