স্থানীয় সরকারব্যবস্থার প্রতি রাজনীতিবিদদের অনীহা ও অনাস্থা যে কতটা তীব্র, তারই একটি প্রতিফলন ঘটল টিআইবির প্রতিবেদনে। সংস্থাটি বলেছে, সাংসদদের নিয়ন্ত্রণের কারণে স্থানীয় সরকার অকার্যকর রয়েছে। কিন্তু এর সঙ্গে আরও যা বলা হয়নি তা হচ্ছে, বাংলাদেশে সত্যিকার অর্থে ওয়েস্টমিনস্টার মডেলের সংসদীয় ধাঁচের সরকারব্যবস্থা চালু নেই; বরং এই ব্যবস্থার নামে যা চালু রয়েছে, তাতে শুধু জেলা পরিষদ নয়, স্থানীয় কিংবা কেন্দ্রীয় সরকারের কোনোটির ওপরই আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকর নিয়ন্ত্রণ নেই।
সংসদীয় রীতি এটাই যে, সংসদ কিংবা দলীয় সরকার পরিচালনায় সাধারণত দলীয় শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দলে অভ্যন্তরীণ গণতন্ত্র ভাঙাচোরা অবস্থায় আছে। প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বে আসতে পারেন না। বছরের পর বছর ধরে দলের বিভিন্ন কমিটি জনপ্রতিনিধিত্বশীল চরিত্র খুইয়ে বসে আছে। এর ফলে নির্বাচন না করে জেলা পরিষদগুলোতে প্রশাসক হিসেবে দলের যে লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তা-ও কোনো বিবেচনাতেই জনপ্রতিনিধিত্বশীল নয়।
নির্বাচন কমিশনের এ ব্যাপারে কোনো শিরঃপীড়া নেই। তারা তাদের ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের’ সংজ্ঞার মধ্যে কখনো এ ধরনের প্রাসঙ্গিক আলোচনাকে ঢুকতেই দেয় না। যখনই স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানের কার্যকারিতা যাচাই করার প্রশ্ন আসে, তখন কান টানলে মাথা আসার মতো মূল সরকারের জনপ্রতিনিধিত্ব চরিত্র বিশ্লেষণও যুক্তিসংগত হয়ে পড়ে। আর তাতে ধরা পড়ে যে, মূল সরকারের ওপর মূল সংসদের তেমন কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। নির্বাহী বিভাগের সহযোগী হিসেবেই তাদের ভূমিকা বেশি চোখে পড়ে। অথচ সংসদীয় গণতন্ত্রে সংসদ ও স্থানীয় সরকারব্যবস্থা—উভয়ের কাজ হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সে-সংক্রান্ত রাজনৈতিক সংস্কৃতিকে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া। বাংলাদেশের ব্যক্তিনির্ভর দলীয় ব্যবস্থায় জনগণের সরাসরি ভোটে যদিও-বা সাংসদ নির্বাচিত হন, কিন্তু তাঁরা সরকারকে নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রাখতে পারেন না। বাংলাদেশের এই সংবিধান ও শাসনগত মৌলিক দুর্বলতা সাধারণত বিদেশি সহায়তানির্ভর সংস্থাগুলো আলোচনা করতে কিংবা যথেষ্ট জোর দিতে অপারগ থাকে বলেই প্রতীয়মান হয়। আসল কথা হচ্ছে, জেলা পরিষদ বলেই নয়, কোনো ধরনের স্থানীয় সরকারব্যবস্থা, যা বিকেন্দ্রীকরণকে শক্তি জোগাবে, তা বিদ্যমান কাঠামোতে লালন করা সম্ভব নয়। দুই মুখ্য দল এ বিষয়ে দুর্ভাগ্যজনকভাবে একমত।
বাংলাদেশের নীতিনির্ধারকদের এই বিষয়ে আগে মনোযোগ দিতে হবে। মূল সংসদের সঙ্গে সরকারের এবং ক্ষমতাসীন দলের সম্পর্ক এবং তার জবাবদিহি আলোচনা বা বিবেচনায় না এনে বিচ্ছিন্নভাবে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার চিন্তা করা সম্ভবত অর্থহীন থেকে যাবে। সাংসদেরা ক্ষমতাসীন দলপ্রধানের নিরঙ্কুশ অবস্থান ও ক্ষমতাকে সংহত করতে ‘কোনো প্রশাসনিক একাংশ’কে কার্যকর হতে দেবেন না। তবে আমরা আশা করব, সুপ্রিম কোর্টের ১৯৯২-এর রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলা পরিষদে অবিলম্বে নির্বাচন দেওয়া হবে।