দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে আমরা সুস্থভাবে বাঁচার আকুতি জানাই৷
ডানে-বাঁয়ে, সামনে-পেছনে শুধুই ভয় আর ভয়। দেশের তিনটি জেলাকে এখন ভয়ংকর জেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হয়তোবা সামনে দেখা যাবে সংখ্যা আরও বেড়েছে৷ নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর জেলা মৃত্যুপুরী হিসেবে পরিচিতি লাভ করেছে। কয়েক দিন আগে নূর হোসেনের নাম যেমন মুখে মুখে উচ্চারিত হচ্ছিল, এখনো হচ্ছে; পাশাপাশি জয়নাল হাজারী ও নিজাম হাজারীর নামও শোনা যাচ্ছে। সেভেন কিলার নূর হোসেনের ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বছর মিল্কিকে হত্যা করা হয় গুলি করে, যা ভিডিও ফুটেজে আমরা দেখেছি। ফেনীতে একরামুলকে মারা হয়েছে তাও গুলি করে এবং পরে পুড়িয়ে, যা ভিডিও ফুটেজে দেখা গেল। বিশ্বজিৎ হত্যার ভিডিও ধারণের দৃশ্য এখনো মানুষের অন্তরকে কাঁপিয়ে তোলে। এত পরিকল্পিত হত্যা এর আগে বোধ হয় কেউ দেখেনি। মনে হচ্ছে রাজনৈতিক বা দলের একটি ভালো পদ পেতে হলে কয়েকটি খুনেরও ভালো রেকর্ড থাকা প্রয়োজন। যেমন বিশ্বজিৎকে হত্যার পেছনে কারণই ছিল দলে ভালো অবস্থান পাওয়া। খুনের কোনো শাস্তি হয় না, অতএব গোপনে মারলেই কী আর প্রকাশ্যে মারলেই বা কী। অপরাধের শাস্তি না হলে এ অবস্থা চলতেই থাকবে।
মো. কামরুজ্জামান , নাটোর।