আবদুল্লাহ হারুণ চৌধুরী, আসাদ উল্লাহ খান, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, মোশাহিদা সুলতানা, মওদুদ রহমান, গীতি আরা নাসরীন, বীণা-ডি-কস্টা, জোবাইদা নাসরিন, সাদাফ-এ-নূর, নাসিম আখতার হোসাইন, ওমর তারেক চৌধুরী, মাহমুদুল সুমন, মো. নাসের, আকমল হুসেইন, সামিনা লুৎফা ও মাহা মির্জা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে জোর দেওয়া হচ্ছে বনায়ন, বন সংরক্ষণ ও উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী নির্মাণের ওপর। নিম্নভূমি হিসেবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনঘটিত বিপদের ঝুঁকি যে সবচেয়ে বেশি, তা কারোরই অজানা নয়। তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে গঠনমূলক পরিকল্পনা ও বিবৃতি উপস্থাপিত হয়। কিন্তু কাজের বেলায় ঘটনা হচ্ছে বিপরীত। সুন্দরবনকে হুমকিতে ফেলে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা এ রকম বৈপরীত্যের চরম একটি উদাহরণ।
সুন্দরবন থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে নির্মিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। হিসাবের মারপ্যাঁচে এটিকে সুন্দরবন থেকে ‘নিরাপদ’ দূরত্বে দেখানো হচ্ছে। আর এ কেন্দ্র চালাতে প্রতিদিনের প্রয়োজনীয় ১৩ হাজার টন কয়লা পরিবহনের নৌরুট ঠিক করা হয়েছে পশুর নদে, যা সুন্দরবনের গভীরতম অংশের ভেতর দিয়েই বহমান। বিশাল সব জাহাজ চলাচলের শব্দ, সেখান থেকে ছড়িয়ে পড়া কয়লার ভাঙা টুকরা, বর্জ্য আর সার্চলাইটের তীব্র আলোয় শুরু হবে সুন্দরবনের দূষণ। এই দূষণের প্রথম শিকার হবে সুন্দরবনের পানিপ্রবাহের অন্যতম উৎস পশুর নদ। অথচ পশুর নদ ও এর চারদিকের জলাধারগুলোই সুন্দরবনের প্রাণভোমরা। বাস্তবিক অর্থে সুন্দরবনকে তার সামগ্রিক প্রতিবেশব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। রামপাল সুন্দরবন থেকে কত দূরে, সে প্রশ্ন তাই অবান্তর।
পশুর নদ এবং এর সংলগ্ন মেদারা ও চিংকুরা নদীর মোহনায় ইলিশ, পারশে, ভেটকিসহ যে শতাধিক প্রজাতির মাছ পাওয়া যায়, এগুলোর সবই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এতে এই অঞ্চলের দরিদ্র মৎস্যজীবীদেরও জীবিকার সংকট দেখা দেবে।। অনন্য ইরাবতী ডলফিনের নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা ছাড়াও সুন্দরবনের জীবননালি এসব নদীর চরমতম দূষণের মাধ্যমে বনটি ধ্বংস হয়ে যাবে।
এই প্রকল্প বাণিজ্যিক দিক থেকেও খুব সফল হবে না। প্রকল্পের জন্য বিদেশ থেকে আমদানি করা কয়লার প্রাপ্যতা, দাম ও পরিবহন খরচের বিবেচনায় উৎপাদিত বিদ্যুৎ হবে অত্যন্ত ব্যয়বহুল। এ প্রকল্পে ভারতের কোম্পানি এনটিপিসি অংশীদারি পাচ্ছে। কিন্তু পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয়ের বোঝা টানবে মূলত বাংলাদেশ। আশ্চর্যের বিষয়, ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত গাইডলাইন, আগস্ট ২০১০’ অনুসারে কোনো সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্যসম্পন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের ২৫ কিলোমিটারের মধ্যে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই বলে সুন্দরবনের মতো একটি বিশ্বসম্পদ সংরক্ষণের দায় যে ভারতেরও, তা এই ভারতীয় কোম্পানি উপেক্ষা করছে। আর ‘সুপার ক্রিটিক্যাল’ প্রযুক্তি দিয়ে যদি দূষণ কমানোই যায়, তাহলে ভারত তার বনসীমার ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ আইনিভাবে নিষিদ্ধ করে রেখেছে কেন?
অন্যদিকে, রামপাল প্রকল্পের কাজ নিয়মবহির্ভূতভাবে পরিবেশগত সমীক্ষা দলিল (ইআইএ) প্রকাশের আগেই শুরু করা হয়েছে। কাজ শুরুর প্রায় দুই বছর পর যে ইআইএ প্রকাশ করা হয়েছে, তাতে ‘যদি-তবে’, ‘হয়তো বা হবে’, ‘আশা করা যায়’—এ জাতীয় বায়বীয় কথাবার্তার মাধ্যমে সুন্দরবন সুরক্ষার দিকটি উপেক্ষা করা হয়েছে। এর ওপর অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত বিশেষজ্ঞ-সচেতন মহলের সবাই একযোগে ইআইএ বাতিলের দাবি জানালেও অতিসম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।
কেউ কেউ বলেন, এই প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এতে সুন্দরবনের ওপর চাপ কমবে এবং এটি বেদখলের হাত থেকে বাঁচবে। তবে এ চিন্তার বিপরীতে দুটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা খুব জরুরি। প্রথমটি হলো, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত একই রকম যুক্তিতে সুন্দরবনকে রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নামে বননির্ভর দরিদ্র মানুষের জন্য বৈদেশিক সাহায্যপুষ্ট আইপ্যাক (২০১০-২০১৩), সুন্দরবনের পরিবেশগত নিরাপত্তা ও কর্মসংস্থানসংক্রান্ত (২০১০-২০১৪) প্রকল্পসহ কমপক্ষে ১০টি প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। তাহলে সুন্দরবন রক্ষায় এবং কর্মসংস্থান সৃষ্টিতে সেগুলোর কার্যকারিতা কী? এগুলোর অস্তিত্ব থাকা সত্ত্বেও দরিদ্র মানুষের জীবিকার ব্যবস্থার জন্য বিদ্যুৎ প্রকল্পটি রামপালে সুন্দরবনের এত কাছে স্থাপন করা জরুরি হয়ে পড়ল কেন? দ্বিতীয়টি হলো, সুন্দরবনের অবৈধ দখল নেওয়ার ক্ষমতা কি কখনো বননির্ভর দরিদ্র জনগোষ্ঠীর ছিল? বনের জমি বেদখল হয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতাপশালী ব্যক্তিদের দ্বারা, রাষ্ট্রের প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রশাসনিক ছত্রচ্ছায়ায়। সুন্দরবন কিংবা অন্য যেকোনো বনাঞ্চল দখল করা এসব দরিদ্র মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
এই তাপবিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের বলা হচ্ছে উন্নয়নবিরোধী। তাঁরা নাকি বিকল্প জ্বালানির উৎসের সন্ধান না দিয়ে পরিবেশকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু বাস্তবিক অর্থে পরিবেশ, প্রকৃতি ও উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। যে উন্নয়ন পরিবেশকে উপেক্ষা করে, তার শিকড় হয়ে পড়ে দুর্বল ও ব্যাধিগ্রস্ত। সেই উন্নয়ন কখনো টেকসই হয় না, তার পতন অনিবার্য।
রামপাল প্রকল্প নিয়ে আলোচনায় সরকারিভাবে মধ্যম পন্থা অনুসরণের কথা বলা হয়েছে। এখানে স্পষ্ট করা প্রয়োজন, দেশের অন্য কোনো জায়গায় তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে দূষণের মাত্রা কমিয়ে কীভাবে তা জন-পরিবেশবান্ধব করা যায় আর সে ব্যাপারে মধ্যম পন্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু সুন্দরবনের গুরুত্ব বিবেচনায় এ ব্যাপারে সর্বাবস্থায় সুন্দরবনকে রাহুমুক্ত, হস্তক্ষেপমুক্ত রাখার কোনো বিকল্প নেই।
আসলে বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, বিকল্প বহু জায়গাও আছে। কিন্তু আমাদের সুন্দরবন একটাই। তাই আমরা আশা করি, ভারত ও বাংলাদেশ সরকার এই সুন্দরবন সুরক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। রামপাল প্রকল্প অবিলম্বে বন্ধ করে বাঁচিয়ে রাখবে সুন্দরবন। সুন্দরবন বাঁচলেবাংলাদেশে বাঁচবে।
লেখকেরা দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, গবেষক ও উন্নয়নকর্মী।